মাছুদুর রহমান আসলাম স্টাফ রিপোর্টার বরিশাল
০৪:০২ পি.এম
আজ ১৫ নভেম্বর। স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পূর্তি। ২০০৭ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জনপদ। বিশেষ করে বরগুনার পাথরঘাটা উপজেলাসহ উপকূলীয় এলাকাজুড়ে নেমে এসেছিল এক ভয়াবহ মানবিক বিপর্যয়। ঝড়ের তাণ্ডবে প্রাণ হারান হাজারো মানুষ, ধ্বংস হয় ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকার অবলম্বন। স্বজন হারানোর সেই শোক আর দুঃসহ স্মৃতি ১৯ বছর পরও ভুলতে পারেননি উপকূলের মানুষ।
দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও সিডরের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন পাথরঘাটার অনেক পরিবার। মাত্র কয়েক মিনিটের ভয়াবহ তাণ্ডবে মুহূর্তেই বদলে যায় অসংখ্য মানুষের জীবন। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ছিল লাশ, বিধ্বস্ত ঘরবাড়ি আর স্বজন হারানো মানুষের আহাজারি। অনেক এলাকায় মৃতদেহ দাফন করার মতো পর্যাপ্ত জায়গাও পাওয়া যায়নি। সেই ভয়াল রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় বেঁচে থাকা মানুষগুলোকে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিডরের আঘাতে পাথরঘাটা উপজেলায় ৩৪৯ জনসহ বরগুনা জেলায় মোট ১ হাজার ৩৪৫ জন প্রাণ হারান। এ ছাড়া সাগরে মাছ ধরতে গিয়ে পাথরঘাটার ৯১ জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। তাঁদের কেউ জীবিত আছেন, নাকি সাগরের অতল জলে চিরতরে হারিয়ে গেছেন—আজও তার কোনো নিশ্চিত তথ্য জানেন না স্বজনেরা।
নিখোঁজ জেলেদের স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যরা দীর্ঘ ১৯ বছর ধরে অপেক্ষায় রয়েছেন প্রিয়জনের ফিরে আসার আশায়। অনেক পরিবার এখনো তাঁদের নিখোঁজ স্বজনদের মৃত্যুর কোনো আনুষ্ঠানিক সনদ পাননি। ফলে জমিজমা সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রেও নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তাঁরা। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে জীবিকার অনিশ্চয়তা—সব মিলিয়ে দুর্বিষহ জীবন কাটছে এসব পরিবারের।
পাথরঘাটার এমনই এক পরিবারের করুণ চিত্র সিডরে নিখোঁজ হওয়া একমাত্র উপার্জনক্ষম ছেলেকে ঘিরে। বাবা-মায়ের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছেলেটি মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। সন্তানের শোকে অসুস্থ হয়ে বিছানায় দিন কাটাচ্ছেন বাবা। সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে মা সালেহাকে। জীবিকার তাগিদে তাঁকেই নদীতে মাছ শিকারে যেতে হয়। এভাবেই অভাব-অনটন আর অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করছেন তিনি।
সিডরে দুই ভাইকে হারানো রহিম বলেন, ‘আমার দুই ভাইসহ ১৭ জন জেলে একটি ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। সিডরের পর সেই ট্রলারসহ তাঁরা নিখোঁজ হন। আজও আমার ভাইদের কোনো সন্ধান পাইনি। তাঁরা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, তা-ও জানি না। দীর্ঘ ১৯ বছর ধরে এই অপেক্ষা আর কষ্ট বয়ে বেড়াচ্ছি।’
পাথরঘাটায় রহিমের মতো অসংখ্য মানুষ রয়েছেন, যাঁরা সিডরের আঘাতে পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আজও ঘুরে দাঁড়াতে পারেননি। অনেক পরিবারে স্বজন হারানোর শোকের পাশাপাশি রয়েছে আর্থিক সংকট, কর্মসংস্থানের অভাব এবং সামাজিক ও প্রশাসনিক নানা জটিলতা।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘এই ঝড় পাথরঘাটার মানুষের জীবনের সম্বল কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে তাঁদের আপনজনদের। তাই এই ক্ষতি অপূরণীয়। সরকারি ও সহায়তাদানকারী সংস্থাগুলো উপকূলীয় মানুষের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করলে তাঁরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ভয়াবহ দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকেও তাঁদের রক্ষা করা সম্ভব হবে।’
১৯ বছর আগে সিডরের সেই ভয়াল রাত কেড়ে নিয়েছিল হাজারো প্রাণ, নিঃস্ব করেছিল অসংখ্য পরিবারকে। সময়ের ব্যবধানে উপকূলের অনেক ক্ষত দৃশ্যমানভাবে সেরে উঠলেও স্বজন হারানোর বেদনা আজও মুছে যায়নি। প্রতিবছর ১৫ নভেম্বর ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি। নিখোঁজ স্বজনদের অপেক্ষায় থাকা পরিবারগুলোর কাছে সিডর শুধু একটি প্রাকৃতিক দুর্যোগের নাম নয়, এটি আজও না-পাওয়া খবর, হারিয়ে যাওয়া স্বজন আর চোখের জলের এক দীর্ঘ ইতিহাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : তুরস্কের কারা কর্তৃপক্ষের হাতে বন্দি সাতজন মেয়র একটি নতুন বিরোধী রাজনৈতিক দলে যোগদান করেছেন। শনিবার অনুষ্ঠিত হয় দলটির প্রতিষ্ঠাতা সম্মেলন। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে দলটি।
এএফপি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে ওজগুর ওজেল ‘ইয়েনি পার্টি’ (নিউ পার্টি বা নতুন দল) প্রতিষ্ঠা করেন। এর আগে, আদালতের এক রায়ে তাকে তৎকালীন প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
সিএইচপির বেশ কয়েকজন সংসদ সদস্য পরে ওজেলের সঙ্গে যোগ দেন, ফলে তার নতুন দলটি তুরস্কের প্রধান বিরোধী রাজনৈতিক দলে পরিণত হয়।
শনিবারের সম্মেলনে ওজেল সাতজন মেয়রের একটি চিঠি পড়ে শোনান। এই সাতজনের মধ্যে ছয়জনই ইস্তাম্বুলের বিভিন্ন জেলার মেয়র। চিঠিতে তারা ওজেলের নতুন দলে যোগ দেওয়ার বিষয়টি ঘোষণা করেন।
মেয়ররা চিঠিতে উল্লেখ করেন, ‘জনগণ ভোটের মাধ্যমে আমাদের যে দায়িত্ব ও ক্ষমতা দিয়েছিল, রাজনৈতিক হস্তক্ষেপের কাছে তা সমর্পণ না করায় আমাদের কারাবন্দি করা হয়েছে।’
তারা আরও বলেন, রাজনৈতিক নিপীড়নের মুখেও তারা ওজেলের নতুন দলে যোগ দিয়ে রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বর্তমানে তুরস্কের বিরোধী দলগুলো ক্রমবর্ধমান দমন-পীড়নের শিকার হচ্ছে। মেয়র ও নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একের পর এক গ্রেফতার ও মামলা দায়ের করা হচ্ছে। বিরোধী দলগুলোর অভিযোগ, এসব পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে তৎকালীন ওজেল নেতৃত্বাধীন সিএইচপি বড় ধরনের জয় লাভ করে। ক্ষমতাসীন একে পার্টিকে পরাজিত করার পর থেকেই বিরোধীদের ওপর দমন-পীড়ন বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
‘পচন ধরা ও জরাজীর্ণ’ শাসনব্যবস্থা
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৯ জন মেয়র রয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু, যিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হন।
দলীয় সম্মেলনে ওজেল বলেন, ‘তুরস্কের বিভিন্ন কারাগারে আমাদের নির্বাচিত মেয়র, কাউন্সিল সদস্য, সরকারি কর্মকর্তা এবং অসংখ্য ভাই-বোন বন্দি রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘যারা ব্যালটের মাধ্যমে পরাজিত হয়েছে, তারা জনগণের রায়কে অসম্মান করেছে।’
ওজেলের অভিযোগ, রাজনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে বিরোধীদের মোকাবিলা না করে তাদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।
তবে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘কোনো অন্যায়ের বিচারহীনতা থাকবে না। কোনো কষ্ট, কোনো বেদনা বৃথা যাবে না।’
দলের অগ্রাধিকার
সম্মেলনে ওজেল তার দলের রাজনৈতিক অগ্রাধিকার তুলে ধরেন। তার বক্তব্যে নির্বাচনী ইশতেহারের প্রতিফলন দেখা যায়।
দলের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং আবাসন খাতে নতুন নীতিমালা প্রণয়ন।
এ সময় তিনি তুরস্কের বর্তমান শাসনব্যবস্থাকে ‘পচন ধরা, জরাজীর্ণ ও অহংকারী শাসনব্যবস্থা’ বলে সমালোচনা করেন। তার দাবি, এ শাসনব্যবস্থার পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
ওজেল বলেন, ‘এরদোয়ান পুরোনো ব্যবস্থার প্রতিনিধি। পুরোনোকে বিদায় নিতে হবে, পরিবর্তন আনতে হবে। যিনি ক্লান্ত, তাঁর সরে দাঁড়ানো উচিত।’
৭২ বছর বয়সী এরদোগান জানিয়েছেন, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আবারও প্রার্থী হতে চান। ২০০৩ সাল থেকে তিনি তুরস্কের ক্ষমতায় রয়েছেন। প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শিবির নেতাদের গুরুত্ব দেওয়ার অভিযোগ তুলে তারা এই বাকবিতণ্ডায় অংশ নেন এবং হলের নবনির্মিত সাইকেল গ্যারেজ উদ্বোধন নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেন।
রোববার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে প্রভোস্টের কার্যালয়ে। প্রভোস্ট জানিয়েছেন, তিনি কাউকে আলাদাভাবে ডাকেননি এবং তাজুল ইসলাম নিজ থেকেই সেখানে উপস্থিত হন। তিনি উল্লেখ করেন, গত বৃহস্পতিবার নোটিশের মাধ্যমে সকলকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠান সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় এবং উপস্থিতি নিশ্চিত করতে হলের কর্মকর্তারা শিক্ষার্থী ও বিভিন্ন দলের নেতাকর্মীদের অনুষ্ঠান শুরুর আগে রিমাইন্ডার দেন।
উদ্বোধনের পর হল প্রভোস্টের কক্ষে প্রভোস্টের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল কর্মী খন্দকার মেহেদী প্রভোস্টকে উদ্দেশ্য করে বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির নিয়ে কোনো প্রোগ্রাম করা যাবে না। আপনি শিবিরকে নিয়ে কেন প্রোগ্রাম করেছেন?"
মতিহার হল ছাত্রদলের সভাপতি হাসিম রানা দাবি করেন, সাইকেল গ্যারেজ নির্মাণের জন্য এবং গ্রিল স্থাপন করে সুরক্ষা নিশ্চিত করতে ছাত্রদল দাবি তুললেও তাদের গুরুত্ব না দিয়ে শাখা শিবিরের নেতাকর্মীদের গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, "আমাদেরকে অনুষ্ঠানের ১০-১৫ মিনিট আগে জানানো হয়েছে কিন্তু শিবির নেতাদের অনেক আগে জানানো হয়েছে। তাদের প্রভোস্ট বেশি গুরুত্ব দেন এবং এজেন্ডা বাস্তবায়ন করেন।"
অপরদিকে হল সংসদের সাবেক ভিপি ও সাবেক শিবির সভাপতি তাজুল ইসলাম বলেন, গ্যারেজ নির্মাণে হল সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি জানান, "আমি শিবির হিসেবে নয়, সাবেক ভিপি হিসেবে উপস্থিত ছিলাম।"
হল প্রশাসন উদাসীন বলে মন্তব্য করে তিনি অভিযোগ করেন, গ্যারেজের কাজ অনেক আগে শেষ হয়েছে এবং হল সংসদ থাকাকালীন সময়ে এটি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু প্রশাসন তাদের জন্য তা সহজ করেনি।
বাকবিতণ্ডা চলাকালে হল ছাত্রদলের সভাপতি হাসিম রানা, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নিশাতসহ ছাত্রদল কর্মী জাহিদ হাসান, আল আমিন রিজভী, সুলগ্ন রায় শুভ, আবদুল্লাহ আল মোস্তাফিজ ও জালাল ফারাজী উপস্থিত ছিলেন।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই মাসের গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের বিচার কার্যক্রমকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে দেশের ৬৪ জেলায় গণশুনানি অনুষ্ঠিত হবে, এমন সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা।
রোববার, ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি উল্লেখ করেন, ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন এজেন্সি যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, সারা দেশের ৬৪ জেলায় ক্যাম্পেইন ও গণশুনানি পরিচালনা করা হবে।
চিফ প্রসিকিউটর আরও জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় রাজনৈতিক নিপীড়নের শিকার বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, পঙ্গুত্ববরণকারী এবং আহত ব্যক্তিদের এই গণশুনানিতে আমন্ত্রণ জানানো হবে। এনসিপি, জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের এই কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আহ্বান জানিয়ে বলেন, আমরা যখন যে জেলায় যাব, সেখানে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানাবো। বিগত স্বৈরাচারী সরকারের সময় যারা ক্রসফায়ার, গুম ও অন্যান্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অথবা নির্যাতনের শিকার হয়েছেন— তাদেরকে আমাদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিয়ানমারের সেনাবাহিনী কি রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে গণহত্যা করেছে, সে বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) চলতি সপ্তাহে একটি ঐতিহাসিক রায় দিতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে এ রায় ঘোষণা করা হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিচার আদালত এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করেনি। এ কারণে, মিয়ানমারের বিরুদ্ধে এ রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। একই সঙ্গে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার বিচারেও এর প্রভাব পড়তে পারে।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ফলে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনাকে গণহত্যা হিসেবে উল্লেখ করে ২০১৯ সালে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে।
মামলার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এসব অভিযান পরিচালিত হয়েছিল কি না। আইন বিশেষজ্ঞদের মতে, গণহত্যার অভিযোগ প্রমাণের জন্য অপরাধ সংঘটনের পাশাপাশি একটি জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় প্রমাণ করা জরুরি।
রোহিঙ্গা শরণার্থীদের প্রতিনিধিত্বকারী সংস্থা লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা আন্তোনিয়া মুলভি বলেছেন, "সেনাবাহিনীর ধারাবাহিক হামলা, হত্যা, ধর্ষণ ও যৌন সহিংসতার ধরন থেকেই রোহিঙ্গাদের ধ্বংসের পরিকল্পিত উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়।"
অন্যদিকে, মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তাদের সামরিক অভিযান ছিল বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত অভিযান।
আদালতের রায়ে মিয়ানমার গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত হলে, দেশটির সামরিক নেতা মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ আরো বাড়তে পারে। পাশাপাশি, মিয়ানমারের কাছে অস্ত্র ও জ্বালানি সরবরাহ বন্ধে বিভিন্ন দেশের ওপর চাপ সৃষ্টি হতে পারে।
তবে অনেক পর্যবেক্ষকের মতে, আইসিজের এই রায়ের গুরুত্ব মিয়ানমারের সীমানা ছাড়িয়ে আরো বিস্তৃত। কারণ, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় বিচারকেরা কী ধরনের অবস্থান নিতে পারেন, সে বিষয়ে এই রায় গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেবে।
দুটি মামলার মধ্যে বেশ কিছু মিল রয়েছে। উভয় ক্ষেত্রেই একটি শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে একটি জাতিগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার অভিযোগ উঠেছে। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরাইল অনেক বেশি কূটনৈতিক সমর্থন পেয়ে থাকে।
এমন এক সময়ে এই রায় আসছে, যখন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বিরুদ্ধে অবস্থান জোরদার করেছে। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ইতোমধ্যে রোহিঙ্গা সংকটকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তবে ট্রাম্প প্রশাসনের জাতিসংঘবিষয়ক রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ সতর্ক করে বলেছেন, "আইসিজেকে এমন কোনো মানদণ্ড প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না, যা ‘মিত্রদেশের সেনাদের’ বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।" ইসরাইলি সেনাদের ক্ষেত্রেও এই বক্তব্য প্রাসঙ্গিক হতে পারে।
বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। অন্যদিকে, মিয়ানমারে ছয় লাখেরও কম রোহিঙ্গা বসবাস করছেন বলে ধারণা করা হয়।
রোহিঙ্গা জনগণের প্রত্যাশা, আন্তর্জাতিক আদালতের এই রায় তাদের দীর্ঘদিনের নিপীড়ন ও বৈষম্যের অবসানে ভূমিকা রাখবে। তাদের দাবি, শুধু সহানুভূতি নয়, প্রয়োজন ন্যায়বিচার, নাগরিক স্বীকৃতি, সমান অধিকার এবং নিজ দেশে নিরাপদে বসবাসের নিশ্চয়তা।
সূত্র: দ্য গার্ডিয়ান
আরিএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ