সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০২:১২ পি.এম
প্রেমের ফাঁদ ‘অনলাইন’। প্রেমের জন্য আকৃষ্ট হতে চান বা না চান— মায়ার বাঁধনে জড়িয়ে প্রতারণার ফাঁদে পড়ার সম্ভাবনা রয়েছে সকলের। যতই বুদ্ধিমান হোন না কেন— কোথায় ওঁৎ পাতা রয়েছে তা বোঝা কঠিন। এই অনলাইনের প্রেমের বিষয়টি নিয়ে সতর্ক করেছেন অস্ট্রেলিয়া নিবাসী সাইবার নিরাপত্তা কর্মী আরন বুগাল।
প্রেমের আবেগের সঙ্গে টাকা চাওয়ার কৌশল এখন অতীত। বরং সরাসরি প্রেমের প্রস্তাব না দিয়ে, মনের ক্ষতে প্রলেপ দিয়ে বিশ্বাস অর্জন করেই চলছে প্রতারণার কৌশল। ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে। কখনো কখনো এমন বিপদের টোপ ফেলা হচ্ছে, সত্যি-মিথ্যা না বুঝে, আবার কখনো সরাসরি ‘না’ করতে পারার কারণে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন অনেকে।
প্রেমের ধরন এবং সংজ্ঞা এখন সম্পূর্ণ ভিন্ন। সঙ্গীর খোঁজ এখন হয়ে থাকে ডেটিং অ্যাপে। কখনো সামাজিক মাধ্যমের মাধ্যমে মন-শরীরের সংযোগ ঘটে। সব কিছুই যে ভুয়া, প্রেম যে হয় না, তা কিন্তু নয়। তবে সামান্য অসাবধানতা ঘটলে বড় বিপদ ঘটতে পারে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইবার নিরাপত্তা কর্মী আরন বুগাল জানিয়েছেন, "প্রতারকদের লক্ষ্যই থাকে অন্যদিকের মানুষটিকে প্রেমের জালে ফাঁসিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া এবং আর্থিক প্রতারণা"।
কিন্তু কোনটি প্রেম এবং কোনটি ফাঁদ— কীভাবে বুঝবেন? সরাসরি টাকা চাওয়ার পরিবর্তে প্রতারকরা অন্য পন্থায় চলে। প্রথম শর্ত হলো— কারও একাকিত্বের দিনগুলোতে ভরসার হাত বাড়িয়ে দেওয়া। প্রথমে যত্ন, পাশে থাকার প্রতিশ্রুতি। বিশ্বাস অর্জনের পরেই তারা আসল কাজটি সম্পন্ন করে।
মন খারাপ বা সম্পর্কের ভাঙনের মুখে দাঁড়িয়ে কি সামাজিক মাধ্যমকেই ভরসাযোগ্য মনে হয়? যেসব রিল বা ভিডিওর কথায় মনের মিল পান, সেগুলো কি শেয়ার করেন? কোথায় ঘুরছেন, জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির কাহিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেন? সাইবার অপরাধীরা নিঃশব্দে সেসব লক্ষ করে ‘টার্গেট’ খুঁজে নেয়। অজান্তেই ফাঁদে পড়ে যেতে পারেন।
সাইবার নিরাপত্তা কর্মী আরন বুগাল বলেন, "ব্যক্তিগত তথ্য, জীবনের প্রতিটি মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলে বিপদ হতে পারে। প্রতারকরা তাদেরই বেছে নেন, যারা একাকিত্বে ভুগছেন, বিবাহবিচ্ছিন্ন বা জীবনে প্রেম খুঁজতে চাইছেন। শুধু আবেগপ্রবণ মানুষ নয়, প্রতারকরা চড়া সুদে বিনিয়োগ বা ক্রিপ্টোক্যারেন্সির লোভ দেখিয়ে অনেক সময় অভিজ্ঞ, চালাক-চতুর লোকজনকেও বোকা বানিয়ে দেয়।"
আর প্রতারকরা অনেক সময় ভুয়া ছবি ও পরিচয়ের ভেক ধরেও সম্পর্কে জড়ায়। দেখা করার কথা বললেই শুরু হয় অজুহাত।
চলুন জেনে নেওয়া যাক, যা দেখলে বুঝবেন লাল সংকেত—
প্রোফাইলের ছবি: প্রোফাইলের ছবিটি অতিমাত্রায় নিখুঁত, মডেলদের মতো হলে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। কারণ ‘গুগল রিভার্স ইমেজ সার্চ’-এ গিয়ে দেখুন, অন্য কারও মুখের সঙ্গে মিল আছে কিনা।
পরিচয়ে অসঙ্গতি: প্রোফাইলে পুরোনো কোনো ইতিহাস বা সাধারণ পোস্ট থাকে না। কথা বলার সময় তাদের তথ্য বা কাজের বিবরণ বার বার বদলে যায়। কথাগুলো শুনতে সাজানো-গোছানো মনে হলেও বাস্তবে তথ্য যাচাই করার মতো প্রমাণ পাওয়া যায় না।
ভালোবাসার নাটকের পর কৌশলে টাকা চাওয়া: সম্পর্কের একটি পর্যায়ে এসে তারা প্রয়োজনের কথা বলে- চিকিৎসার খরচ, আইনি সমস্যা বা যে কোনো জরুরি পরিস্থিতির কথা বলে টাকা দেওয়ার অনুরোধ করে, যা সচরাচর অন্য মানুষটির পক্ষে এড়ানো সম্ভব হয় না।
টাকা চাওয়ার পন্থা: টাকা দেওয়ার জন্য তারা গিফট কার্ড, ক্রিপ্টোকারেন্সি, ওয়্যার ট্রান্সফারের মতো আন্তর্জাতিক মাধ্যম ব্যবহারের অনুরোধ করতে পারে।
দেখা করতে না চাওয়া: দেখা করার কথা বললে নানা রকম অজুহাত দেয় তারা? কখনো বাড়ির সমস্যা, আবার কখনো নেটওয়ার্কের সমস্যা বলে ভিডিওকল এড়ায়। শেষ মুহূর্তে কাজ পড়েছে বলে এরা সাক্ষাৎ এড়ানোর চেষ্টা করে।
উপহারের জন্য মাসুল: কোনো দামি উপহার, গহনা পাঠিয়েছে জানিয়ে কুরিয়ার ফি, কাস্টমস চার্জ বা রিলিজ ফি বাবদ টাকা পাঠানোর কথা বলতে পারে। এভাবে কিছু টাকা হাতিয়ে নিতে পারে তারা।
মানসিক চাপ: কোনো বিষয় নিয়ে প্রশ্ন করলে বা পরিবারের সন্দেহকে গুরুত্ব দিতে অগ্রাহ্য করতে বলে বা বিশ্বাস করছো না বলে পালটা দোষী সাব্যস্ত করার চেষ্টা করে, তাহলে সতর্ক হওয়া দরকার। এটি অন্যজনকে মানসিকভাবে কাবু করার চেষ্টা হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুসলিম-বিদ্বেষ কেবল একটি ব্যক্তিগত ঘৃণা, কুসংস্কার বা বৈষম্যের বিষয় নয়; বরং এটি একটি বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত বর্ণবাদী ক্ষমতাকাঠামো, যা মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা ও গণহত্যাকে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য করে তোলে। এ মন্তব্য করেছেন মুসলিম-বিদ্বেষী বর্ণবাদ বিষয়ক গবেষক ড. আমিনা শরিফ।
তিনি উল্লেখ করেন, গাজা, ইরান ও লেবাননে চলমান ধ্বংসযজ্ঞ মুসলমানদের বিরুদ্ধে দীর্ঘদিনের বর্ণবাদী ও বৈষম্যমূলক ব্যবস্থার ধারাবাহিকতা। এই ব্যবস্থা মুসলমান এবং মুসলিম হিসেবে চিহ্নিত জনগণের নিরাপত্তাকে হুমকিরূপে উপস্থাপন করে। ফলে তাদের ওপর নিপীড়ন, সহিংসতা ও সামরিক অভিযানকে নিরাপত্তার স্বার্থে বৈধতা দেওয়ার সুযোগ সৃষ্টি হয়।
ড. আমিনার মতে, এই ব্যবস্থার কেন্দ্রে রয়েছে ‘মুসলিম সন্ত্রাসী’র একটি নেতিবাচক ধারণা। এর মাধ্যমে মুসলমানদের রাজনৈতিক অবস্থান ও অধিকার আদায়ের প্রচেষ্টাকে স্বাভাবিকভাবেই হুমকি হিসেবে চিত্রিত করা হয়। এই মানসিকতা কেবল নজরদারি, আটক কিংবা সামরিকীকৃত সীমান্তব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং যুদ্ধ, রাজনৈতিকভাবে পরিত্যাগ এবং মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশ ধ্বংসের ক্ষেত্রেও এর প্রতিফলন ঘটে।
তিনি আরও বলেন, ফিলিস্তিন একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যেখানে আধুনিক নিরাপত্তাব্যবস্থা, নিয়ন্ত্রণপ্রযুক্তি ও দমন-পীড়নের কৌশল পরীক্ষা ও পরিমার্জিত হয়েছে এবং পরবর্তী সময়ে বিশ্বের অন্যান্য অঞ্চলেও তা ব্যবহৃত হয়েছে। এ প্রক্রিয়াকে তিনি ‘প্যালেস্টাইন বুমেরাং’ ধারণার মাধ্যমে ব্যাখ্যা করেছেন।
ড. আমিনার মতে, ইরান, লেবানন, কাশ্মীর, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও আফগানিস্তানের সংঘাতগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট ভিন্ন হলেও এসব ক্ষেত্রে একটি অভিন্ন প্রবণতা লক্ষ্য করা যায়। তা হলো, মুসলিম জনগণকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরা এবং তাদের ওপর সংঘটিত সহিংসতা ও দুর্ভোগকে সহজেই ন্যায্যতা দেওয়ার পরিবেশ তৈরি করা।
ড. আমিনা শরিফ বলেন, মুসলিম-বিদ্বেষের বিরুদ্ধে লড়াই মূলত মানুষের জীবন, মর্যাদা ও মানবিক অধিকার রক্ষার সংগ্রাম। এমন একটি বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে ধারাবাহিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি, যে ব্যবস্থা গোটা জনগণকে অকালমৃত্যু ও ধ্বংসের ঝুঁকির মুখে ঠেলে দেয়।
তিনি আরো বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ অনিশ্চিত হলেও সেই লক্ষ্যে কাজ করার দায়িত্ব থেকে সরে আসার সুযোগ নেই।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্যস্ত জীবনের কারণে খাবার দ্রুত গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেনের ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বাসা থেকে অফিস—সব জায়গায় এই যন্ত্রের জনপ্রিয়তা দেখা যাচ্ছে। কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে, নিয়মিত মাইক্রোওয়েভে খাবার গরম করা কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়? খাবারের পুষ্টিগুণ কি নষ্ট হয়ে যায়? মাইক্রোওয়েভের বিকিরণ কি শরীরের কোষের ক্ষতি করে?
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করে খাবার গরম করলে ক্যানসারের ঝুঁকি বাড়ানোর কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং মাইক্রোওয়েভ সম্পর্কে প্রচলিত অনেক ধারণা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়।
মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করার জন্য একটি বিশেষ ধরনের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ ব্যবহার করা হয়। এটি নন-আয়োনাইজিং রেডিয়েশন বা নিম্নশক্তির বিকিরণ। এক্স-রে বা গামা রশ্মির মতো এর শক্তি সরাসরি ডিএনএ ক্ষতিগ্রস্ত করার জন্য যথেষ্ট নয়।
মাইক্রোওয়েভের তরঙ্গ খাবারের ভেতরের পানির অণুগুলোকে দ্রুত নড়াচড়া করায়। এর ফলে তাপ উৎপন্ন হয় এবং খাবার গরম হয়ে যায়। ওভেন বন্ধ করার পর এই তরঙ্গ আর থাকে না। ফলে খাবারও তেজস্ক্রিয় হয়ে যায় না।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) জানিয়েছে, নির্ধারিত নিরাপত্তামান পূরণ করে তৈরি এবং প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করা মাইক্রোওয়েভ ওভেন নিরাপদ।
তাহলে প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা কি নিরাপদ?
এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ সতর্কতা। মাইক্রোওয়েভের বিকিরণ নিজে ক্যানসারের কারণ না হলেও অনুপযুক্ত প্লাস্টিকের পাত্রে খাবার গরম করলে কিছু রাসায়নিক খাবারে মিশে যাওয়ার আশঙ্কা থাকতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ এশিয়ার হিমালয় অঞ্চলে অবস্থিত নেপালের সরকারি নাম ‘ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব নেপাল’। চীনের উত্তর সীমান্ত এবং ভারতের দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে অবস্থিত, দেশটির আয়তন প্রায় ১,৪৭,৫১৬ বর্গকিলোমিটার। কাঠমাণ্ডু হচ্ছে এর রাজধানী। প্রায় তিন কোটি জনসংখ্যার এই দেশের সরকারি ভাষা নেপালি এবং মুদ্রা নেপালি রুপি (NPR)। বাংলাদেশের সময়ের তুলনায় নেপাল ১৫ মিনিট পিছিয়ে রয়েছে।
নাগরকোট পেছনে ফেলে আমাদের বাস ধুলিখেলের দিকে এগিয়ে চলল। দুই পাশে পাহাড়ের সারি, মাঝখানে সরু আঁকাবাঁকা পথ। কখনো বাসটি ঢাল বেয়ে নিচে নামছে, কখনো বাঁক ঘুরে উঁচুতে উঠছে। জানালার বাইরে দিগন্তজোড়া পাহাড় ও ঘন বনভূমি দেখা যাচ্ছে। কোথাও সবুজের বুক চিরে বিশাল পাথুরে স্তম্ভ মাথা তুলে দাঁড়িয়ে আছে, যা আট-দশতলা ভবনের সমান। পথের প্রতিটি বাঁকে পাহাড়ের নতুন রূপ চোখে পড়ছিল।
নেপালের ভূপ্রকৃতিতে বিস্ময়কর বৈচিত্র্য বিদ্যমান। দেশটির মোট আয়তনের প্রায় ১৫ শতাংশ হিমালয়, ৬৮ শতাংশ পাহাড়ি এবং ১৭ শতাংশ সমতল তরাই অঞ্চলজুড়ে বিস্তৃত। এছাড়া, প্রায় ২.৬ শতাংশ জলভূমি রয়েছে।
পথ চলতে পাহাড়ের ঢালে ছোট ছোট জনপদ, ধাপে ধাপে সাজানো কৃষিজমি এবং মানুষের প্রাত্যহিক জীবনের বিচিত্র দৃশ্য চোখে পড়ল। দুর্গম ভূপ্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়েই এখানকার জনবসতি গড়ে উঠেছে। পাহাড় তাদের কাছে কেবল আবাসস্থল নয়, জীবিকা ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ।
নেপালের পাহাড়ি জনপদ প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা হলেও এখানকার জীবন সহজ নয়। সীমিত কৃষিজমি, শিক্ষা ও চিকিৎসাসেবার অপ্রতুলতা এবং বৈরী আবহাওয়া মানুষের জীবনকে কঠিন করে তোলে। জীবিকার সন্ধানে অনেক তরুণকে শহর কিংবা বিদেশে পাড়ি জমাতে হয়। তবু শত প্রতিকূলতার মধ্যেও তারা নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা আগলে রেখেছে। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে উপলব্ধি হলো, প্রতিটি জনপদের আড়ালে লুকিয়ে আছে মানুষের শ্রম, সংগ্রাম, ধৈর্য এবং বেঁচে থাকার এক নিরন্তর আখ্যান।
হঠাৎ চালক গাড়ি থামালেন। গাইড জানালেন, কাছেই দর্শনীয় স্থান বুদ্ধের শান্তির স্তূপ।
গাড়ি থেকে নেমে পাহাড়ি শীতল বাতাসে স্বস্তি পেলাম। পাহাড়ের ঢাল বেয়ে উঠে যাওয়া দীর্ঘ সিঁড়ি পেরিয়ে চূড়ায় পৌঁছাতেই চোখের সামনে বিশাল এক ধ্যানমগ্ন বুদ্ধমূর্তি ধরা দিল। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান।
নীল আকাশের নিচে প্রখর রোদে মূর্তিটি ঝলমল করছিল। দূর থেকে মনে হচ্ছিল, যেন সোনায় গড়া। কাছে গিয়ে তার গায়ের রং ও দীপ্তি দেখে মনে হলো, এটি পিতলের তৈরি। সূর্যের আলোয় মূর্তিজুড়ে ছড়িয়ে পড়েছে সোনালি আভা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলাম। প্রশান্ত মুখাবয়ব, অর্ধনিমীলিত চোখ এবং বিশাল অবয়বের দিকে তাকিয়ে মনে হলো, এটি যেন নিছক কোনো মূর্তি নয়; এক জীবন্ত সত্তা গভীর ধ্যানে নিমগ্ন হয়ে বসে আছেন।
চারদিকে চোখ মেলতেই পাহাড়ের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলাম। দিগন্তজোড়ে সারি সারি পাহাড়ের খাঁজকাটা চূড়াগুলো চিরুনির দাঁতের মতো আকাশের বুকে বিচিত্র নকশা এঁকে দিয়েছে। কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। পাহাড়ের এই বিশাল বিস্তারের সামনে দাঁড়িয়ে অনুভব করলাম, প্রকৃতির মহিমার কাছে মানুষের অস্তিত্ব কত ক্ষুদ্র!
নেপাল শুধুমাত্র পাহাড় ও মন্দিরের দেশ নয়; এটি বহু ধর্ম ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের এক বৈচিত্র্যময় জনপদ। জনসংখ্যার প্রায় ৮১.১৯ শতাংশ হিন্দু, ৮.২১ শতাংশ বৌদ্ধ, ৫.০৯ শতাংশ মুসলিম। বাকিরা অন্যান্য ধর্মাবলম্বী।
বুদ্ধমূর্তি
শান্তির স্তূপ
পাহাড়ি বাতাস বুকভরে টেনে আবার বুদ্ধমূর্তির দিকে তাকালাম। মনে হলো, এখানে এসে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শ্রদ্ধা নিবেদন করেন, ফুল ও ধূপ অর্পণ করেন, নীরবে প্রার্থনায় নিমগ্ন হন। সেই দৃশ্য কল্পনা করতেই স্থানটির আধ্যাত্মিক আবহ আরও গভীর হয়ে উঠল।
মানুষ জানে, একদিন মৃত্যুর মধ্য দিয়ে পার্থিব জীবনের অবসান ঘটবে; কিন্তু মৃত্যুর পর কী আছে, তা অজানা। সেই অজানাকে ঘিরেই যুগে যুগে জন্ম নিয়েছে নানা ধর্ম, বিশ্বাস ও আচার। পরকাল, পুনর্জন্ম, কর্মফল কিংবা পাপ-পুণ্যের ধারণার মধ্য দিয়ে মানুষ মৃত্যুর রহস্যের পাশাপাশি জীবনের অর্থও খুঁজে।
বিশ্বাসের পথ ভিন্ন হলেও মানুষের মৌলিক প্রশ্নগুলো একই। আমি কোথা থেকে এসেছি, কেন বেঁচে আছি, আর মৃত্যুর পর কী অপেক্ষা করছে? কেউ প্রার্থনায়, কেউ দর্শন ও যুক্তির আলোয় এসব প্রশ্নের উত্তর খোঁজে। শেষ পর্যন্ত মানুষের এই চিরন্তন অনুসন্ধানই তাকে ধর্ম, আধ্যাত্মিকতা ও অন্ধ বিশ্বাসের আশ্রয়ে নিয়ে যায়।
ছবি তুলে মুহূর্তটিকে ধরে রাখার চেষ্টা করলাম। কিন্তু ক্যামেরায় দৃশ্যের অবয়ব ধরা পড়লেও তার সৌন্দর্যের আবেশ ও অনুভূতির গভীরতা ধরা পড়ে না। সেসব রয়ে যায় স্মৃতির গভীরে, ক্যামেরার নাগালের বাইরে।
রোদের তাপে সবার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ঘামে ভেজা মুখ নিয়ে কেউ কেউ দ্রুত বাসে ফিরতে চাইছিলেন। আমরাও আর দেরি করলাম না। বাসে উঠে জানালার পাশে বসলাম। পাহাড়ের নিস্তব্ধতা পেছনে ফেলে আবার শুরু হলো যাত্রা।
পৃথিবীর সর্বোচ্চ দশটি পর্বতশৃঙ্গের আটটিই নেপালের ভূখণ্ডে কিংবা দেশটির আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত। প্রতিটি শৃঙ্গের উচ্চতা আট হাজার মিটারের বেশি। হিমালয়ের এই আকাশছোঁয়া শৃঙ্গগুলোর মধ্যে উল্লেখযোগ্য এভারেস্ট (৮,৮৪৮.৮৬ মিটার), কাঞ্চনজঙ্ঘা (৮,৫৮৬ মিটার), অন্নপূর্ণা-১ (৮,০৯১ মিটার)।
রানি ঝুলা ঝুলন্ত সেতুর পথে
প্রায় এক ঘণ্টার পথ পেরিয়ে বাস থামল। গাইড সুনিতা মহার্জন জানালেন, এখানকার একটি মনোরম স্থান ঘুরে এরপর আমরা ধুলিখেল রিসোর্টে যাব।
বাস থেকে নেমে চারদিকে তাকালাম। পরিচিত কোনো পর্যটনকেন্দ্রের চিহ্ন বা উল্লেখযোগ্য স্থাপনা চোখে পড়ল না। প্রত্যাশার সঙ্গে দৃশ্যের মিল না পেয়ে কিছুটা হতাশ হলাম। এমন সময় সুনিতা রাস্তা পার হয়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাওয়া একটি সরু মেঠোপথ দেখিয়ে আমাদের সেদিকে এগোতে ইঙ্গিত করলেন।
অচেনা পথটির দিকে তাকিয়ে মনে কৌতূহল জাগল। কোথায় গিয়ে শেষ হয়েছে এই পথ, তার শেষে কী অপেক্ষা করছে- তা তখনও আমাদের অজানা।
রাস্তার ডান পাশে পাইন ও দেবদারুগাছের সারি পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে গেছে। বাঁ পাশে কাটা পাহাড়ের খাড়া দেয়াল মাথা তুলে দাঁড়িয়ে আছে। দুইয়ের মাঝখান দিয়ে পাহাড়ের বুক চিরে নেমে গেছে সরু দুর্গম পথটি।
পথের বাঁকে এক ঘোড়সওয়ারের সঙ্গে দেখা হলো। তিনি প্রস্তাব দিলেন, "দাদা, দো শো রুপয়ে—ঘোড়ে পে জাওগে?" অর্থাৎ, "দুই শো রুপিতে ঘোড়ায় যাবেন?" হেসে উত্তর দিলাম, "হামারে গ্রুপ মে পন্দ্র লোগ হ্যায়। হাম সব পৈদল জায়েঙ্গে।" অর্থাৎ, "আমাদের দলে পনেরোজন। আমরা সবাই হেঁটেই যাব।"
পাথুরে মেঠোপথ ধরে পৌঁছালাম রানি ঝুলায়। দুটি পাহাড়ের মাঝখানে গভীর উপত্যকার ওপর ঝুলে আছে প্রায় ২৫০ মিটার দীর্ঘ স্টিলের সেতুটি। স্থানীয়দের যাতায়াতের পাশাপাশি এটি পর্যটকদের কাছেও আকর্ষণীয়। সেতুতে পা রাখতেই শিহরণ জাগল। পায়ের নিচে গভীর খাদ, দুপাশে সবুজ পাহাড় আর মুখে এসে লাগছে শীতল বাতাস। প্রতিটি পদক্ষেপে সেতুটি মৃদু দুলছিল। ভয় আর মুগ্ধতা সঙ্গে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
রানি ঝুলা ঝুলন্ত সেতু
রানি ঝুলা ঝুলন্ত সেতু
হঠাৎ ঝুলন্ত সেতুর মাঝখানে দাঁড়িয়ে বাঁ দিকে তাকাতেই চোখে পড়ল দুর্গম এক পাহাড়ি উপত্যকা। খাড়া পাহাড়ের গায়ে বিচিত্র রেখা ও ভাঁজ, কোথাও গুহার অন্ধকার মুখ, কোথাও পাথর বেয়ে নেমে আসা ছোট-বড় ঝরনা। জলধারা নিচের পাথরে আছড়ে পড়ে ছড়িয়ে দিচ্ছে জলকণা; জলপ্রপাতের গর্জন প্রতিধ্বনিত হচ্ছে উপত্যকাজুড়ে। ঘন সবুজ বৃক্ষরাজির আড়ালে ঝরনাগুলো স্পষ্ট দেখা না গেলেও বাতাসে ভেসে আসছে তাদের অবিরাম কলধ্বনি। মনে হলো, পাহাড়ের বুক বেয়ে জলধারাগুলো হিসহিস শব্দে পাক খেতে খেতে ছুটে চলেছে আপন ছন্দে।
এমন দৃশ্যের সামনে দাঁড়িয়ে উচ্ছ্বাস সামলাতে পারছিলাম না। কিছুক্ষণ নির্বাক হয়ে রইলাম। পাহাড়, বন আর আড়ালে বয়ে চলা জলধারার কলধ্বনিতে চারপাশের জগৎ যেন মুহূর্তের জন্য দূরে সরে গেল। তখন উপলব্ধি করলাম, প্রকৃতির সব সৌন্দর্য চোখে ধরা পড়ে না; কিছু সৌন্দর্য অদৃশ্য থেকেই শব্দ ও অনুভূতির সুরে মনে গেঁথে থাকে।
সেতুর শেষ প্রান্তে চোখে পড়ল এক নেপালি বৃদ্ধার ছোট্ট টং দোকান। ডাব, পাহাড়ি বুনো ফল ও cigarettes-এর পাশাপাশি সাজানো ছিল বাংলাদেশের আরএফএল গ্রুপের বেশ কিছু পণ্য। বিদেশের মাটিতে দেশের পরিচিত পণ্য দেখে মনটা আনন্দে ভরে উঠল। দূর পাহাড়ে দাঁড়িয়েও যেন নিজের দেশের সঙ্গে একটুখানি সংযোগ খুঁজে পেলাম।
দুর্গম পথের পাশে দোকানটি পথিকদের ছোট্ট বিশ্রামস্থল। কেউ সিগারেট কিনছেন, কেউ ডাবের পানি পান করে ক্লান্তি দূর করছেন। দোকানটি পেছনে ফেলে সরু পথটি পাহাড়ের গা ঘেঁষে এঁকেবেঁকে অজানা বাঁকে হারিয়ে গেছে। ছোট্ট দোকান, বৃদ্ধার কর্মব্যস্ততা আর দেশের পণ্যের উপস্থিতি দৃশ্যটি ভ্রমণের স্মৃতিতে আলাদা জায়গা করে নিল।
ফিরতি পথে সেতু পার হতে হতে কানে ভেসে আসছিল ঝরনার অবিরাম গর্জন। হঠাৎ চোখে পড়ল ঝরনার দিকে নেমে যাওয়া পাহাড়ের খাড়া ঢালের একটি দুর্গম পথ। পথটি দেখে দুঃসাহসিক অভিযানের শখ জাগল। সহকর্মীদের মজা করে বললাম, "চলুন, নিচে নেমে ঝরনার জলে স্নান করে আসি!"
আমার কথা শুনে এক সহকর্মী হেসে বললেন, "স্যার, সত্যিই যাবেন নাকি? চলুন, একটা অভিযান হয়ে যাক!" পাশ থেকে আরেকজন সতর্ক করে দিলেন, "ঝরনায় যেতে গিয়ে শেষ পর্যন্ত প্রাণটাই হারাবেন নাকি?"
ঝুলন্ত সেতু থেকে ফিরতি পথে কয়েকজন
ঝুলন্ত সেতু দেখে পাহাড় বেয়ে ওপরে উঠতে উঠতে ক্লান্তিতে পা আর চলতে চাইছিল না। একসময় থেমে পেছনে তাকাতেই চোখে পড়ল পাহাড়ের ঢালজুড়ে সারি সারি গাছ আর স্তরে স্তরে ছড়িয়ে থাকা গাঢ় সবুজ। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল নিচের আঁকাবাঁকা পথ। সবুজের এই সৌন্দর্যে চোখ আটকে যেতেই মুহূর্তে ভুলে গেলাম ক্লান্তি।
নেপালের প্রত্যন্ত পাহাড়ি জনপদে যাতায়াতের প্রধান মাধ্যম পায়ে চলার পথ, পাহাড়ি সিঁড়ি ও ঝুলন্ত সেতু। দুর্গম এলাকায় পণ্য পরিবহনে খচ্চর ও ঘোড়ার ওপর নির্ভর করতে হয়। ফলে কৃষিপণ্য বাজারজাতকরণ ও চিকিৎসাসেবা গ্রহণ কঠিন ও ব্যয়বহুল। বর্ষায় ভূমিধস এবং শীতে তুষারপাত যোগাযোগব্যবস্থাকে ব্যাহত করে। এ ছাড়া এসব জনপদ ভূমিকম্প, আকস্মিক বন্যা ও হিমবাহ-সৃষ্ট হ্রদের পানি উপচে পড়ার ঝুঁকিতে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের পাবনায় নকল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালানোর পর ভ্রাম্যমাণ আদালত আবুল হোসেন (৩৬) এবং ওমর ফারুক (২৫) নামের দুই ব্যক্তিকে জেল-জরিমানা করেছেন। পাশাপাশি, দুই ভ্যানচালককে এক হাজার টাকা করে জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
রোববার রাত ৯টার দিকে উপজেলার গোপালনগর এলাকায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন। অভিযানের সময় সেখান থেকে তিন ড্রাম জেলি, আধা কেজি কস্টিক সোডা এবং তিন ড্রাম নকল দুধ জব্দ করে তা ধ্বংস করা হয়। অভিযানকালে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আলহাজ উদ্দিন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে গোপালনগরের একটি দুধ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নকল দুধ তৈরির সময় আবুল হোসেন এবং ফারুক হোসেনকে হাতেনাতে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন আবুল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ওমর ফারুককে এক বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া দুই ভ্যান চালক আসলাম ও চাঁদ আলীর কাছ থেকে এক হাজার টাকা করে অর্থদণ্ড আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে নিশ্চিত করে ইউএনও উম্মে ইমামা বানিন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় তাদেরকে জেল-জরিমানা করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ