০১:১৩ পি.এম
গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে সাংবাদিকদের উল্লেখযোগ্য ভূমিকা আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেছেন, ‘গণতন্ত্রের আসল সৌন্দর্য হলো ভিন্ন ভিন্ন মত ও পথের মেলবন্ধন। অপরের মতামতের প্রতি সহনশীল আচরণ করতে না পারলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।’
শনিবার (২০ জুন) সকালে যশোরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার’ বিষয়ক তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের আইন, নির্বাহী ও বিচার বিভাগের পর আরেকটি অপ্রকাশ্য স্তম্ভের ওপর রাষ্ট্র দাঁড়িয়ে আছে, আর সেটি হলো গণমাধ্যম। কিন্তু ফ্যাসিবাদ জামানায় গণমাধ্যমকর্মীদের অনেক মিথ্যা সংবাদ লিখতে বাধ্য করা হয়েছিল।’
বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার এমন কিছুই চায় না। সরকার বা দলীয় কাউকে খুশি করার জন্য মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই। সঠিক তথ্য দিয়ে সত্য সংবাদ পরিবেশন করুন। তাহলে সেটিই সবার জন্য কল্যাণকর হবে।’
যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তুনু ইসলাম সুমিত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় দুটি ব্যাচে যশোর জেলা ও বিভিন্ন উপজেলার মোট ৭০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করছেন।
আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন