ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

স্ত্রীর বিচ্ছেদ, ১৭ কোটি দেনা ও অবরুদ্ধ সম্পত্তি—দানি আলভেসের জীবন দুর্বিষহ


স্ত্রীর বিচ্ছেদ, ১৭ কোটি দেনা ও অবরুদ্ধ সম্পত্তি—দানি আলভেসের জীবন দুর্বিষহ

একসময় ফুটবল মাঠে তার পায়ের জাদুতে গোটা বিশ্ব মুগ্ধ হয়েছিল। বার্সেলোনা, সেভিয়া, জুভেন্টাস ও পিএসজির মতো ক্লাবে খেলেছেন তিনি। ব্রাজিলের জার্সিতে অংশগ্রহণ করেছেন তিনটি বিশ্বকাপে। ক্যারিয়ারে অর্জন করেছেন অসংখ্য শিরোপা।

কিন্তু বর্তমানে দানি আলভেসের জীবন একের পর এক সংকটে ভরা। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর, ১৭ কোটি টাকার দেনা, এবং পাশাপাশি খামারবাড়ি ও বিলাসবহুল গাড়ি অবরুদ্ধের নির্দেশ—সব মিলিয়ে মাঠের বাইরের সময়টা মোটেও ভালো কাটছে ব্রাজিলের সাবেক এই ডিফেন্ডারের।

গত ১২ নভেম্বর সাও পাওলোর একটি আদালত আলভেসের দুটি সম্পত্তি এবং একটি পোর্শে ব্র্যান্ডের গাড়ি অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন। প্রায় ৭০ লাখ ব্রাজিলিয়ান রিয়ালের পাওনা দাবিতে করা মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৭ কোটি টাকা।

আরও পড়ুন: নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও জিতল ভারত

মামলাটি করেছে জিএডি ফুন্দো দি ইনভেস্তিমেন্তো এম দিরেইটোস ক্রেদিতোরিওস নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির দাবি, ২০২১ সালে সাও পাওলো ক্লাবের সঙ্গে চুক্তি বাতিলের পর আলভেসের পাওনা অর্থের অধিকার তারা কিনে নেয়। চুক্তি অনুযায়ী সেই অর্থ পরিশোধের কথা থাকলেও পরে তা বন্ধ হয়ে যায়। এ কারণে আদালতের দ্বারস্থ হয় প্রতিষ্ঠানটি।

আলভেসের অবরুদ্ধ সম্পত্তি দুটি তার জন্মস্থান ব্রাজিলের বাহিয়া রাজ্যের জুয়াজেইরোতে অবস্থিত। এর একটি ৬৪ দশমিক ৪২ হেক্টর আয়তনের জমি। অন্যটি আবাসিক এলাকার প্রায় ২০০ বর্গমিটারের একটি প্লট, যেখানে আলভেসের মালিকানা অর্ধেক। পাশাপাশি তার পোর্শে গাড়িটির মালিকানা হস্তান্তরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তবে আদালতের এই নির্দেশ সম্পত্তি বাজেয়াপ্তের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। মামলাটি এখনো বিচারাধীন। ৭০ লাখ রিয়ালও প্রতিষ্ঠানটির দাবি করা অর্থ, আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত দেনা নয়। আলভেসের পক্ষ থেকেও আনুষ্ঠানিক জবাব আসেনি।

আর্থিক সংকটের মধ্যেই ব্যক্তিজীবনে বড় ধাক্কা খেয়েছেন আলভেস। ১৪ নভেম্বর স্প্যানিশ মডেল জোয়ানা সানজের সঙ্গে তার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। ২০১৭ সালে বিয়ে করেছিলেন তারা। ৯ বছরের সংসারে তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।

আরও পড়ুন: রাবাদার দাপটে প্রথম ঘণ্টায় বাংলাদেশ হারালো ৩ উইকেট

ইন্সটাগ্রামে এক অনুসারী জোয়ানাকে প্রশ্ন করেছিলেন, তিনি স্বামীর সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে যান কি না। উত্তরে জোয়ানা লেখেন, ‘আমি (ধর্মে) বিশ্বাসী নই। সে যা করছে, যত বেশি দেখছি, ধর্মের প্রতি আমার দূরত্ব তত বাড়ছে। একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, আমরা বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছি। ঠিক এই কারণেই।’

আলভেসের ধর্মীয় কর্মকাণ্ডই তাদের দূরত্বের অন্যতম কারণ। কারাগার থেকে বের হওয়ার পর ধর্মীয় কাজে বেশি মনোযোগী হয়ে ওঠেন সাবেক এই ফুটবলার। বিভিন্ন দেশে ধর্মীয় অনুষ্ঠানে প্রচারক ও বক্তা হিসেবে অংশ নিচ্ছেন তিনি। এতে দীর্ঘ সময় স্ত্রী ও মেয়ের কাছ থেকে দূরে থাকতে হচ্ছে তাকে।

কারাগার থেকে মুক্তি, এরপর নতুন জীবন

আলভেসের জীবনে ঝড় শুরু হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে। বার্সেলোনার একটি নৈশ ক্লাবে যৌন নিপীড়নের অভিযোগে ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে চার বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ২০২৫ সালের ২৮ মার্চ কাতালোনিয়ার উচ্চ আদালত সেই দণ্ড বাতিল করে তাকে খালাস দেন। ফলে ওই মামলায় তাকে বর্তমানে দণ্ডিত বলা যাবে না।

আরও পড়ুন: বাংলাদেশকে ক্ষমা চাইলেন মেহেদী হাসান শ্রাবণ, বললেন ‘আমি সত্যিই দুঃখিত’

একসময় বার্সেলোনার হয়ে লিওনেল মেসির সঙ্গে খেলেছেন, জিতেছেন একের পর এক শিরোপা। ব্রাজিলের হয়ে জিতেছেন কোপা আমেরিকা, ফিফা কনফেডারেশনস কাপ, অলিম্পিকে স্বর্ণপদক। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড়দের একজন হিসেবেও পরিচিত তিনি।

কিন্তু সেই বর্ণাঢ্য ক্যারিয়ারের পর এখন সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মুখোমুখি আলভেস। একদিকে প্রায় ১৭ কোটি টাকার দেনার দাবি ঘিরে সম্পত্তি ও গাড়ি অবরুদ্ধ, অন্যদিকে দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্কে ভাঙন। সব মিলিয়ে জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে তার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তার স্বার্থে বেইজিংয়ে ড্রোনের মালিকানা ও সংরক্ষণ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


নিরাপত্তার স্বার্থে বেইজিংয়ে ড্রোনের মালিকানা ও সংরক্ষণ নিষিদ্ধ

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : চীনের রাজধানী বেইজিংয়ে ড্রোনের মালিকানা এবং সংরক্ষণে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার থেকে নিষেধাজ্ঞাটি কার্যকর হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নিষেধাজ্ঞাটি বেইজিংয়ের শহর ও গ্রাম—দুই এলাকার জন্য প্রযোজ্য। প্রায় ১৬ হাজার ৪০০ বর্গকিলোমিটার আয়তনের এই পৌর এলাকা বেলজিয়ামের আয়তনের প্রায় অর্ধেক।

গত সেপ্টেম্বর মাসে বেইজিং কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকে সেখানে ড্রোন বা চালকবিহীন উড়োজাহাজ (ইউএভি) রাখা এবং সংরক্ষণ করা যাবে না। এমনকি ড্রোন বা এর যন্ত্রাংশ শহরের ভেতরে নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে ড্রোনের মালিকদের তাদের ড্রোন সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর ফলে তারা অনুমোদিত পুনঃক্রয়কেন্দ্রে ড্রোন বিক্রি করতে সক্ষম হয়েছেন। অনলাইনে বিক্রির সুযোগও ছিল।

যদি তারা চান, তাহলে নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকার বাইরেও ড্রোন নিয়ে যেতে পারছেন।

চীনের কেন্দ্রীয় সরকার, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সদর দপ্তর বেইজিংয়ে অবস্থিত। এই কারণে শহরটিতে আগে থেকেই কঠোর নিরাপত্তাব্যবস্থা কার্যকর রয়েছে।

গত জুনে বেইজিংয়ের আকাশসীমার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সে সময় একটি ছোট উড়োজাহাজ শহরের সবচেয়ে উঁচু ভবনে আছড়ে পড়ে।

এতে উড়োজাহাজটির পাইলটের মৃত্যু ঘটে এবং আরও ১৩ জন আহত হন।

এর আগে, ২০২৬ সালের মে মাসে বেইজিংয়ে ড্রোন বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তখন ড্রোনের মালিকদের কর্তৃপক্ষের কাছে নিজেদের ড্রোন নিবন্ধন করতে হতো।

তবে নিবন্ধনের পর সেগুলো নিজেদের কাছে রাখার অনুমতি ছিল।

নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী, যদি কারও কাছে ড্রোন পাওয়া যায়, তাহলে তাকে জরিমানা করা হতে পারে এবং ড্রোনটিকে জব্দ করা হতে পারে।

তবে সন্ত্রাসবিরোধী কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষা, জরুরি ত্রাণ কার্যক্রম, কৃষিকাজ কিংবা বৈজ্ঞানিক গবেষণার মতো বিশেষ প্রয়োজনে ড্রোন উড়ানোর অনুমতি দেওয়া হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভয়াল সিডরের ১৯ বছর আজ: স্বজন হারানোর বেদনা ও আতঙ্ক নিয়ে এখনো বেঁচে আছেন উপকূলবাসী

আন্তর্জাতিক ডেস্ক

মাছুদুর রহমান আসলাম স্টাফ রিপোর্টার বরিশাল

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


ভয়াল সিডরের ১৯ বছর আজ: স্বজন হারানোর বেদনা ও আতঙ্ক নিয়ে এখনো বেঁচে আছেন উপকূলবাসী

আজ ১৫ নভেম্বর। স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পূর্তি। ২০০৭ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জনপদ। বিশেষ করে বরগুনার পাথরঘাটা উপজেলাসহ উপকূলীয় এলাকাজুড়ে নেমে এসেছিল এক ভয়াবহ মানবিক বিপর্যয়। ঝড়ের তাণ্ডবে প্রাণ হারান হাজারো মানুষ, ধ্বংস হয় ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকার অবলম্বন। স্বজন হারানোর সেই শোক আর দুঃসহ স্মৃতি ১৯ বছর পরও ভুলতে পারেননি উপকূলের মানুষ।

দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও সিডরের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন পাথরঘাটার অনেক পরিবার। মাত্র কয়েক মিনিটের ভয়াবহ তাণ্ডবে মুহূর্তেই বদলে যায় অসংখ্য মানুষের জীবন। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ছিল লাশ, বিধ্বস্ত ঘরবাড়ি আর স্বজন হারানো মানুষের আহাজারি। অনেক এলাকায় মৃতদেহ দাফন করার মতো পর্যাপ্ত জায়গাও পাওয়া যায়নি। সেই ভয়াল রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় বেঁচে থাকা মানুষগুলোকে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিডরের আঘাতে পাথরঘাটা উপজেলায় ৩৪৯ জনসহ বরগুনা জেলায় মোট ১ হাজার ৩৪৫ জন প্রাণ হারান। এ ছাড়া সাগরে মাছ ধরতে গিয়ে পাথরঘাটার ৯১ জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। তাঁদের কেউ জীবিত আছেন, নাকি সাগরের অতল জলে চিরতরে হারিয়ে গেছেন—আজও তার কোনো নিশ্চিত তথ্য জানেন না স্বজনেরা।

নিখোঁজ জেলেদের স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যরা দীর্ঘ ১৯ বছর ধরে অপেক্ষায় রয়েছেন প্রিয়জনের ফিরে আসার আশায়। অনেক পরিবার এখনো তাঁদের নিখোঁজ স্বজনদের মৃত্যুর কোনো আনুষ্ঠানিক সনদ পাননি। ফলে জমিজমা সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রেও নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তাঁরা। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে জীবিকার অনিশ্চয়তা—সব মিলিয়ে দুর্বিষহ জীবন কাটছে এসব পরিবারের।

পাথরঘাটার এমনই এক পরিবারের করুণ চিত্র সিডরে নিখোঁজ হওয়া একমাত্র উপার্জনক্ষম ছেলেকে ঘিরে। বাবা-মায়ের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছেলেটি মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। সন্তানের শোকে অসুস্থ হয়ে বিছানায় দিন কাটাচ্ছেন বাবা। সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে মা সালেহাকে। জীবিকার তাগিদে তাঁকেই নদীতে মাছ শিকারে যেতে হয়। এভাবেই অভাব-অনটন আর অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করছেন তিনি।

সিডরে দুই ভাইকে হারানো রহিম বলেন, ‘আমার দুই ভাইসহ ১৭ জন জেলে একটি ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। সিডরের পর সেই ট্রলারসহ তাঁরা নিখোঁজ হন। আজও আমার ভাইদের কোনো সন্ধান পাইনি। তাঁরা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, তা-ও জানি না। দীর্ঘ ১৯ বছর ধরে এই অপেক্ষা আর কষ্ট বয়ে বেড়াচ্ছি।’

পাথরঘাটায় রহিমের মতো অসংখ্য মানুষ রয়েছেন, যাঁরা সিডরের আঘাতে পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আজও ঘুরে দাঁড়াতে পারেননি। অনেক পরিবারে স্বজন হারানোর শোকের পাশাপাশি রয়েছে আর্থিক সংকট, কর্মসংস্থানের অভাব এবং সামাজিক ও প্রশাসনিক নানা জটিলতা।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘এই ঝড় পাথরঘাটার মানুষের জীবনের সম্বল কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে তাঁদের আপনজনদের। তাই এই ক্ষতি অপূরণীয়। সরকারি ও সহায়তাদানকারী সংস্থাগুলো উপকূলীয় মানুষের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করলে তাঁরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ভয়াবহ দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকেও তাঁদের রক্ষা করা সম্ভব হবে।’

১৯ বছর আগে সিডরের সেই ভয়াল রাত কেড়ে নিয়েছিল হাজারো প্রাণ, নিঃস্ব করেছিল অসংখ্য পরিবারকে। সময়ের ব্যবধানে উপকূলের অনেক ক্ষত দৃশ্যমানভাবে সেরে উঠলেও স্বজন হারানোর বেদনা আজও মুছে যায়নি। প্রতিবছর ১৫ নভেম্বর ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি। নিখোঁজ স্বজনদের অপেক্ষায় থাকা পরিবারগুলোর কাছে সিডর শুধু একটি প্রাকৃতিক দুর্যোগের নাম নয়, এটি আজও না-পাওয়া খবর, হারিয়ে যাওয়া স্বজন আর চোখের জলের এক দীর্ঘ ইতিহাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারাবন্দি সাত মেয়র তুরস্কের প্রধান বিরোধী দলে যোগ দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


কারাবন্দি সাত মেয়র তুরস্কের প্রধান বিরোধী দলে যোগ দিলেন

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : তুরস্কের কারা কর্তৃপক্ষের হাতে বন্দি সাতজন মেয়র একটি নতুন বিরোধী রাজনৈতিক দলে যোগদান করেছেন। শনিবার অনুষ্ঠিত হয় দলটির প্রতিষ্ঠাতা সম্মেলন। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে দলটি।

এএফপি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে ওজগুর ওজেল ‘ইয়েনি পার্টি’ (নিউ পার্টি বা নতুন দল) প্রতিষ্ঠা করেন। এর আগে, আদালতের এক রায়ে তাকে তৎকালীন প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

সিএইচপির বেশ কয়েকজন সংসদ সদস্য পরে ওজেলের সঙ্গে যোগ দেন, ফলে তার নতুন দলটি তুরস্কের প্রধান বিরোধী রাজনৈতিক দলে পরিণত হয়।

শনিবারের সম্মেলনে ওজেল সাতজন মেয়রের একটি চিঠি পড়ে শোনান। এই সাতজনের মধ্যে ছয়জনই ইস্তাম্বুলের বিভিন্ন জেলার মেয়র। চিঠিতে তারা ওজেলের নতুন দলে যোগ দেওয়ার বিষয়টি ঘোষণা করেন।

মেয়ররা চিঠিতে উল্লেখ করেন, ‘জনগণ ভোটের মাধ্যমে আমাদের যে দায়িত্ব ও ক্ষমতা দিয়েছিল, রাজনৈতিক হস্তক্ষেপের কাছে তা সমর্পণ না করায় আমাদের কারাবন্দি করা হয়েছে।’

তারা আরও বলেন, রাজনৈতিক নিপীড়নের মুখেও তারা ওজেলের নতুন দলে যোগ দিয়ে রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বর্তমানে তুরস্কের বিরোধী দলগুলো ক্রমবর্ধমান দমন-পীড়নের শিকার হচ্ছে। মেয়র ও নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একের পর এক গ্রেফতার ও মামলা দায়ের করা হচ্ছে। বিরোধী দলগুলোর অভিযোগ, এসব পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে তৎকালীন ওজেল নেতৃত্বাধীন সিএইচপি বড় ধরনের জয় লাভ করে। ক্ষমতাসীন একে পার্টিকে পরাজিত করার পর থেকেই বিরোধীদের ওপর দমন-পীড়ন বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

‘পচন ধরা ও জরাজীর্ণ’ শাসনব্যবস্থা

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৯ জন মেয়র রয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু, যিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হন।

দলীয় সম্মেলনে ওজেল বলেন, ‘তুরস্কের বিভিন্ন কারাগারে আমাদের নির্বাচিত মেয়র, কাউন্সিল সদস্য, সরকারি কর্মকর্তা এবং অসংখ্য ভাই-বোন বন্দি রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘যারা ব্যালটের মাধ্যমে পরাজিত হয়েছে, তারা জনগণের রায়কে অসম্মান করেছে।’

ওজেলের অভিযোগ, রাজনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে বিরোধীদের মোকাবিলা না করে তাদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।

তবে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘কোনো অন্যায়ের বিচারহীনতা থাকবে না। কোনো কষ্ট, কোনো বেদনা বৃথা যাবে না।’

দলের অগ্রাধিকার

সম্মেলনে ওজেল তার দলের রাজনৈতিক অগ্রাধিকার তুলে ধরেন। তার বক্তব্যে নির্বাচনী ইশতেহারের প্রতিফলন দেখা যায়।

দলের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং আবাসন খাতে নতুন নীতিমালা প্রণয়ন।

এ সময় তিনি তুরস্কের বর্তমান শাসনব্যবস্থাকে ‘পচন ধরা, জরাজীর্ণ ও অহংকারী শাসনব্যবস্থা’ বলে সমালোচনা করেন। তার দাবি, এ শাসনব্যবস্থার পতন এখন সময়ের ব্যাপার মাত্র।

ওজেল বলেন, ‘এরদোয়ান পুরোনো ব্যবস্থার প্রতিনিধি। পুরোনোকে বিদায় নিতে হবে, পরিবর্তন আনতে হবে। যিনি ক্লান্ত, তাঁর সরে দাঁড়ানো উচিত।’

৭২ বছর বয়সী এরদোগান জানিয়েছেন, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আবারও প্রার্থী হতে চান। ২০০৩ সাল থেকে তিনি তুরস্কের ক্ষমতায় রয়েছেন। প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—ছাত্রদল কর্মীদের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—ছাত্রদল কর্মীদের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শিবির নেতাদের গুরুত্ব দেওয়ার অভিযোগ তুলে তারা এই বাকবিতণ্ডায় অংশ নেন এবং হলের নবনির্মিত সাইকেল গ্যারেজ উদ্বোধন নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেন।

রোববার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে প্রভোস্টের কার্যালয়ে। প্রভোস্ট জানিয়েছেন, তিনি কাউকে আলাদাভাবে ডাকেননি এবং তাজুল ইসলাম নিজ থেকেই সেখানে উপস্থিত হন। তিনি উল্লেখ করেন, গত বৃহস্পতিবার নোটিশের মাধ্যমে সকলকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠান সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় এবং উপস্থিতি নিশ্চিত করতে হলের কর্মকর্তারা শিক্ষার্থী ও বিভিন্ন দলের নেতাকর্মীদের অনুষ্ঠান শুরুর আগে রিমাইন্ডার দেন।

উদ্বোধনের পর হল প্রভোস্টের কক্ষে প্রভোস্টের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল কর্মী খন্দকার মেহেদী প্রভোস্টকে উদ্দেশ্য করে বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির নিয়ে কোনো প্রোগ্রাম করা যাবে না। আপনি শিবিরকে নিয়ে কেন প্রোগ্রাম করেছেন?"

মতিহার হল ছাত্রদলের সভাপতি হাসিম রানা দাবি করেন, সাইকেল গ্যারেজ নির্মাণের জন্য এবং গ্রিল স্থাপন করে সুরক্ষা নিশ্চিত করতে ছাত্রদল দাবি তুললেও তাদের গুরুত্ব না দিয়ে শাখা শিবিরের নেতাকর্মীদের গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, "আমাদেরকে অনুষ্ঠানের ১০-১৫ মিনিট আগে জানানো হয়েছে কিন্তু শিবির নেতাদের অনেক আগে জানানো হয়েছে। তাদের প্রভোস্ট বেশি গুরুত্ব দেন এবং এজেন্ডা বাস্তবায়ন করেন।"

অপরদিকে হল সংসদের সাবেক ভিপি ও সাবেক শিবির সভাপতি তাজুল ইসলাম বলেন, গ্যারেজ নির্মাণে হল সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি জানান, "আমি শিবির হিসেবে নয়, সাবেক ভিপি হিসেবে উপস্থিত ছিলাম।"

হল প্রশাসন উদাসীন বলে মন্তব্য করে তিনি অভিযোগ করেন, গ্যারেজের কাজ অনেক আগে শেষ হয়েছে এবং হল সংসদ থাকাকালীন সময়ে এটি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু প্রশাসন তাদের জন্য তা সহজ করেনি।

বাকবিতণ্ডা চলাকালে হল ছাত্রদলের সভাপতি হাসিম রানা, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নিশাতসহ ছাত্রদল কর্মী জাহিদ হাসান, আল আমিন রিজভী, সুলগ্ন রায় শুভ, আবদুল্লাহ আল মোস্তাফিজ ও জালাল ফারাজী উপস্থিত ছিলেন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%