০৪:৪২ পি.এম
মালয়েশিয়ার কেদাহ প্রদেশের ইমিগ্রেশন বিভাগ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) মাধ্যমে বাংলাদেশ, চীন, মিশর, কেনিয়া, ভারত, পাকিস্তান এবং মিয়ানমারসহ সাতটি দেশের ৯৪ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
বহিষ্কৃতদের ভেতর ৮২ জন পুরুষ এবং ১২ জন নারী রয়েছেন, যাঁরা পূর্বে বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে আটক অবস্থায় ছিলেন। বৈধ পারমিট ছাড়া দেশে প্রবেশ এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান করার কারণে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর অধীনে তাঁদের আটক করা হয়েছিল।
কেদাহ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট বন্দিরা আইন অনুযায়ী তাঁদের শাস্তি ভোগ করার পর এই নির্বাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার চলমান পদক্ষেপের অংশ হিসাবে, এসব ৯৪ জন অবৈধ অভিবাসীকে ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে, যাতে ভবিষ্যতে তাঁরা আর কোনোদিন মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে।
আরও পড়ুন: মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৬৪ জন আহত
বিভাগটির মতে, এই প্রত্যাবাসন কর্মসূচি মূলত দেশের ইমিগ্রেশন আইনের প্রয়োগকে আরও শক্তিশালী করার একটি ধারাবাহিক প্রচেষ্টা।
কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, দেশে কোনো বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি নাগরিকদের উপস্থিতি জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য একটি হুমকি। তাই দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আইন অমান্যকারীদের চিহ্নিত করতে কেদাহ ইমিগ্রেশন বিভাগ আগামীতেও অবৈধ অভিবাসী সনাক্তকরণ, আটক এবং নির্বাসন অভিযান দেশজুড়ে অব্যাহত রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন