শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৩ এম
ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে আগ্রহী নন। তবে সম্প্রতি তিনি তার ডেটিং জীবন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু কথা বলেছেন।
পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি নিজের জীবনকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন। নতুন কোনো পুরুষের আগমন ঘটেছে কিনা, সেই প্রশ্নের জবাবে প্রথমে তিনি নিজেকে সিঙ্গেল দাবি করলেও পরে এমন একটি মন্তব্য করেছেন, যা নেটদুনিয়ায় নতুন জল্পনার সৃষ্টি করেছে। সানিয়া তার একমাত্র ছেলে ইজহানকে নিয়েও কথা বলেছেন।
সম্প্রতি সানিয়া তার ঘনিষ্ঠ বান্ধবী এবং বলিউড পরিচালক ফারাহ খানের সঙ্গে অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়ার ইউটিউব শো ‘ডাবল ডেট’-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানেই অঙ্গদ তাকে প্রশ্ন করেন, কোনো পুরুষ বন্ধু কি কখনো তাকে কফি ডেটে যাওয়ার প্রস্তাব দেন? সানিয়া মজার ছলে জানান, কফি ডেটের পরিবর্তে বরং তাকে বয়েজ ট্রিপে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। কারণ তার পুরুষ বন্ধুরা তাকে নিজেদের দলের সদস্য হিসেবে দেখেন এবং অনেকটা ছেলেদের মতোই তার সঙ্গে আচরণ করেন।
আড্ডার মধ্যে ফারাহ খান জানান, তার পুরুষ বন্ধুরা মাঝে মাঝে ফোন করে জানতে চান সানিয়া সত্যিই সিঙ্গেল কিনা। সানিয়া স্পষ্টভাবে জানান, তিনি বাস্তবিকই সিঙ্গেল। তবে কথোপকথন এখানেই শেষ হয়নি। অঙ্গদ ফের প্রশ্ন করেন, কোনো পুরুষের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর কথা কি তার মনে হয় না?
ফারাহ মজা করে বলেন, সানিয়া যে এমন কোনো মুহূর্ত কাটাচ্ছেন না, তা অঙ্গদ কীভাবে জানেন! প্রথমে বান্ধবী ফারাহর কথায় সায় দেন সানিয়া। পরে তিনি হাসতে হাসতে বলেন, তার জীবনে কোনো পুরুষ নেই, আবার থাকতেও পারে! এই মন্তব্যের পর জল্পনা তুঙ্গে ওঠে, যদিও পরক্ষণেই তিনি স্পষ্ট করে দেন যে নিছক মজা করেই এমন কথা বলেছেন এবং তিনি এখনও সিঙ্গেলই রয়েছেন।
সানিয়া মির্জা এবং ফারাহ খানের মধ্যে গভীর বন্ধুত্বের কথা কারও অজানা নয়। তারা বিভিন্ন সাক্ষাৎকার ও সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা প্রকাশ করেছেন। সানিয়া একসময় জানিয়েছিলেন, জীবনের কঠিন সময়ে ফারাহ তার পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন। এমনকি সানিয়ার পডকাস্টেও অতিথি হিসেবে এসেছিলেন ফারাহ, যেখানে তাদের এই নিবিড় বন্ধুত্বের ঝলক স্পষ্টভাবে ফুটে উঠেছিল।
উল্লেখ্য, ২০১০ সালের ১২ এপ্রিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানিয়া। হায়দরাবাদে বিয়ের পর তারা দুবাইয়ে সুখের সংসার পেতেছিলেন এবং ২০১৮ সালে তাদের কোল আলো করে জন্ম নেয় ছেলে ইজহান মির্জা মালিক। কিন্তু প্রায় ১৩ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০২৪ সালে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব।
বিচ্ছেদের পর বর্তমানে সানিয়া ছেলে ইজহানকে নিয়েই নিজের জীবন এগিয়ে নিয়ে চলেছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন যে, তার ছেলে ইজহানও টেনিস খেলে। যদিও মায়ের মতো টেনিসের প্রতি ছেলের বিশেষ কোনো আগ্রহ নেই, তবে সামগ্রিকভাবে খেলাধুলোর প্রতি ইজহানের বেশ ঝোঁক রয়েছে বলেই জানিয়েছেন গর্বিত মা।
সূত্র: গালফ নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় পুড়ে যাওয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এমপির বাড়িঘর পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম।
বিরোধী দলীয় সংসদীয় টিমটি শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে প্রেস ব্রিফিং করার পরিকল্পনা করেছে।
এই টিমের সদস্যদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি (চুয়াডাঙ্গা-১) এবং আব্দুল গফুর এমপি (কুষ্টিয়া-২)।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাত পৌনে ১২টায় নুসরাত তাবাসসুম এমপির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ সময় ওই বাড়িতে আটজন উপস্থিত ছিলেন, তাদের মধ্যে দুজন আহত হন। দুটি ছাগল মারা যায় এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এই ঘটনার পর দৌলতপুর থানায় নুসরাত তাবাসসুম এমপি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং ২৫-৩০ জন অজ্ঞাতনামা আসামী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসামিদের মধ্যে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহবায়ক মো. রিদয়, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে আসামি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেছারাবাদে সন্ত্রাসবিরোধী আইন সংক্রান্ত মামলায় আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার (৫৫) এবং ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার কারণে ছাত্রলীগ নেতা মো. আবু সাঈদ (২১) গ্রেপ্তার হয়েছেন পুলিশ কর্তৃক। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পৃথক অভিযানের মাধ্যমে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই নেতার পরিবারের দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে রাতের অন্ধকারে গ্রেপ্তার করা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে সুনির্দিষ্ট ঘটনার ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী গ্রাম থেকে গোলাম সারোয়ারকে গ্রেপ্তার করে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি সোহাগদল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গোলাম সারোয়ার মৃত হাবিব গোমস্তার ছেলে। অপরদিকে, একই রাতে ইন্দুরহাট বাজার এলাকা থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ সোহাগদল গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, গোলাম সারোয়ারের বিরুদ্ধে গত ২৬ অক্টোবর নেছারাবাদ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত ২০ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের অভিযোগ, গোলাম সারোয়ার নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং দলটির নেতাকর্মীদের অর্থের জোগানদাতা হিসেবে পরিচিত। এছাড়া স্থানীয় বিভিন্ন মানুষকে হয়রানি করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে গোলাম সারোয়ারের স্বজনরা এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, রাজনৈতিক বিরোধের কারণে তাঁকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।
অন্যদিকে, ২৫ অক্টোবর বিকেল আড়াইটার দিকে উপজেলার ইন্দুরহাট এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তামজিদ ইসলাম তন্ময়ের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। পুলিশের দাবি, ওই মিছিলে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আবু সাঈদ। পুলিশ জানায়, মিছিল থেকে নাশকতা সৃষ্টির পাশাপাশি দেশবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করা হচ্ছিল, যার কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গোলাম সারোয়ারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া গত ২৫ অক্টোবর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আবু সাঈদ সরাসরি অংশগ্রহণ করেছিলেন। ছাত্রলীগ নেতা আবু সাঈদ ফেসবুকে সংগঠনের স্বপক্ষে নানা স্ট্যাটাস দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছিলেন। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : মালয়েশিয়ার সরকার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ অন্য দেশে স্থানান্তরের অভিযোগে মেগাস্পিড ইন্টারন্যাশনালের একটি সহযোগী প্রতিষ্ঠানকে নিয়ে তদন্ত শুরু করেছে।
এই তদন্তের ফলে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে চলমান বিতর্ক আরও জটিল হয়ে উঠেছে।
খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।
মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (এমআইটিআই) শুক্রবার একটি বিবৃতিতে জানিয়েছে, তারা রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস বিভাগের সঙ্গে সহযোগিতা করে খতিয়ে দেখছে যে, দেশটিতে আমদানি করা কোনো চিপ পরবর্তীতে অন্য দেশে রপ্তানি করা হয়েছে কি না এবং এ ধরনের পুনঃরপ্তানি আইন অনুযায়ী সম্পন্ন হয়েছে কি না।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, মেগাস্পিডের সহযোগী প্রতিষ্ঠান স্পিডম্যাট্রিক্স এসডিএন বিএইচডি-কে এখন পর্যন্ত ‘কখনোই ছাড়পত্র দেওয়া হয়নি’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটের পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে সংঘর্ষের ঘটনায় ফেরি এবং বাল্কহেডের মধ্যে সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত আরেক শিশুকে স্পিডবোটের মাধ্যমে চাঁদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে।
বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে, ফেরি ‘কাকলি’ চাঁদপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। মেঘনা নদীর মূল অংশ পেরিয়ে সকাল ৯টার দিকে শরীয়তপুরের বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশ করার সময় পেছন দিক থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। ১১ বছর বয়সী এক শিশু ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় এবং ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে। আহত হয় আরও এক শিশু। সংঘর্ষের পর বাল্কহেডটি পালিয়ে যাওয়ায় সেটি ও সুকানিকে শনাক্ত করে আটক করার জন্য নৌ পুলিশ অভিযান চালাচ্ছে।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু ঘটে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ