১০:৩১ এম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার প্ল্যান্ট সিটিতে এক নারী এবং তাঁর তিন সন্তানের হত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ। তদন্তকারীদের মতে, স্ত্রী ও তিন সন্তানকে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছেন। ধারণা করা হচ্ছে, গুলির শব্দ চলাকালীন শিশুদের একজন জরুরি নম্বর ৯১১-এ ফোন করে বাঁচার আকুতি জানিয়েছিল।
শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
শেরিফ জানান, স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে ৯১১ নম্বরে একটি ফোনকল আসে। কলটি সংযুক্ত থাকলেও অপর প্রান্ত থেকে কেউ কথা বলছিলেন না। তবে ফোনে গুলির মতো শব্দ শোনা যাচ্ছিল।
আরও পড়ুন: পেরুতে ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল
ক্রোনিস্টারের ভাষ্য অনুযায়ী, প্রথমে এক পুরুষের কণ্ঠ শোনা যায়। তাঁকে বলতে শোনা যায়, ‘দুঃখিত, বন্ধু।’ এরপরই একটি বিকট শব্দ শোনা যায়।
কিছুক্ষণ পর দূর থেকে একটি শিশুর বাঁচার আকুতি শোনা যায়। ফের বিকট শব্দ হওয়ার আগে শিশুটি তিন-চারবার জীবন ভিক্ষা চেয়েছিল বলে শেরিফ জানান।
প্রায় ১০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে এক নারী, এক পুরুষ এবং ১, ৩ ও ৫ বছর বয়সী তিন শিশু রয়েছে।
তদন্তকারীদের ধারণা, ওই পুরুষই স্ত্রী ও সন্তানদের গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: মধ্য পেরুতে ৬.৮ মাত্রার ভূমিকম্প, রাজধানী লিমা কেঁপে ওঠে
টাম্পা শহরের পূর্বে অবস্থিত প্ল্যান্ট সিটির ওই পরিবার সম্পর্কে আগে পুলিশের কাছে কোনো অভিযোগ বা তথ্য ছিল না বলে জানিয়েছেন শেরিফ ক্রোনিস্টার। এ ঘটনায় ঘটনাস্থলে যাওয়া পুলিশ সদস্য এবং ৯১১ কল গ্রহণকারী কর্মীরাও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন