০৬:২৫ পি.এম
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপির সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিশেষ গুরুত্বারোপ করা হয় দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রথমত, হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও কার্যকর করার ওপর জোর দেওয়া হয়। এই মতো উদ্যোগ গ্রহণ করা হলে জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং কাজের দক্ষতা ও কার্যকারিতা বাড়বে বলেও বৈঠকে অভিমত ব্যক্ত করা হয়।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার পরিকল্পনা আ.লীগের
দ্বিতীয়ত, দুর্নীতি প্রতিরোধে সরাসরি যোগাযোগের উপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বৈঠকে আলোচনা হয় যে, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি চিহ্নিত বা শাস্তিদানের মাধ্যমে শেষ হয় না; বরং দুর্নীতি সংঘটিত হওয়ার যে প্রক্রিয়া বা ব্যবস্থা রয়েছে, সেটিকে পরিবর্তন বা অপসারণের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। এর ফলে ব্যবসায়ীদের ব্যয় ও হয়রানি হ্রাস পাবে, ব্যবসার পরিবেশ আরও সহজ হবে এবং সরকারের রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে বলে মত প্রকাশ করা হয়।
এছাড়াও, সরকারের ব্যয় নির্বাহে এনবিআরের সক্ষমতা, কর-জিডিপি অনুপাতের ব্যবধান কমাতে গৃহীত পদক্ষেপ এবং এনবিআরের সাংগঠনিক কাঠামো নিরূপণ ও করণীয় বিষয়ে এনবিআরের পক্ষ থেকে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এ উপস্থাপিত বিষয়সমূহের ওপর কমিটির সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড
এ বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, এমপি মো. জালাল উদ্দিন, এমপি মঈনুল ইসলাম খান, এমপি মো. শাহাদাত হোসেন, এমপি মো. সাইফুল আলম, এমপি সৈয়দ জয়নুল আবেদীন ও এমপি মো. আবুল হাসনাত অংশগ্রহণ করেন।
বৈঠকে এনবিআরের করনীতির প্রথম সচিব, সংসদ সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন