ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাহুল সেঞ্চুরিতে অনন্য কীর্তি গড়লেন


রাহুল সেঞ্চুরিতে অনন্য কীর্তি গড়লেন

লোকেশ রাহুল ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি ভারতের প্রথম ওপেনার হিসেবে সেনা (SENA) নামে পরিচিত চারটি দেশে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন। পাকিস্তানের প্রাক্তন ব্যাটার সাঈদ আনোয়ারের পর, এশিয়ার প্রথম ওপেনার হিসেবে এই অনন্য রেকর্ডটি গড়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এই তিন দেশে আগে থেকেই সেঞ্চুরি ছিল রাহুলের। তবে নিউজিল্যান্ডে সেঞ্চুরি করার অপেক্ষা এবার শেষ হলো। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে, ক্যারিয়ারের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ভারতের এই ওপেনার ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করেছেন। একই সঙ্গে, তিনি এশিয়ার দ্বিতীয় ওপেনার হিসেবে চারটি দেশে টেস্টে সেঞ্চুরির অনন্য কীর্তি গড়েছেন। মোট ৮ম এশিয়ান ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন।

রাহুলের আগে এই কীর্তি গড়েছেন—মোহাম্মদ আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়, ইউনিস খান, কুমার সাঙ্গাকারা এবং বিরাট কোহলি। তিনি ভারতের পঞ্চম ব্যাটার হিসেবে এই রেকর্ডটি গড়লেন।

আরও পড়ুন: বায়ার্নের হোঁচটের ম্যাচে গোড়ালির চোটে মাঠের বাইরে কেইন

আজ রাহুল ৫২ রান নিয়ে দিন শুরু করেন। লাঞ্চের পর ২০৭ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন। ৩৪ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার এটি তার ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে সেঞ্চুরি করা ভারতের চতুর্থ ওপেনারও হয়ে উঠলেন রাহুল। এর আগে এই কীর্তি ছিল সুনীল গাভাস্কার, গৌতম গম্ভীর এবং শিখর ধাওয়ানের।

ওপেনার হিসেবে রাহুলের এটি ১২তম টেস্ট সেঞ্চুরি। এই তালিকায় ভারতের হয়ে তার সমান মুরালি বিজয়। তাদের ওপরে আছেন কেবল গাভাস্কার (৩৩) এবং বীরেন্দর শেবাগ (২২)।

বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে রাহুল দারুণ ছন্দে আছেন। ২১ ইনিংসে তিনি চারটি সেঞ্চুরি করেছেন। এই চক্রে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহকও এখন তিনি। অধিনায়ক শুভমান গিলকে পেছনে ফেলেছেন রাহুল।

আরও পড়ুন: ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার দুই পেসার ছিটকে গেলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সশস্ত্র বাহিনী দিবসে দেশের পাঁচ স্থানে উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ এম


সশস্ত্র বাহিনী দিবসে দেশের পাঁচ স্থানে উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) দেশের পাঁচটি স্থানে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো সাধারণ জনগণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। আজ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সকলের জন্য এসব জাহাজ পরিদর্শনের সুযোগ থাকবে।

গত ১৯ নভেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকায় সদরঘাট, চট্টগ্রামে নেভাল বার্থ, মোংলায় দিগরাজ নেভাল বার্থ, খুলনায় বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল এবং বরিশালে বিআইডব্লিউটিএ ঘাটে নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

২১ নভেম্বর দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সাধারণ জনগণ এসব জাহাজ পরিদর্শনের সুযোগ পাবেন।

সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের অংশ হিসেবে সাধারণ মানুষের কাছে নৌবাহিনীর কার্যক্রম ও জাহাজ সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লোরিডায় বাবার হাতে মা ও তিন সন্তান খুন, ৯১১ কলে শিশুর প্রাণভিক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ এম


ফ্লোরিডায় বাবার হাতে মা ও তিন সন্তান খুন, ৯১১ কলে শিশুর প্রাণভিক্ষা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার প্লান্ট সিটিতে এক মা এবং তার তিন সন্তানকে গুলি করে হত্যা করার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গুলির আওয়াজ চলাকালীন সময়ে শিশুদের একজন জরুরি নম্বর ৯১১-এ ফোন করার চেষ্টা করেছিল। হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার জানান, কর্তৃপক্ষের বিশ্বাস, এই হত্যাকাণ্ডের পেছনে শিশুর বাবা জড়িত। স্ত্রী এবং সন্তানদের হত্যার পর তিনি নিজেও আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ক্রোনিস্টার বলেন, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ৯১১ নম্বরে একটি কল আসে। কলটি সংযুক্ত ছিল এবং গুলির আওয়াজ শোনা যাচ্ছিল। তার ভাষায়, প্রথমে একটি পুরুষের কণ্ঠ শোনা যায়, যিনি বলছিলেন, ‘দুঃখিত, বন্ধু।’ এরপর একটি বিকট শব্দ শোনা যায়।

শেরিফ আরও জানান, কিছু সময় পর দূর থেকে একটি শিশুর বাঁচার আকুতি শোনা যায়। ফের একটি বিকট শব্দ হওয়ার আগে শিশুটি তিন-চারবার জীবন ভিক্ষা চেয়েছিল। প্রায় ১০ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিতরে প্রবেশ করে। বাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে রয়েছে একজন নারী, একজন পুরুষ এবং ১, ৩ ও ৫ বছর বয়সী তিন শিশু।

তদন্তকারীদের ধারণা, ওই পুরুষ স্ত্রী ও সন্তানদের গুলি করার পর নিজেকে শেষ করে দেন। নিহতদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। টাম্পার পূর্বে অবস্থিত প্লান্ট সিটির এই পরিবার সম্পর্কে পুলিশের কাছে পূর্বে কোনো তথ্য বা অভিযোগ ছিল না, বলে জানিয়েছেন ক্রোনিস্টার। শেরিফ আরও উল্লেখ করেন যে, এই মর্মান্তিক ঘটনার কারণে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্য এবং ৯১১ কল রিসিভাররা চরম মানসিক আঘাত পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা, গণনায় অংশ নিচ্ছে পাঁচ শতাধিক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ এম


পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা, গণনায় অংশ নিচ্ছে পাঁচ শতাধিক মানুষ

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্সের গণনা শুরু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়, যা দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর অনুষ্ঠিত হলো। এরপর দানবাক্সে পাওয়া টাকা বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হচ্ছে। সেখানে দিনব্যাপী চলবে টাকা গণনার কার্যক্রম। এই কাজে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করছে।

গণনার কাজে অংশ নিচ্ছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থীরা এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও এবং স্বেচ্ছাসেবীরা এই কাজে যুক্ত রয়েছেন।

সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়; তবে বিভিন্ন কারণে এবার ৪ মাস ২৪ দিন পর খোলা হলো। দানের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা বিবেচনায় এবার নতুন করে আরো দুটি দানবাক্স স্থাপন করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন দানবাক্স থেকে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।

শনিবার সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্তান লাভের আশায় কোরআনে বর্ণিত নবীদের চারটি দোয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৬ এম


সন্তান লাভের আশায় কোরআনে বর্ণিত নবীদের চারটি দোয়া

সন্তান মহান আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত। মা-বাবার জন্য একটি সন্তানকে কেন্দ্র করে কত স্বপ্ন, কত আশা-আকাঙ্ক্ষা থাকে! কিন্তু অনেক দম্পতির জীবনে দীর্ঘ অপেক্ষার পরও সন্তানের মুখ দেখা হয় না। কেউ বছরের পর বছর চিকিৎসা করান, আবার কেউ নানা চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পান না। এই সময় তাঁদের মনে দুশ্চিন্তা, হতাশা ও অপূর্ণতার বেদনা কাজ করে।

তবে একজন মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হন না। কারণ সন্তান দান করা একমাত্র আল্লাহর ইচ্ছাধীন। যাকে ইচ্ছা তিনি কন্যাসন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন, কাউকে উভয়টিই দান করেন এবং কাউকে নিঃসন্তান রাখেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘তিনি যাকে ইচ্ছা কন্যাসন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। অথবা তাদের পুত্র ও কন্যা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।’ (সুরা : শুরা, আয়াত : ৪৯-৫০)

সন্তান লাভের জন্য দোয়া করা নবী-রাসুলদেরও সুন্নত। পবিত্র কোরআনে হজরত ইবরাহিম (আ.), হজরত জাকারিয়া (আ.)-সহ একাধিক নবীর সন্তান লাভের দোয়া কোরআনে বর্ণিত হয়েছে। এসব দোয়ার মধ্যে রয়েছে আল্লাহর কাছে নেককার, পবিত্র ও চোখজুড়ানো সন্তান লাভের আবেদন।

নিঃসন্তান দম্পতিরা আল্লাহর কাছে সন্তান লাভের আশায় কোরআনে বর্ণিত যে চারটি দোয়া পড়তে পারেন, সেগুলো হলো,

১. নেককার সন্তান লাভের দোয়া : হজরত ইবরাহিম (আ.) যখন নিজ সম্প্রদায়ের অবিশ্বাস ও বিরোধিতার মুখে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে স্বদেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন আল্লাহর কাছে নেককার সন্তান প্রার্থনা করেন।

পবিত্র কোরআনে তাঁর সেই দোয়া ইরশাদ হয়েছে, ‘আমি আমার প্রতিপালকের উদ্দেশে চললাম। তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন।’ এরপর তিনি দোয়া করেন, ‘হে আমার প্রতিপালক! আমাকে নেককার সন্তান দান করুন।’ (সুরা : সাফফাত, আয়াত : ৯৯-১০০)

আল্লাহ তাঁর দোয়া কবুল করেন এবং তাঁকে সহনশীল পুত্রসন্তানের সুসংবাদ দেন। পরবর্তী আয়াতে বলা হয়েছে, ‘অতঃপর আমি তাঁকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম।’ (সুরা : সাফফাত, আয়াত: ১০১- তাফসির ইবনে কাসির)

দোয়াটি হলো,

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

উচ্চারণ : রব্বি হাবলি মিনাস সালিহিন।

অর্থ : হে আমার প্রতিপালক! আমাকে নেককার সন্তান দান করুন। (সুরা : সাফফাত, আয়াত : ১০০)

২. নিঃসঙ্গতা থেকে মুক্তি ও সন্তান লাভের দোয়া : হজরত জাকারিয়া (আ.) দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। তাঁর বয়স অনেক বেড়ে গিয়েছিল এবং তাঁর স্ত্রীও সন্তান জন্মদানে অক্ষম ছিলেন। অথচ তিনি চাচ্ছিলেন, তাঁর মৃত্যুর পর এমন একজন নেককার উত্তরসূরি থাকুক, যে দ্বীনের দায়িত্ব পালন করবে।

এ অবস্থায় তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করেন, ‘হে আমার প্রতিপালক! আমাকে নিঃসন্তান ও একা ছেড়ে দেবেন না। আর আপনিই তো সর্বোত্তম উত্তরাধিকারী।’

পরবর্তী আয়াতে আল্লাহ তাঁর দোয়া কবুলের কথা জানিয়ে বলেন, ‘অতঃপর আমি তাঁর ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাঁকে দান করেছিলাম ইয়াহইয়া। আর তাঁর স্ত্রীকে তাঁর জন্য সন্তান ধারণের উপযোগী করে দিয়েছিলাম। নিশ্চয়ই তারা সৎকর্মে প্রতিযোগিতা করত, আশা ও ভীতি নিয়ে আমাকে ডাকত এবং আমার প্রতি ছিল বিনীত।’ (সুরা আল-আম্বিয়া, আয়াত: ৯০)

অর্থাৎ বৃদ্ধ বয়স এবং স্ত্রীর বন্ধ্যাত্ব—কোনোটিই আল্লাহর কাছে সন্তান দানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি। তিনি জাকারিয়া (আ.)-কে পুত্রসন্তান ইয়াহইয়া (আ.) দান করেছিলেন। (তাফসির ইবনে কাসির, সুরা : আম্বিয়া, আয়াত : ৮৯-৯০)

দোয়াটি হলো,

رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ

উচ্চারণ : রব্বি লা তাযারনি ফারদাঁও ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন।

অর্থ : হে আমার প্রতিপালক! আমাকে নিঃসন্তান ও একা ছেড়ে দেবেন না। আর আপনিই তো সর্বোত্তম উত্তরাধিকারী। (সুরা : আম্বিয়া, আয়াত : ৮৯)

৩. উত্তম সন্তান লাভের দোয়া : হজরত মারইয়াম (আ.)-এর দায়িত্ব গ্রহণ করেছিলেন জাকারিয়া (আ.)। তিনি যখনই মারইয়াম (আ.)-এর ইবাদতখানায় প্রবেশ করতেন, তখন তাঁর কাছে বিভিন্ন ধরনের রিজিক দেখতে পেতেন। তিনি জিজ্ঞাসা করতেন, ‘হে মারইয়াম! এগুলো তোমার কাছে কোথা থেকে আসে?’ মারইয়াম (আ.) বলতেন, ‘এগুলো আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন।’ (সুরা : আলে ইমরান, আয়াত: ৩৭)

মারইয়াম (আ.)-এর কাছে আল্লাহর বিশেষ অনুগ্রহের নিদর্শন দেখে জাকারিয়া (আ.)-এর মনেও সন্তান লাভের আকাঙ্ক্ষা জাগ্রত হয়। তিনি বুঝতে পারেন, আল্লাহর অনুগ্রহের কোনো সীমা নেই। তাই নিজের বার্ধক্য ও স্ত্রীর বন্ধ্যাত্বের কথা বিবেচনা না করে মহান আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করেন।

তিনি বলেন, ‘হে আমার প্রতিপালক! আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র ও উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী।’

এই দোয়ার পরপরই ফেরেশতারা তাঁকে ইয়াহইয়া (আ.)-এর জন্মের সুসংবাদ দেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ৩৮-৩৯; তাফসিরে তাবারি)

দোয়াটি হলো,

رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

উচ্চারণ : রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বয়্যিবাহ। ইন্নাকা সামিউদ দুয়া।

অর্থ : হে আমার প্রতিপালক! আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র ও উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। (সুরা : আলে ইমরান, আয়াত : ৩৮)

৪. স্ত্রী ও সন্তানকে চোখের শীতলতা বানানোর দোয়া : সুরা ফুরকানের ৬৩ থেকে ৭৪ নম্বর আয়াতে মহান আল্লাহ তাঁর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের বিভিন্ন গুণাবলি তুলে ধরেছেন। তাঁরা বিনয়ী, ধৈর্যশীল, রাতের ইবাদতে অভ্যস্ত, অপচয় ও কৃপণতা থেকে বিরত এবং আল্লাহর নির্দেশের প্রতি অনুগত। তাঁদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, তাঁরা নিজেদের পরিবার-পরিজনের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

তাঁরা বলেন, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানিয়ে দিন।’

এখানে ‘চোখের শীতলতা’ বলতে এমন আনন্দ ও প্রশান্তিকে বোঝানো হয়েছে, যা প্রিয়জনের ভালো কাজ, ঈমানদারি ও আল্লাহর আনুগত্য দেখে অর্জিত হয়। অর্থাৎ তাঁরা শুধু সুন্দর ও সুস্থ সন্তান চান না; বরং এমন সন্তান চান, যারা আল্লাহর অনুগত হবে এবং মা-বাবার জন্য দুনিয়া ও আখিরাতে আনন্দের কারণ হবে। (তাফসির ইবনে কাসির, সুরা আল-ফুরকান, আয়াত: ৭৪)

দোয়াটি হলো,

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ : রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউনিও ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা।

অর্থ : হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানিয়ে দিন। (সুরা : ফুরকান, আয়াত : ৭৪)

দোয়া করার ক্ষেত্রে যেসব বিষয় মনে রাখা জরুরি

সন্তান লাভের আশায় এই দোয়াগুলো পড়ার পাশাপাশি কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।

১. আন্তরিকতা ও দৃঢ় বিশ্বাস : আল্লাহর কাছে পূর্ণ আস্থা ও আন্তরিকতার সঙ্গে দোয়া করতে হবে। দোয়া কবুল হতে দেরি হলেও হতাশ হওয়া যাবে না।

২. নিয়মিত ইবাদত ও ইস্তিগফার : পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, তওবা-ইস্তিগফার এবং নেক আমলের প্রতি যত্নবান হতে হবে।

৩. স্বামী-স্ত্রী উভয়ের দোয়া : শুধু স্ত্রী বা স্বামী নন, উভয়েরই আল্লাহর কাছে সন্তান লাভের জন্য প্রার্থনা করা উচিত।

৪. চিকিৎসা গ্রহণ : সন্তান লাভের জন্য দোয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করাও উচিত। চিকিৎসা ও দোয়া পরস্পরের পরিপন্থী নয়; বরং উভয়টিই অবলম্বন করা যেতে পারে।

অতএব, যাঁরা দীর্ঘদিন ধরে সন্তান লাভের অপেক্ষায় রয়েছেন, তাঁরা হতাশ না হয়ে কোরআনে বর্ণিত নবীদের এই দোয়াগুলো নিয়মিত পড়ুন। আল্লাহর কাছে শুধু সন্তান নয়, বরং নেককার, সুস্থ, দ্বীনদার ও চোখজুড়ানো সন্তান প্রার্থনা করুন। মহান আল্লাহ প্রত্যেকের জন্য কল্যাণকর ফয়সালা করুন এবং যাঁরা সন্তান লাভের আশায় অপেক্ষা করছেন, তাঁদের উত্তম সন্তান দান করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%