ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন


মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন মন্তব্য করেছেন যে, মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে।

তিনি উল্লেখ করেন, ‘ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে গোটা বাংলাদেশ মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।’

মাহদী আমিন আরও বলেন, ‘আমরা চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথচলা সবাই কাঁধে-কাঁধ মিলিয়ে বাস্তবায়ন করব।’

আরও পড়ুন: যশোরের সাবেক এমপি আজিজুল ইসলামকে ঢাকায় গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন জানান, বৈঠকে দেশের মানুষের স্বার্থ ও জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। তিনি সতর্ক করেছেন যে, পলাতক স্বৈরাচারের অপশক্তি দেশের বাইরে অবস্থান করেও যাতে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে এবং ‘পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। আজকের মতবিনিময়ের মাধ্যমে সেই ঐক্যের বার্তা সবার কাছে পৌঁছে দিতে চায় সরকার।’

২৪ এর গণঅভ্যূত্থানের সময়কার স্মৃতিচারণ করতে গিয়ে মাহদী আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ ও মত-পথের মানুষ একত্রিত হয়েছিল। তারা এমন একটি বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা পোষণ করেছিল, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা নিশ্চিত হবে এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে। আজকের বৈঠকে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে।

আরও পড়ুন: বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২

মাহদী আমিন মন্তব্য করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম। আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা, মানবাধিকার ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। তিনি বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতিফলন ঘটিয়ে দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও গণমানুষের অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

তিনি উল্লেখ করেন, আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টি জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়, এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকা প্রয়োজন।

এনসিপির সঙ্গে নতুন করে ঐক্য গঠনের কোনো বিষয় রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই দেশে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। তখন কেউ কার রাজনৈতিক আদর্শ কী, তা বিবেচনা করেনি। দেশে-বিদেশে সব শ্রেণি-পেশার মানুষ একটি স্বাধীন, সার্বভৌম ও তাঁবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল।

তিনি রাষ্ট্রের মালিক একমাত্র জনগণ উল্লেখ করে বলেন, রাষ্ট্রের সব ক্ষমতার মালিক জনগণ-এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতন্ত্রকামী মানুষের মধ্যে ইতোমধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সরকার সেই ঐক্যকে আরও সুসংহত করতে চায়।

আরও পড়ুন: মোল্লাহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও বলেছেন, বিএনপি নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে যে অঙ্গীকার করেছে, তা নোট অব ডিসেন্টসহ শতভাগ বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি হবে না।

তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ডসংখ্যক প্রায় শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে।

এর আগে দুপুর ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়। ৪০ মিনিটের বৈঠকটি শেষ হয় দুপুর ২ টায়।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

আরও পড়ুন: জুলাইযোদ্ধা হত্যায় এমপি বাবরের কঠোর বার্তা: অপরাধী যেই হোক, ছাড় নেই

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী এনসিপি নেতাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সাদিক কায়েম ও মুসাদ্দিকের পর এবার আব্দুল্লাহ আল মিনহাজের বাড়িতে আগুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনের আগে ধনীদের ওপর নতুন কর আরোপের অঙ্গীকার স্পেনীয় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


নির্বাচনের আগে ধনীদের ওপর নতুন কর আরোপের অঙ্গীকার স্পেনীয় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : সাধারণ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবার ১০ কোটি ইউরোর বেশি সম্পদের ওপর নতুন কর আরোপের প্রস্তাব করেছেন। তিনি উল্লেখ করেন, এই করের মাধ্যমে শিশু যত্ন, আবাসন এবং জনসেবা খাতে অর্থায়নে সহায়তা করা হবে।

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, রোববারের আগাম নির্বাচনের প্রেক্ষাপটে সানচেজের সোশ্যালিস্ট পার্টি রক্ষণশীল পপুলার পার্টির (পিপি) থেকে নিজেদের পার্থক্য স্পষ্ট করার চেষ্টা করছে। সানচেজের বক্তব্য, পিপি কেবল ধনীদের জন্য কর কমাতে আগ্রহী।

জরিপগুলোতে দেখা যাচ্ছে, পিপি নির্বাচনে সর্বাধিক আসন লাভের সম্ভাবনা রয়েছে, তবে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তারা ব্যর্থ হতে পারে। এর ফলে চরম ডানপন্থী ‘ভোক্স’ (ভিওএক্স) পার্টি স্পেনের সরকার গঠনের ক্ষেত্রে মূল নিয়ামক হিসেবে আবির্ভূত হতে পারে।

২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘যদিও আমরা আয়ের বৈষম্য ঐতিহাসিক নিম্নে নামিয়ে এনেছি, তবুও সবচেয়ে ধনী ০.১ শতাংশ মানুষ মোট সম্পদের ১০ শতাংশেরও বেশি দখল করে আছে। এবং ২০১০ সাল থেকে তাদের এই অংশটি ক্রমেই বেড়ে চলেছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমরা ১০ কোটি ইউরোর বেশি সম্পদের ওপর কর আরোপের প্রস্তাব করছি, যাতে উদাহরণস্বরূপ- শিশু লালন-পালন ভাতা, আবাসন এবং উন্নত জনসেবায় অর্থায়ন করা যায়। কোটি কোটি টাকা যেন সাধারণ মানুষের অধিকারে পরিণত হতে পারে।’

সাম্প্রতিক সময়ে ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং অন্যান্য দেশের বামপন্থী রাজনীতিবিদরা বৈষম্যের বিরুদ্ধে মানুষের ক্ষোভ নিরসন এবং নিজেদের ভোটারদের একতাবদ্ধ করতে ধনীদের সম্পদের ওপর বিভিন্ন করের পক্ষে সওয়াল করেছেন।

ব্যবসায়ী গোষ্ঠীগুলো সাধারণ এ জাতীয় করের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে যে, এগুলো চাকরি ও কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তাদের দেশ ছাড়তে বাধ্য করতে পারে।

স্পেনে ইতোমধ্যে ২০২২ সালে প্রবর্তিত বড় সম্পদের ওপর একটি ‘সংহতি কর’ চালু রয়েছে, যা ৩০ লাখ ইউরোর বেশি নিট সম্পদের ওপর প্রযোজ্য।

আঞ্চলিক সম্পদ করের পরিপূরক হিসেবে এবং ধনী ব্যক্তিরা যেখানেই বসবাস করুক না কেন তারা যেন জাতীয় তহবিলে অবদান নিশ্চিত করেন, সেই লক্ষ্যে এই শুল্কটি চালু করা হয়েছিল।

অন্যদিকে, পিপি (পপুলার পার্টি) মধ্য ও নিম্ন আয়ের মানুষ এবং তরুণ কর্মীদের জন্য কর ছাড়ের পাশাপাশি প্রযুক্তি ও ডিজিটালাইজেশনে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কর প্রণোদনার প্রতিশ্রুতি দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ছয় দফা দাবি উত্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ছয় দফা দাবি উত্থাপন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও বিচারপ্রক্রিয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে এনসিপির পক্ষ থেকে ছয় দফা দাবি উপস্থাপন করা হয়েছে। এনসিপির দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে রাজনৈতিক ঐক্য, জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার ও বিচারপ্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।

এনসিপির পক্ষ থেকে উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো—

১. সংবিধান সংশোধন কমিটি বাতিল: একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। একই সঙ্গে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

২. আওয়ামী লীগ ও জুলাই গণহত্যার বিচার: ফ্যাসিবাদী সংগঠন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া দ্রুত করতে ট্রাইব্যুনালের সক্ষমতা ও কার্যক্রম বাড়াতে হবে। জেলা পর্যায়ে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও অভিযোগপত্র দ্রুত সম্পন্ন করে জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

৩. শেখ হাসিনার রায় কার্যকর: শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় দ্রুত কার্যকর করতে হবে। পাশাপাশি ভারতে অবস্থানরত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। ওসমান হাদির হত্যাকারীদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

৪. গঙ্গা চুক্তি নবায়ন: গঙ্গার পানিবণ্টন চুক্তি নতুন করে নবায়নের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে।

৫. জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য ও আহতদের পুনর্বাসন: জুলাই গণহত্যায় শহীদদের পরিবার এবং আহত ব্যক্তিদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

৬. আওয়ামী লীগকে পুনর্বাসনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: সরকারের একটি অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে এনসিপি। এ কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ৫ আগস্টেই পরাজিত করা হয়েছে। দেশের বর্তমান লড়াই এখন আর আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত আওয়ামী লীগ ও তাদের দেশীয় সহযোগীদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে এবং দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, বিষয়টি এখন আর শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি বা এনসিপির মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি ভূরাজনৈতিক বাস্তবতায় পৌঁছেছে। আওয়ামী লীগকে ৫ আগস্টই পরাজিত করা হয়েছে। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আলোচনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাস ও অগ্নিসংযোগ এবং রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট অবস্থান তুলে না ধরার কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে।

জাতীয় ঐক্যের শর্ত তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, যেকোনো ঐক্যপ্রক্রিয়ায় সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রধান এজেন্ডা হিসেবে রাখতে হবে। শুধু রাজনৈতিক ঐক্যের কথা বললেই হবে না, এসব বিষয়ে সুনির্দিষ্ট অবস্থান ও কার্যকর পদক্ষেপ থাকতে হবে।

এ সময় সীমান্তের ওপারে বিজেপির বাংলাদেশবিরোধী সমাবেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নামে ভারতের ভুল তথ্য প্রচারেরও সমালোচনা করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নামে ভারত থেকে অপপ্রচার চালানো হচ্ছে। অথচ ভারতে সংখ্যালঘু মুসলিম ও দলিতদের ওপরই সবচেয়ে বেশি নির্যাতন চলছে বলে দাবি করেন তিনি। দেশের সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, সুফি ও বিভিন্ন সামাজিক শক্তিকে সঙ্গে নিয়ে ভারতের এই অপপ্রচারের জবাব দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি অভিন্ন জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়ন করা প্রয়োজন। পাশাপাশি শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে পরিকল্পনা না করে দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করতে হবে।

বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির শীর্ষ নেতারা অংশ নেন। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, ফ্যাসিবাদবিরোধী ঐক্য এবং জুলাই সনদ বাস্তবায়নের পথনকশা নিয়েই মূলত আলোচনা হয়।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা দিল ভারত, সই হলো ৮ চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা দিল ভারত, সই হলো ৮ চুক্তি

ভারত ২৪ হাজার কোটি রুপির একটি অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে, যা নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন এবং দেশের উন্নয়ন কার্যক্রমে সহায়তা করবে। এই ঘোষণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর দেন।

এছাড়া, ভারত ও নেপালের মধ্যে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য, নগর উন্নয়ন এবং ঐতিহ্যবাহী চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মোদি নেপালের ৩৫ বছর বয়সী প্রধানমন্ত্রী শাহের উন্নয়ন পরিকল্পনা এবং নেতৃত্বের প্রশংসা করেন।

মোদি বৈঠকে বলেন, "নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম দ্বিপক্ষীয় সফরে তাকে ভারতে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত।" তিনি উল্লেখ করেন, কয়েক মাস আগে জাতিসংঘে শাহের বক্তব্যে তার দূরদর্শিতার পরিচয় পাওয়া গিয়েছিল। গত কয়েক ঘণ্টার আলোচনার সময় শাহের সুস্পষ্ট চিন্তাভাবনা এবং দেশের উন্নয়নে তার অঙ্গীকারের বিষয়টি তিনি উপলব্ধি করেছেন।

মোদি বলেন, "এ বছর নেপালের জনগণ শাহকে যে ঐতিহাসিক জনসমর্থন দিয়েছেন, তা দেশটির নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। ভারত ও নেপাল শুধু প্রতিবেশী দেশ নয়, বরং দুই দেশ গভীর আস্থা, বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ।"

তিনি আরো বলেন, "ভারত ও নেপালের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও চ্যালেঞ্জ অনেকটা একই রকম। কঠিন সময়ে দুই দেশ একে অপরের পাশে দাঁড়ায়।" মোদি নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, "নেপালের পুনর্গঠন ও উন্নয়নে সহায়তা করতে ভারত ২৪ হাজার কোটি নেপালি রুপির একটি উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে।"

মোদি জানান, এই অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ, বিভিন্ন জনপদ পুনর্গঠন এবং বন্যায় ঘরবাড়ি ও জীবিকা হারানো মানুষের পাশে দাঁড়ানো হবে। গত ২৬ আগস্টের আকস্মিক বন্যায় নেপালে ১ হাজার ৫০০ জনের মৃত্যু হয় এবং ৫ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ হন।

ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, দীর্ঘদিন ধরে ভারত নেপালে পেট্রোলিয়াম পণ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে কাজ করছে। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির ধারাবাহিকতায় এ বছর জ্বালানি সরবরাহ নিয়ে গুরুতর সংকট থাকা সত্ত্বেও নেপালে জ্বালানি, সার ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখা হয়েছে।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তার দুই দিনের ভারত সফরে উষ্ণ আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান এবং তাকে নেপাল সফরের আমন্ত্রণ জানান। শাহ বলেন, "ভারত ও নেপালের সম্পর্ক হিমালয়ের মতোই দৃঢ় এবং মহাসাগরের মতোই বিস্তৃত।" তিনি প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটের সময় ভারতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরো জোরদার করার ওপর গুরুত্ব দেন।

ভারত ও নেপালের মধ্যে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য, নগর উন্নয়ন এবং ঐতিহ্যবাহী চিকিৎসাব্যবস্থা নিয়ে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুই দেশের নেতারা কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও জ্বালানি প্রকল্প উদ্বোধন এবং নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নেপাল ও ভারতের মধ্যে উন্মুক্ত সীমান্ত থাকায় দুই দেশের নাগরিকেরা পাসপোর্ট বা ভিসা ছাড়াই যাতায়াত করতে পারেন। ঐতিহাসিকভাবে নেপালে ভারতের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তবে আঞ্চলিক বিরোধ ও নেপালের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে মাঝে মাঝে টানাপোড়েন দেখা দিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে নেপালে চীনের প্রভাব বেড়েছে। দেশটি নেপালের বিমানবন্দর, মহাসড়ক ও জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করছে। তবে চীনের প্রভাব বাড়লেও জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য নেপাল এখনও ভারতের ওপর অনেকটাই নির্ভরশীল। দুই দেশের জ্বালানি সহযোগিতাও বাড়ছে। বর্তমানে ভারত নেপাল থেকে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আসছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আসছে

শিক্ষার্থী ভর্তির সময় অতিরিক্ত ফি আদায় বন্ধে দেশের স্কুলগুলোকে নির্দেশনা দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আগামী শিক্ষাবর্ষে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার (২৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তির সময় অতিরিক্ত ফি আদায় করে থাকে। সভা থেকে এ ধরনের ফি আদায় বন্ধে কঠোর নির্দেশনা জারি করা হতে পারে। পুনঃভর্তি ফি নেওয়া বন্ধ করা যায় কি না, সে বিষয়েও আলোচনা হতে পারে।

মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, বেলা ১২টায় সভা শুরু হওয়ার কথা রয়েছে। সভা শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো যাবে।

এদিকে, ২০২৭ শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নির্দেশিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশিকার অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

রবিবার (২২ নভেম্বর) মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি সকল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে। এর আগে গত ১৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগরীসহ সারা দেশের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এবং সংযুক্ত প্রাথমিক স্তরে ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। এ আবেদনপ্রক্রিয়া ১ ডিসেম্বর শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%