০৮:৩১ পি.এম
বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রথিতযশা কবি এবং প্রগতিশীল নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ বেগম সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার আয়োজন বাংলাদশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে রবিবার বিকেলে ৪টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে করা হয়। অনুষ্ঠানের শুরুতে কবি সুফিয়া কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তাঁর প্রতি সমর্থন জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম। প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোর্শেদ আলী খান। আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন লেখক ও গবেষক চাষা হাবিব এবং সরকারি সিটি কলেজের হিসাববিজ্ঞানের বিভাগের সহকারী অধ্যাপক মিতা চক্রবর্তী।
আরও পড়ুন: কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবিনা আক্তার এবং প্রবন্ধ উপস্থাপন করেন সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুফিয়া কামাল শুধু একজন কবি ছিলেন না; তিনি ছিলেন নারী অধিকার, মানবাধিকার ও অসাম্প্রদায়িক চেতনার একটি শক্তিশালী কণ্ঠস্বর। তিনি সমাজের অনগ্রসর ও নিপীড়িত নারী হিসেবে অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। একটি বৈষম্যহীন, মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনের স্বপ্ন তিনি লালন করেছেন এবং সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন।
বক্তারা আরও মন্তব্য করেন, বর্তমান প্রজন্মের নারীদের সুফিয়া কামালের আদর্শ, সাহস এবং মানবিক মূল্যবোধ থেকে শিক্ষা নিয়ে সমাজ গঠন ও নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং জেলা শাখার সম্মানিত সদস্য কানিজ রহমান, সাবেক অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউল রহমান রেজু, নির্বাহী সদস্য রবিউল আউয়াল খোকা, সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক সুজন কুমার দে, কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিরাজাম মুনিরা, পল্লীশ্রীর শামসুন্নাহার এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি মুনির শাহানাজ চৌধুরী কেয়াসহ অন্যান্য বক্তারা।
আরও পড়ুন: বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইনে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আলোচনা সভায় মহিলা পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, কবি-সাহিত্যিক, লেখক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন