০৬:৫৮ এম
অ্যাডভেঞ্চারের মোহের মধ্যে ছিলেন এক পর্যটক। কিন্তু আনন্দ ও উন্মাদনার সেই মুহূর্তটি পরিণত হলো এক ভয়ংকর দুঃস্বপ্নে। শূন্যে ভেসে থাকা রোমাঞ্চকর জিপলাইন রাইড উপভোগের সময় হঠাৎ বিপত্তি। নিরাপত্তা লক বা সুরক্ষার বাঁধন ছিঁড়ে প্রায় ৪০ ফুট ওপর থেকে সোজা মাটিতে আছড়ে পড়লেন ওই পর্যটক।
ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের ডান্ডেলি এলাকার একটি রিসোর্টে। আহত পর্যটকের নাম কুবের সুরপুর। শূন্য থেকে মাটিতে পড়ার কারণে তার হাত এবং পায়ের একাধিক হাড় ভেঙে গেছে। এছাড়া, তার স্নায়ুতেও মারাত্মক আঘাত লেগেছে। এই হাড়হিম করা দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার ফলে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
কুবেরের পরিবারের অভিযোগ, জিপলাইনের সমস্ত সরঞ্জাম মরচে ধরা ছিল এবং সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয়নি। রাইডটির মাঝের অংশে সেফটি লক পুরোপুরি খুলে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এই অবহেলার জন্য রিসোর্ট কর্তৃপক্ষকেই দায় নিতে হবে বলে দাবি করেছেন তার পরিবার।
আরও পড়ুন: প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ
আহত কুবেরকে প্রথমে একটি সরকারি হাসপাতালে এবং পরে বিজয়পুরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাকে মিরাজে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, অনলাইনে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। তারা এ ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসের সরঞ্জামগুলোর নিয়মিত পরীক্ষা এবং অধিক নজরদারির দাবি তুলেছেন। এক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘জিপলাইনের নকশাটাই ভয়াবহ। দড়ি ছেড়ে দিলেও যাতে কেউ না পড়ে, সেভাবে বেল্টটি শরীরের সঙ্গে বন্দী থাকা উচিত ছিল।’
আরেকজন আক্ষেপ করে বলেছেন, হয়তো সামান্য জরিমানা করা হবে, কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর রিসোর্টটি আবারও দিব্যি চালু হয়ে যাবে। কিন্তু কোনও বিচারই মিলবে না।
আরও পড়ুন: আন্তর্জাতিক ই-কমার্সে রিমার্কের শক্ত অবস্থান, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন