০৬:৩১ পি.এম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’-এর আওতায় আয়োজিত বাজেট বিষয়ক ডিব্রিফিং সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তার বক্তৃতায় বলেছেন, বাজেট ডিব্রিফিং সেশনের আয়োজন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ। তিনি এ ধরনের উদ্যোগকে জাতীয় বাজেট ও সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন।
আজ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’-এর আওতায় আয়োজিত বাজেট বিষয়ক ডিব্রিফিং সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার পরিকল্পনা আ.লীগের
স্পিকার আরও উল্লেখ করেন, বর্তমানে রাজস্ব আহরণ, ঋণ ব্যবস্থাপনা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে। তিনি বলেন, তথ্য ও উপাত্তভিত্তিক বাজেট বিশ্লেষণে বাজেট হেল্পডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, সরকার যে আর্থিক নীতি ও কৌশল গ্রহণ করেছে সে সম্পর্কে সংসদ সদস্যরা সুস্পষ্ট ধারণা পাবেন। সংসদ সদস্যরা সংসদ লাইব্রেরির বিভিন্ন তথ্যভাণ্ডার ও গবেষণা উপকরণ ব্যবহার করে নিজেদের আরো সমৃদ্ধ করার সুযোগ রয়েছে।
হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, বাজেট বিষয়ে সংসদ সদস্যদের আগ্রহ এবং সংসদীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ জাতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। তিনি জনগণের বর্তমান সংসদের কার্যক্রমের দিকে গভীর আগ্রহ নিয়ে তাকানোর বিষয়টিও উল্লেখ করেন। কারণ, দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির রূপরেখা এখানেই নির্ধারিত হবে।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের এমন ধরনের কর্মসূচি সংসদীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সংসদ সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণে সহায়তা করছে। পরে তিনি বাজেট ডিব্রিফিং সেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে সংসদ নিয়ে জনগণের ব্যাপক প্রত্যাশা ছিল। তিনি উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী এই সংসদ একটি ব্যতিক্রমী সংসদ। দেশব্যাপী প্রতিটি নির্বাচনী এলাকার মানুষ সংসদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন, অর্থনীতি, সমাজনীতি ও রাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু হলো সংসদ। তথ্যভিত্তিক সংসদ গড়ে তুলতে বাজেট ডিব্রিফিং সেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সীমিত সম্পদের সর্বোত্তম ও সুশৃঙ্খল ব্যবহারের মাধ্যমে একটি যুগোপযোগী ও বাস্তবমুখী বাজেট উপস্থাপন করেছে। বাজেট হেল্পডেস্ক সংসদ সদস্যদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে।
আরও পড়ুন: প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ড. মোশাররফের পুত্রবধূ নাইমা
তিনি আরও জানান, অতীতে বাজেট-সংক্রান্ত তথ্য সংগ্রহে সংসদ সদস্যদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত এ উদ্যোগের জন্য এখন প্রয়োজনীয় তথ্য সহজেই পাওয়া যাচ্ছে এবং বাজেটের গভীর বিশ্লেষণের সুযোগ সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন