ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ হাইকোর্টের রায়


রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ হাইকোর্টের রায়

আজ মঙ্গলবার বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে। মামলার নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি মাত্র এক দিনে সম্পন্ন হয়েছে। শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেন।

শুনানি শুরু হয় সকাল ১০টা ৪০ মিনিটে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। আসামি পক্ষের শুনানি পরিচালনা করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

রাষ্ট্রপক্ষ নিম্ন আদালতের মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করেছে। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিবেচনায় রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি আদালতে উপস্থাপন করেছে। তারা আশা করছেন, এ মামলায় ন্যায়বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

আরও পড়ুন: ৭ নভেম্বর: সংবাদপত্রে ঐতিহাসিক উজ্জ্বলতার দিন

তিনি আরও জানান, সোহেল রানা ও স্বপ্না খাতুন কারাগার থেকে আপিল করেছেন। তাদের আইনি অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২৮ ধারা অনুযায়ী, দণ্ডিত ব্যক্তির ৬০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। সেই সুযোগ নিশ্চিত করতেই রাষ্ট্রপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে আপিল শুনানির উদ্যোগ নেয়নি। এতে কোনো বিলম্ব হয়নি বলেও তিনি জানান।

অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের যুক্তি তুলে ধরে বলেন, সোহেল রানা ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে নিজের দায় স্বীকার করেছেন। মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্যও ঘটনার বিবরণ সমর্থন করেছে। সোহেল পালিয়ে যাওয়ার সময় তাকে দেখেছেন এমন একজন সাক্ষীও আদালতে তাকে শনাক্ত করেছেন। স্বপ্না আক্তারের ভূমিকা নিয়েও আদালতে যুক্তি উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।

তিনি আরও বলেন, রাষ্ট্রপক্ষের লক্ষ্য হচ্ছে প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করা, সেইসাথে নিরপরাধ ব্যক্তির দণ্ডিত না হওয়ার বিষয়টিও নিশ্চিত করা। আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। এখন আদালত সাক্ষ্য-প্রমাণ, প্রচলিত আইন ও নজির বিবেচনায় সিদ্ধান্ত নেবেন।

অ্যাটর্নি জেনারেল আশা প্রকাশ করেন, রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি বহাল থাকবে। তিনি মনে করেন, এ ধরনের অপরাধের দ্রুত বিচার ও রায় কার্যকরের মাধ্যমে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি করা জরুরি। তবে অপরাধ প্রতিরোধে আইনি ব্যবস্থার পাশাপাশি পারিবারিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সচেতনতা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: সৌদি-হুথি সংঘাতে নবীজির ইয়েমেন নিয়ে দোয়া আলোচনায়

তিনি জানান, প্রধান বিচারপতির উদ্যোগে হাইকোর্টে মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। এ ধরনের ৩৫টি মামলা দ্রুত নিষ্পত্তি হয়েছে। বিশেষ বেঞ্চের কার্যক্রম অব্যাহত রাখা হবে কি না, সে সিদ্ধান্ত প্রধান বিচারপতি নেবেন।

গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাটে ধর্ষণ ও হত্যার শিকার হয় আট বছরের শিশু রামিসা। ঘটনার পর সোহেল পালিয়ে গেলেও পরে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করে পুলিশ। সোহেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ১ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন এক দিনে রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে ৫ লাখ এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরে তাদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। দুই আসামিও জেল আপিল করেন।

আরও পড়ুন: উন্নয়ন অগ্রাধিকারে সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন, ইউএনডিপি-ইউএনএফপিএর প্রতি আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে রুয়ান্ডায় কেন্দ্র স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


ইউরোপের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে রুয়ান্ডায় কেন্দ্র স্থাপন

ইউরোপে অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করার জন্য আফ্রিকার দেশ রুয়ান্ডায় একটি বিশেষ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ। কেন্দ্রটি ২০২৭ সালে চালু হওয়ার পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগের অংশীদার হিসেবে রয়েছে জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস। দেশগুলো যৌথভাবে রুয়ান্ডায় একটি ‘রিটার্ন হাব’ বা অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্র গড়ে তুলবে। সোমবার ডেনমার্ক ও নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, পাঁচটি দেশে অবৈধভাবে অবস্থানরত এবং যাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, কেবল তাদের এই কর্মসূচির আওতায় আনা হবে। যেসব অভিবাসীর বৈধভাবে দেশগুলোতে থাকার সব আইনি সুযোগ শেষ হয়ে গেছে, তাদের রুয়ান্ডায় পাঠানো হতে পারে।

রুয়ান্ডায় পৌঁছানোর পর অভিবাসীদের সামনে দুটি বিকল্প থাকবে। তারা চাইলে দেশটির সমাজে একীভূত হয়ে বসবাস করতে পারবেন। এ ক্ষেত্রে তাদের আবাসনের অধিকার দেওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও আইনি সুবিধা পাওয়ার সুযোগ থাকবে। অন্যদিকে, তারা চাইলে নিজ দেশে ফিরে যেতে পারবেন।

নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে এই ব্যবস্থার আওতায় শুধুমাত্র একক পুরুষ অভিবাসীদের পাঠানো হবে। দেশটির ক্ষেত্রে রুয়ান্ডার আশপাশের অঞ্চলের দেশগুলো থেকে আসা অভিবাসীদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। তবে কোনো অপ্রাপ্তবয়স্ক বা অভিভাবকহীন শিশুকে এই কেন্দ্রে পাঠানো হবে না বলে নিশ্চিত করেছে ডাচ সরকার।

এর আগে যুক্তরাজ্যও আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা নিয়েছিল। তবে সেই পরিকল্পনায় আশ্রয়ের আবেদন প্রক্রিয়াকরণের জন্য অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর কথা ছিল। আইনি জটিলতা ও আদালতের চ্যালেঞ্জের কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। ২০২৪ সালে ক্ষমতায় আসার পর লেবার সরকার সেটি বাতিল করে। নতুন এই উদ্যোগে যুক্তরাজ্যও অংশ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, তারা বিষয়টি আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করবে।

এদিকে পরিকল্পনাটির সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্পেনের টেলিভিশন চ্যানেল টেলিসিনকোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রুয়ান্ডায় অভিবাসীদের পাঠানোর এই উদ্যোগের মধ্যে ভবিষ্যৎ বা মানবিকতা—কোনোটিই তিনি দেখতে পাচ্ছেন না। এটি কোনো সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি।

পাঁচটি দেশের দাবি, ইউরোপীয় ও আন্তর্জাতিক আইন মেনেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইউরোপের আশ্রয়ব্যবস্থার ওপর চাপ কমানো এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসীদের বিপজ্জনক যাত্রায় মানবপাচারকারীদের উৎসাহ বন্ধ করাই এর অন্যতম লক্ষ্য।

সোমবার ভিয়েনায় এক যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেন, ইউরোপের আশ্রয়ব্যবস্থার ওপর চাপ কমাতে এবং মানবপাচারকারীদের অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পাঁচ দেশ একসঙ্গে কাজ করতে চায়। সম্প্রতি ইইউর একটি সংস্কারের মাধ্যমে জোটের বাইরের দেশগুলোতে এ ধরনের প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের সুযোগ তৈরি হয়েছে।

রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা বলেছেন, অভিবাসীদের জন্য নিরাপদ, বৈধ ও মর্যাদাপূর্ণ সমাধান তৈরিতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ। অনিয়মিত অভিবাসনের অন্যতম কারণ হিসেবে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সুযোগের বৈষম্যের কথাও উল্লেখ করেন তিনি।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে কেন্দ্রটি চালু হতে পারে। সেখানে প্রায় ১০০ জন অভিবাসীকে রাখার পরিকল্পনা রয়েছে। পাঁচটি দেশ থেকে প্রাথমিক পর্যায়ে প্রায় ২০ জন করে অভিবাসী পাঠানো হতে পারে। এ কার্যক্রমে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহযোগী ভূমিকা রাখতে পারে।

আইওএমের এক মুখপাত্র জানিয়েছেন, বিভিন্ন সংকটপূর্ণ পরিস্থিতিতে অভিবাসীদের সহায়তা দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সংস্থাটির। প্রত্যাবাসন কেন্দ্র বা এ ধরনের ব্যবস্থার পরিকল্পনা নিয়ে কয়েকটি ইইউ দেশের সঙ্গে তাদের আলোচনা চলছে।

তবে মানবাধিকার সংস্থাগুলো এই উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আফ্রিকা গবেষক ক্লেমেন্টিন দে মন্টজয়ে বলেছেন, রুয়ান্ডার মানবাধিকার পরিস্থিতি নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। দেশটিতে ভিন্নমত দমনে কঠোরতা, যথেচ্ছ আটক এবং বন্দি অবস্থায় নির্যাতনের অভিযোগ রয়েছে। পাশাপাশি প্রতিবেশী গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সশস্ত্র বিদ্রোহীদের প্রতি সমর্থনের অভিযোগও রয়েছে দেশটির বিরুদ্ধে।

তিনি সতর্ক করে বলেন, অভিবাসীদের বহিষ্কারের এই কর্মসূচি পরিচালনার জন্য রুয়ান্ডাকে অর্থ দেওয়া হলে তা শুধু প্রত্যাবাসিত ব্যক্তিদের দুর্ভোগই বাড়াবে না, বরং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত একটি সরকারকে আর্থিক ও রাজনৈতিক সুবিধাও দেবে।

ইউরোপীয় ইউনিয়নের মৌলিক অধিকারবিষয়ক সংস্থাও বলেছে, প্রত্যাবাসন কেন্দ্র পরিচালনাকারী যেকোনো তৃতীয় দেশকে মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তিকে এমন দেশে পাঠানো যাবে না, যেখানে তিনি নিপীড়নের গুরুতর ঝুঁকিতে পড়তে পারেন।

এদিকে ইউরোপে অনিয়মিত অভিবাসন পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন দেখা গেছে। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ইইউর সীমান্তে প্রায় ১ লাখ ১০ হাজার অনিয়মিত প্রবেশের ঘটনা শনাক্ত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২৯ শতাংশ কম।

তবে অক্টোবরে প্রায় ১৮ হাজার ১০০টি অনিয়মিত প্রবেশের ঘটনা শনাক্ত হয়। ২০২৫ সালের অক্টোবরের তুলনায় যা ৬ শতাংশ কম হলেও চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় ২২ শতাংশ বেশি। মূলত ক্যানারি দ্বীপপুঞ্জ অভিমুখে পশ্চিম আফ্রিকা রুটে অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ায় অক্টোবরে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

সূত্র: এএফপি ও বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রীকে শ্বাসরোধের চেষ্টা, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ এম


নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রীকে শ্বাসরোধের চেষ্টা, আটক ১

যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির একটি আবাসিক হলে ঢুকে এক ছাত্রীকে শ্বাসরোধের চেষ্টা করার অভিযোগে পুলিশ একজন ব্যক্তিকে আটক করেছে। এই ঘটনার জন্য তার বিরুদ্ধে অনধিকার প্রবেশ এবং গুরুতর আঘাতের অভিযোগ আনা হয়েছে।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শেরিডান রোডের কাছে অবস্থিত এল্ডার হলে একটি খোলা দরজা দিয়ে ওই ব্যক্তি প্রবেশ করেন। পরে তিনি একটি গাড়ির পেছনে পেছনে গিয়ে আবাসিক হলের নিরাপত্তার দুটি স্তর পার হয়ে সুরক্ষিত এলাকায় ঢুকে পড়েন।

এরপর, ওই ব্যক্তি একজন ছাত্রীকে অনুসরণ করে তার কক্ষে প্রবেশ করেন। সেখানে তিনি অভিযোগ করেন যে, ছাত্রীর গলা চেপে ধরেন। এ সময়, করিডোরে থাকা অন্যান্য শিক্ষার্থীদের সহায়তায় ওই ছাত্রী পালিয়ে যেতে সক্ষম হন। পরে, তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং পরীক্ষা-নিরীক্ষার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর কর্মকর্তারা সন্দেহভাজন ব্যক্তিকে একটি কক্ষে আটকে রাখেন। পরে, তিনি আত্মসমর্পণ করলে তাকে হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও তারা বলছেন, আবাসিক ভবনের নিরাপত্তা নিয়ে সচেতনতা বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জিয়ানা ওয়ালটন জানান, নিজের আবাসিক ভবনে এমন ঘটনা ঘটায় তিনি প্রথমে ভয় পেয়েছিলেন। তবে এখন তিনি স্বাভাবিক বোধ করছেন। অন্য কাউকে ভবনে প্রবেশের সুযোগ দেওয়ার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছেন বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রী হান্না ই বলেন, ঘটনার পর ভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তিনি নিচতলার নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য প্রয়োজনীয় নম্বরও সংগ্রহ করেছেন।

পুলিশ জানিয়েছে, বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যদের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সোমবার (১৬ নভেম্বর) রাত পর্যন্ত সন্দেহভাজন ব্যক্তি পুলিশি হেফাজতে ছিলেন। এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আশপাশের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুধু মেয়ে সন্তান থাকলে বাবার সম্পত্তি কীভাবে ভাগ হবে?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ এম


শুধু মেয়ে সন্তান থাকলে বাবার সম্পত্তি কীভাবে ভাগ হবে?

পরিবারে ছেলে সন্তান না থাকলে এক বা একাধিক মেয়ে থাকলে বাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তির বণ্টন নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। বিশেষ করে, মেয়েরা কতটুকু সম্পত্তি পাবেন এবং বাকি সম্পত্তির মালিক কারা হবে, তা জানা প্রয়োজন। মুসলিম উত্তরাধিকার আইনে এ বিষয়ে নির্দিষ্ট বিধান রয়েছে।

মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী, যদি কোনো ব্যক্তির ছেলে না থাকে, তবে একমাত্র মেয়ে তার সম্পত্তির অর্ধেক পাবে। একাধিক মেয়ে থাকলে এবং কোনো ছেলে না থাকলে, তারা সবাই মিলে মোট সম্পত্তির দুই-তৃতীয়াংশ পাবেন। এই অংশ মেয়েদের মধ্যে সমানভাবে বণ্টন হবে। অবশিষ্ট সম্পত্তি আইন অনুযায়ী অন্যান্য উত্তরাধিকারীদের মধ্যে ভাগ হবে।

স্ত্রী জীবিত থাকলে সম্পত্তির হিসাব

বাবার মৃত্যুর সময় যদি তার স্ত্রী জীবিত থাকেন, তবে তিনি সম্পত্তির এক-অষ্টমাংশ পাবেন। অন্যদিকে, একমাত্র মেয়ে পাবেন অর্ধেক সম্পত্তি। একাধিক মেয়ে থাকলে তারা সম্মিলিতভাবে পাবেন দুই-তৃতীয়াংশ। নির্ধারিত অংশ দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি অন্যান্য বৈধ উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হবে।

মৃত ব্যক্তির বাবা-মা যদি জীবিত থাকেন, তবে সম্পত্তির বণ্টনে তাঁদেরও অধিকার রয়েছে। এছাড়া, ভাই-বোন এবং অন্যান্য নির্ধারিত উত্তরাধিকারীরাও আইন অনুযায়ী সম্পত্তির অংশ পেতে পারেন। কিছু ক্ষেত্রে, মৃত ব্যক্তির ভাই বা বোন না থাকলে তাঁদের সন্তানরাও উত্তরাধিকারী হতে পারেন। তবে কে কতটুকু পাবেন, তা জীবিত ওয়ারিশদের সম্পর্ক এবং উত্তরাধিকার আইনের বিধানের ওপর নির্ভর করে।

মনে রাখতে হবে, শুধুমাত্র মেয়ে সন্তান থাকলেই তারা স্বয়ংক্রিয়ভাবে বাবার সব সম্পত্তির মালিক হবেন না। যদি অন্য কোনো বৈধ উত্তরাধিকারী না থাকে, তবে মেয়েরা অবশিষ্ট অংশসহ পুরো সম্পত্তি পেতে পারেন।

জীবিত অবস্থায় মেয়েকে সম্পত্তি দান করা যাবে।

বাবা চাইলে জীবিত অবস্থায় তার এক বা একাধিক মেয়েকে সম্পত্তি হেবা বা দান করতে পারেন। তবে এ ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করতে হবে। দানের বিষয়টি স্পষ্টভাবে ঘোষণা করতে হবে, গ্রহীতার কাছে সম্পত্তির দখল হস্তান্তর করতে হবে এবং আইন অনুযায়ী দানপত্র নিবন্ধন করতে হবে।

অপ্রাপ্তবয়স্ক মেয়েকেও সম্পত্তি দান করা সম্ভব। তবে তার পক্ষে আইনগত অভিভাবকের মাধ্যমে দান গ্রহণ এবং দখল হস্তান্তরের বিষয়টি সম্পন্ন করতে হবে। সম্পত্তি মেয়ের নামে দান করা হলেও বাবা-মায়ের বসবাসের অধিকার বজায় রাখার ব্যবস্থা করা সম্ভব।

উইল করে কতটুকু সম্পত্তি দেওয়া যাবে?

মুসলিম উত্তরাধিকার আইনে কোনো ব্যক্তি সাধারণভাবে তার মোট সম্পত্তির এক-তৃতীয়াংশ পর্যন্ত উইল করতে পারেন। এর বেশি সম্পত্তি উইল করতে হলে অন্যান্য উত্তরাধিকারীদের সম্মতি প্রয়োজন হয়। উইল কার্যকর হয় সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর পর।

অনেকে মেয়েকে সম্পত্তি দান করার পাশাপাশি তা দেখাশোনা বা বিক্রির ক্ষমতা নিজেদের কাছে রাখতে চান। সে ক্ষেত্রে আইন অনুযায়ী নিবন্ধিত পাওয়ার অব অ্যাটর্নির ব্যবস্থা করা যেতে পারে। তবে এ ধরনের দলিলের ক্ষেত্রে মেয়ের সম্মতি এবং প্রযোজ্য আইনি শর্ত পূরণ করা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি-হুথি সংঘাতে নবীজির ইয়েমেন নিয়ে দোয়া আলোচনায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ এম


সৌদি-হুথি সংঘাতে নবীজির ইয়েমেন নিয়ে দোয়া আলোচনায়

সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে চলমান দীর্ঘস্থায়ী সংঘাত, মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর একটি বিশেষ দোয়া নতুন করে আলোচনায় এসেছে। প্রায় দেড় হাজার বছর পূর্বে তিনি আল্লাহর কাছে শাম ও ইয়েমেনের জন্য বরকত কামনা করেছিলেন। একই হাদিসে নজদ অঞ্চল সম্পর্কে তার একটি সতর্কবার্তার বিষয়টি উল্লেখ রয়েছে।

সহিহ বুখারিতে হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.)-এর সূত্রে বর্ণিত হয়েছে যে, রাসুলুল্লাহ (সা.) দোয়া করেছিলেন, ‘হে আল্লাহ! আমাদের শাম ও ইয়েমেনে বরকত দান করুন।’ এ সময় সাহাবিরা নজদ অঞ্চলের জন্যও বরকত কামনার অনুরোধ জানান। কিন্তু মহানবী (সা.) আবারও শাম ও ইয়েমেনের জন্য দোয়া করেন।

হাদিসের বর্ণনা অনুযায়ী, নজদ সম্পর্কে তিনি বলেন, সেখানে ভূমিকম্প ও ফিতনার আবির্ভাব ঘটবে এবং সেখান থেকেই শয়তানের শিং উদিত হবে। এই বক্তব্যের ভৌগোলিক ব্যাখ্যা নিয়ে ইসলামি চিন্তাবিদ ও গবেষকদের মধ্যে বিভিন্ন মত তৈরি হয়েছে।

তবে মহানবী (সা.) শাম ও ইয়েমেনের জন্য বিশেষভাবে বরকত কামনা করার কারণ সম্পর্কে হাদিসে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তাই এ দোয়ার পেছনে নির্দিষ্ট রাজনৈতিক বা ঐতিহাসিক উদ্দেশ্য ছিল বলে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি ওই দুই অঞ্চলের জন্য কল্যাণ ও বরকত কামনার একটি বিশেষ দোয়া।

হাদিসে উল্লেখিত নজদ অঞ্চলটির অবস্থান নিয়েও মতভেদ রয়েছে। একদল গবেষকের মতে, বর্তমান সৌদি আরবের মধ্যাঞ্চল, বিশেষ করে রিয়াদ-সংলগ্ন এলাকাকে প্রাচীন নজদ বলা হয়। অন্যদের মতে, এখানে ইরাকের দিকের কোনো উচ্চভূমি অঞ্চল বোঝানো হয়েছে। তাই নজদের সুনির্দিষ্ট অবস্থান নিয়ে একক কোনো ব্যাখ্যা প্রতিষ্ঠিত হয়নি।

ইয়েমেন নিয়ে রাসুল (সা.) কী বলেছিলেন?

আধুনিক সময়ে এই হাদিস নতুন করে আলোচনায় আসার অন্যতম কারণ হলো সৌদি আরব ও ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংঘাত। ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর দেশটির রাজনৈতিক সংকট আরও গভীর হয়। পরের বছর ২০১৫ সালে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

দীর্ঘদিনের এই যুদ্ধে ইয়েমেনের অবকাঠামো, অর্থনীতি ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সংঘাতের একপর্যায়ে হুতিরা সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টাপাল্টি সামরিক অভিযানে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও জটিল হয়ে ওঠে।

ইয়েমেনের সংঘাত কেবল দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে সীমাবদ্ধ থাকেনি। এর সঙ্গে যুক্ত হয়েছে সৌদি আরব ও ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। পাশাপাশি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ এবং আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার বিষয়টিও এই সংঘাতের সঙ্গে জড়িয়ে পড়েছে।

এদিকে শাম ও ইয়েমেনের জন্য মহানবী (সা.)-এর দোয়া এবং নজদ সম্পর্কে তার বক্তব্য নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তবে বর্তমান মধ্যপ্রাচ্যের কোনো নির্দিষ্ট সংঘাত বা রাজনৈতিক ঘটনাকে সরাসরি এই হাদিসের ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন হিসেবে ব্যাখ্যা করা সমীচীন নয়। বিষয়টি বুঝতে হাদিসের মূল বক্তব্য, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ইসলামি গবেষকদের বিভিন্ন ব্যাখ্যা বিবেচনায় নেওয়া জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%