০৪:০০ পি.এম
মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছেন। এই পরিস্থিতিতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে তিনি টেলিফোনে আলোচনা করেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) কাতারের আমিরের কার্যালয় (আমিরি দিওয়ান) থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই নেতার মধ্যে আঞ্চলিক পরিস্থিতি এবং উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পরেও ট্রাম্প ইরানে সামরিক হামলা পুনরায় শুরু করার আশঙ্কার মধ্যে এই উচ্চপর্যায়ের কথোপকথন অনুষ্ঠিত হয়। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
আরও পড়ুন: রাশিয়ার দখলে ইউক্রেনের আজভ সাগর উপকূলে শত শত হোটেল ও রিসোর্ট
কাতারের আমিরের কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কাতারের আমিরকে ফোন করে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতারের কূটনৈতিক প্রচেষ্টার বিষয়টি নিয়ে আলোচনা করেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘কাতারের আমির দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি এবং পরিস্থিতির আরও অবনতি যাতে না হয়, সেই জন্য সংলাপ অব্যাহত রাখার ও কূটনৈতিক উপায়ে সমাধানের ওপর জোর দিয়েছেন।’
এদিকে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) ওভাল অফিসে ইরান প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধ আরও তীব্র করার সিদ্ধান্ত নেওয়ার সময় প্রায় ঘনিয়ে এসেছে।
তিনি উল্লেখ করেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না, তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। আপনারা খুব দ্রুতই তা জানতে পারবেন।’
আরও পড়ুন: এবার লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমনের অবিশ্বাস্য জয়
এই বিকল্পকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আমরা একটি সিদ্ধান্ত নেব যে, আমরা কি আরও এগিয়ে গিয়ে বিষয়টিকে এমনভাবে নিশ্চিত (সার্টিফাই) করতে চাই, যাতে এটি আর কখনোই না ঘটে?’
ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয়, দেশটি পুনর্নির্মাণ করতে তাদের (ইরান) ২৫ বছর সময় লাগবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন