০৪:১০ পি.এম
মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় কার্যকর অভিযান পরিচালনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ছোট-বড় অন্তত ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে এ অভিযান চলছিল।
উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে খাবারের হোটেল, চায়ের দোকান এবং বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ লঞ্চঘাটের প্রবেশমুখ ও আশপাশের সরকারি জায়গা দীর্ঘদিন ধরে দখল করে এসব স্থাপনা গড়ে উঠেছিল। জায়গা দখল করে স্থাপনাগুলো নির্মাণের অভিযোগও স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে রয়েছে।
তবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে, তাদের কোনো ধরনের আগাম নোটিশ না দিয়েই হঠাৎ করে অভিযান পরিচালনা করা হয়েছে। অনেক ব্যবসায়ী এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিযান চলাকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং কিছুক্ষণের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযান প্রসঙ্গে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন মন্তব্য করেন, ‘পূর্বে কী হয়েছে, সেটা দেখার বিষয় নয়। অবৈধ স্থাপনার বিরুদ্ধে সরকারের স্পষ্ট বার্তা রয়েছে। সরকারি জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না। উচ্ছেদ অভিযানে অভিযান অব্যাহত থাকবে।’
মুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার বলেন, ‘লঞ্চঘাটের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের বিষয়টি আমাদের নজরে ছিল। বিআইডব্লিউটিএর উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করা হয়েছে। সরকারি জায়গা দখল করে কেউ যাতে পুনরায় স্থাপনা নির্মাণ করে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় এর আগে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবার সেখানেও অবৈধভাবে স্থাপনা গড়ে ওঠে। তাই সেগুলো উচ্ছেদ করতেই এবার এই অভিযান পরিচালনা করা হয়েছে।’
তিনি আরও জানিয়েছেন, লঞ্চঘাটের জায়গা দখল করে ভবিষ্যতে যাতে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে নজরদারি করা হবে। উচ্ছেদে এক একর জমি দখলমুক্ত করা হয়েছে, যার মূল্য শত কোটি টাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন