ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

বাংলা কিউআরে নতুন ডিজিটাল পেমেন্ট সেবা যুক্ত


বাংলা কিউআরে নতুন ডিজিটাল পেমেন্ট সেবা যুক্ত

দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সেবা যুক্ত হয়েছে বাংলা কিউআরে। এখন থেকে বাংলা কিউআর (QR) কোড স্ক্যান করে একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে সরাসরি টাকা পাঠানোর সুযোগ পাবেন।

রোববার (১ নভেম্বর) থেকে ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি (P2P) লেনদেনের এই সুবিধা চালু হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এই সেবার মাধ্যমে অর্থ পাঠাতে প্রাপকের মোবাইল নম্বর কিংবা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে প্রবেশ করানোর প্রয়োজন হবে না। শুধুমাত্র প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর লেনদেন সম্পন্ন করা যাবে।

আরও পড়ুন: দুই মাসে এলপিজির দাম ৪৭৫ টাকা বেড়ে ২,০৬০ টাকা

নতুন এই ব্যবস্থায় ব্যক্তিপর্যায়ে অর্থ স্থানান্তরকে কেন্দ্রীয় ব্যাংক আরও সহজ, দ্রুত ও নিরাপদ মনে করছে। এতে টাকা পাঠানোর ক্ষেত্রে ভুল নম্বর বা হিসাবের তথ্য দেওয়ার ঝুঁকিও কমে যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের পিটুপি সেবা চালুর ফলে দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমবে। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার এবং ক্যাশলেস লেনদেনের প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, এই উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক হবে।

আরও পড়ুন: আইএফআইসি ব্যাংক যোগ দিল ২ হাজার কোটি টাকার হিমায়িত খাদ্য তহবিলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল ছাঁটাইয়ের নামে লগ কাটার অভিযোগে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল ছাঁটাইয়ের নামে লগ কাটার অভিযোগে মানববন্ধন

যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ে গাছের ডাল ছাঁটাইয়ের নামে বড় বড় মেহগনি গাছের মোটা ডাল কেটে লগ তৈরির অভিযোগ উত্থাপিত হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। অভিযোগের তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে গাছ ছাঁটাইয়ের কাজ চলছিল। স্থানীয় চারজন শ্রমিক এই কাজে নিয়োজিত ছিলেন। অভিযোগ রয়েছে যে, এ সময় ১৬টি মেহগনি গাছের বড় বড় ডাল কেটে লগ তৈরি করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বক্তব্য দেন বিকে বিল্লাহ, টগর হোসেন, শুভ দাস, সোহান হোসেন ও রায়হান হোসেন। শিক্ষার্থীরা গাছ কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সরেজমিনে দেখা গেছে, কলেজের মূল ভবনের সামনে প্রায় ২৫টি বড় মেহগনি গাছ সারিবদ্ধভাবে রয়েছে। দীর্ঘদিন ধরে গাছগুলো ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ছায়া দিয়ে আসছিল। তবে শনিবার ডাল ছাঁটাইয়ের নামে এসব গাছের মোটা ডাল কেটে ফেলা হয়েছে, যা গাছগুলোর ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় ডাল ছাঁটাইয়ের পরিবর্তে পরিকল্পিতভাবে গাছের মোটা ডাল কেটে লগ তৈরি করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, এসব লগ বিক্রি করে একটি চক্র আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করেছে।

এদিকে, ঘটনার তদন্তের জন্য ইউএনও ভূপালী সরকার তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। কমিটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একজন ফরেস্টার সামাজিক বনায়ন বাগান কেন্দ্রের ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন। কমিটিকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, “বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের গাছ কাটার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। এরপর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিতে সর্বনিম্ন ফলধারী ফিরোজা নাজনীন শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


ইবিতে সর্বনিম্ন ফলধারী ফিরোজা নাজনীন শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগে সর্বনিম্ন এ্যাকাডেমিক ফলধারী একজন প্রার্থী নিয়োগ পাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। নিয়োগ বোর্ডের অংশগ্রহণকারী ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭ প্রার্থীর মধ্যে সর্বনিম্ন ফলধারী প্রার্থী ফিরোজা নাজনীন। তিনি বিএনপিপন্থি শিক্ষক সংগঠন জিয়া পরিষদের সাহিত্য, সাংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক এবং একই বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামের স্ত্রী।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আইসিটি বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির ভিত্তিতে ৭ জন প্রার্থী আবেদন করেন। পরে তারা সবাই নিয়োগ বোর্ডে অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে, ভাইভা থেকে বাদ দিয়ে এ্যাকাডেমিক বিষয়ে সর্বনিম্ন ফলধারী প্রার্থী ফিরোজা নাজনীনকে গত ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের ২৭৪তম সিন্ডিকেট সভায় নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু, গণমাধ্যমে নিউজ প্রকাশিত হলে এক সিন্ডিকেট সদস্যের আপত্তির প্রেক্ষিতে ঘটনা খতিয়ে দেখতে চান ইবি ভিসি। এরপর প্রার্থীর বিতর্কিত নিয়োগ নিয়ে বেশকিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। ফলে, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বিষয়টি খতিয়ে দেখতে ওই প্রার্থীর পূর্ববর্তী এ্যাকাডেমিক ফলাফল যাচাইয়ে তিন সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেন। পরে কমিটি যাচাই-বাছাই করে প্রতিবেদন জমা দেয়। তবে গুঞ্জন উঠেছে যে, রোববার (১ নভেম্বর) সিন্ডিকেটে বিতর্কিত ও সর্বনিম্ন ফলধারী ওই প্রার্থী নিয়োগ পেতে চলেছেন।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, বিতর্কিত নিয়োগের প্রার্থী ফিরোজা নাজনীন ৭ প্রার্থীর মধ্যে সর্বনিম্ন ফলধারী। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ফিরোজা নাজনীন ১টি রিটেক ও ৩টি মানোন্নয়ন পরীক্ষার পর স্নাতকে ৩.৫৯ এবং স্নাতকোত্তরে ৩.৬৪ সিজিপিএ অর্জন করেন। তার এইচএসসিতে জিপিএ ৪.৮০ এবং এসএসসিতে জিপিএ ৫.০০ ছিল। অন্যদিকে, আরেক প্রার্থী আবু রোম্মান রিফাত ইবির আইসিটি বিভাগ থেকে স্নাতকে ৩.৭৮ এবং স্নাতকোত্তরে ৩.৯১ সিজিপিএ অর্জন করেন। এছাড়া, এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় তিনি জিপিএ ৫ লাভ করেন।

আরেক প্রার্থী খন্দকার তাসনিয়া হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকে ৩.৯২ এবং স্নাতকোত্তরে ৪.০০ সিজিপিএ অর্জন করেছেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় তার ফলাফল জিপিএ ৫। প্রার্থী রাকিবুল ইসলাম-(১) ইবির আইসিটি বিভাগ থেকে স্নাতকে ৩.৬৯ এবং স্নাতকোত্তরে ৩.৭৯ সিজিপিএ অর্জন করেছেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় তারও ফলাফল জিপিএ ৫। অন্য প্রার্থী রাকিবুল ইসলাম-২ একই বিভাগ থেকে স্নাতকে ৩.৯৫ সিজিপিএ পেয়ে অনুষদে প্রথম স্থান অর্জন করেন। স্নাতকোত্তরে তার সিজিপিএ ৩.৮৮। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় তিনিও জিপিএ ৫ পেয়েছেন।

আইসিটি বিভাগের আরেক সাবেক শিক্ষার্থী শারমীন তাজরিয়া অনন্যা স্নাতকে ৩.৬৪ এবং স্নাতকোত্তরে ৩.৭৯ সিজিপিএ অর্জন করেছেন। তারও এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার ফলাফল জিপিএ ৫। মাসুদ রানা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি স্নাতকে ৩.৭২ এবং স্নাতকোত্তরে ৩.৭৯ সিজিপিএ অর্জন করেছেন। তার এসএসসিতে জিপিএ ৪.৬৯ এবং এইচএসসিতে জিপিএ ৪.৫০।

৭ প্রার্থীর ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সব প্রার্থীর মধ্যে এ্যাকাডেমিক ফলাফলে ফিরোজা নাজনীন সর্বনিম্ন অবস্থানে রয়েছেন। এছাড়া, বাকি প্রার্থীদের থিসিস থাকলেও, নন থিসিসের শিক্ষার্থী ছিলেন তিনি।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সময়ে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ফিরোজা নাজনীন। ওই পরীক্ষায় ১০ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন বলে জানা গেছে। তবে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের প্রশাসনের প্রথম নিয়োগপ্রক্রিয়ায় আইসিটি বিভাগে তিনি প্রথম স্থান অর্জন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভিন্ন দুটি বিভাগের নিয়োগ পরীক্ষায় তার ফলাফলের এই পার্থক্য নিয়েও প্রশ্ন উঠেছে। তবে রোববার (১ নভেম্বর) সিন্ডিকেট সভায় প্রায় সাড়ে ৪ মাস থেকে ঝুলন্ত থাকা নিয়োগের ফাইনাল সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে জানার জন্য ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রোকসানা মিলি সাংবাদিকদের বলেন, "আমরা ফ্যাক্টস ফাইন্ডিং করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। বাকিটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিবেন।"

এ বিষয়ে জানতে চাইতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত জুলাই মাসে বিএনপিপন্থি শিক্ষক সংগঠনের সাহিত্য, সাংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক ও আইসিটি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলামের স্ত্রী ফিরোজা নাজনীনের বিতর্কিত নিয়োগ নিয়ে সংবাদ প্রকাশ হয়। এ সময় বিভাগে টেম্পারিং করে স্ত্রীর ফলাফল বৃদ্ধি, পরপর দুইবার পরীক্ষা কমিটির সভাপতি, নিয়োগ বোর্ডের আগে এক্সপার্টের সঙ্গে আবাসিক হোটেলে প্রার্থীর স্বামীর সাক্ষাৎ ও সাংবাদিক ম্যানেজসহ নানা অভিযোগ উঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মণিপুরে জাতিগত সহিংসতায় নিহত ৫, বহু মানুষ বাস্তুচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


মণিপুরে জাতিগত সহিংসতায় নিহত ৫, বহু মানুষ বাস্তুচ্যুত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সম্প্রতি নতুন করে ছড়িয়ে পড়া জাতিগত সহিংসতার কারণে দুটি আলাদা ঘটনার মধ্যে পাঁচজন নিহত হওয়ার খবর রোববার পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার রাজ্যের নোনি জেলায় অজ্ঞাত পরিচয় সশস্ত্র দুষ্কৃতীদের মধ্যে সংঘটিত বন্দুকযুদ্ধে কুকি আদিবাসী সম্প্রদায়ের তিনজন পুরুষ প্রাণ হারান।

একটি দ্বিতীয় পুলিশি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে নিখোঁজ হওয়া একই সম্প্রদায়ের আরও দুজন পুরুষের মৃতদেহ কাংপোকপি জেলা থেকে উদ্ধার করা হয়েছে, যা নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানের ফলস্বরূপ।

কুকি আদিবাসীদের একটি শীর্ষ সংগঠন এই হত্যাকাণ্ডের জন্য নাগা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। সংগঠনের মতে, এটি কুকিদের ওপর একটি প্রত্যক্ষ ও উসকানিমুক্ত হামলা, যা তাদের জন্মভূমিতে সংঘটিত হয়েছে।

রাজধানী ইম্ফলসহ অন্যান্য স্থানে যখন লাখ লাখ মানুষের উপস্থিতিতে ব্যাপক গণবিক্ষোভ চলছিল, তখনই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনতা কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি বাতিলের দাবি তুলেছে।

উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যে নিজেদের জাতিগত ভূখণ্ডের স্বাধিকার ও দাবি নিয়ে মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী কুকি ও নাগা উপজাতিদের মধ্যে বিরোধ ও সংঘাতের ইতিহাস দীর্ঘকাল ধরে চলে আসছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কুকি সম্প্রদায়ের কিছু পুরুষ কর্তৃক এক নাগা ব্যক্তিকে মারধরের অভিযোগে নতুন করে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

পরবর্তীতে মে মাসে নাগা সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে কুকি সম্প্রদায়ের তিনজন যাজক নিহত হলে দুই পক্ষের মধ্যে প্রতিশোধমূলক অপহরণ ও পারস্পরিক হত্যাকাণ্ডের একটি সিরিজ শুরু হয়।

নতুন করে শুরু হওয়া এই কুকি-নাগা সংঘর্ষ মণিপুরের বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ২০২৩ সালের মে মাস থেকে অর্থনৈতিক সুবিধা ও সরকারি চাকরির কোটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ‘মেইতেই’ সম্প্রদায়ের সঙ্গেও কুকি সম্প্রদায়ের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।

দীর্ঘদিন ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে এ পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৬০,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ ৪ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ ৪ জন আটক

চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।

এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

সাব্বির আলম সুজন আরো উল্লেখ করেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%