শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৭ এম
ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল জাতীয় দলের হয়ে অবসর গ্রহণ করেছেন। অবসরের পর তিনি একটি বড় ঘোষণা দিয়েছেন। এবার তিনি অভিনয়ে আসছেন। মাঠের বাইরে নিজের সাম্রাজ্য আরও সম্প্রসারিত করছেন তিনি। তার প্রথম টিভি সিরিজের কাজ শুরু হয়ে গেছে। ফুটবল নিয়ে নির্মিত এই ড্রামার নাম ‘ডে ওয়ান্স’। এই সিরিজে তিনি নিজ চরিত্রে অভিনয় করবেন। সিরিজটি নির্মাণ করছেন তিনি ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে।
সিরিজটির প্রযোজনা সংস্থার নাম ইউআর মার্ভ স্টুডিওজ। রোনালদো এবং ভন মিলে এই স্টুডিও গঠন করেছেন। ৪১ বছর বয়সী রোনালদো এই সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পর্দায় তাকে নিজের চরিত্রে দেখা যাবে।
শুটিং শুরুর খবরটি রোনালদো নিজেই জানিয়েছেন। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৬৮১ মিলিয়ন। সেখানে তিনি লেখেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ান্স’-এর নির্মাণ শুরু হয়েছে। আরও আসছে!’ তিনি সেটের পর্দার আড়ালের কিছু ছবি শেয়ার করেছেন।
ছবিগুলোর মধ্যে একটি ব্রেন্টফোর্ডের ড্রেসিংরুমের ঝলক দেখা গেছে। এতে ইঙ্গিত মিলছে যে, সিরিজে ইংলিশ ফুটবলের বাস্তব পরিবেশ থাকবে। সিরিজে আধুনিক ফুটবলের বিশাল অর্থ ও চাপের জগৎ ফুটে উঠবে। গল্পের কেন্দ্রে রয়েছে কাল্পনিক চরিত্র স্ট্যানলি ডাল্টন, যিনি একজন ব্রিটিশ ফুটবল এজেন্ট। খেলোয়াড় বদলির তীব্র প্রতিযোগিতার মধ্যে তাকে পথ চলতে হয়।
ডাল্টনের চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। অভিনয়ে রয়েছেন ব্রিটিশ র্যাপার ডেভও। রোনালদোর দেওয়া শুটিংয়ের ছবিতে দুজনকেই দেখা গেছে।
আর্সেনাল ও ফ্রান্সের সাবেক তারকা থিয়েরি অঁরিওও থাকছেন। তিনিও নিজের চরিত্রেই অভিনয় করবেন।
‘ডে ওয়ান্স’-এর শুটিং বর্তমানে চলমান। মুক্তির তারিখ এখনও জানা যায়নি। ইউআর মার্ভ স্টুডিওজ থেকে আরও খবরের অপেক্ষায় থাকবেন ভক্তরা।
রোনালদো সম্প্রতি পর্তুগালের হয়ে অবসর নিয়েছেন। তাই এই সিরিজকে তার আন্তর্জাতিক ক্যারিয়ার-পরবর্তী জীবনের আরেকটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিনোদন জগতে বিনিয়োগ বাড়াচ্ছেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিষদের ১৫ সদস্যের সবাই প্রস্তাবটির পক্ষে ভোট প্রদান করেন।
নতুন প্রস্তাব অনুযায়ী, নিষেধাজ্ঞার তালিকায় থাকা ইয়েমেনের নির্দিষ্ট ব্যক্তিদের ওপর আর্থিক লেনদেন ও ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ ২০২৭ সালের ১৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়া, ইয়েমেনের কয়েকজন ব্যক্তিকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবে হুথি বিদ্রোহীদের সামুদ্রিক হামলা, সৌদি আরবে আন্তসীমান্ত হামলা এবং বাণিজ্যিক জাহাজে হামলার হুমকির নিন্দা জানানো হয়েছে।
নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ ও এ বিষয়ে প্রতিবেদন তৈরির দায়িত্বে থাকা ইয়েমেনবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে। যুক্তরাজ্যের সমর্থনে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, প্যানেলটির কার্যক্রম ২০২৭ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে ইয়েমেনের সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। এতে প্রায় ১২ হাজার মানুষ নিহত বা আহত হয়েছেন।
২০২২ সালের এপ্রিল থেকে দেশে যে আপেক্ষিক শান্তি ছিল, তা নতুন সংঘাতের ফলে ভেঙে পড়েছে। চলমান লড়াই ও মানুষের বাস্তুচ্যুতি ইয়েমেনের মানবিক সংকটকে আরও গভীর করেছে।
২০১৪ সালের সেপ্টেম্বরে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা এবং দেশের বেশ কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। এর প্রতিক্রিয়ায় ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বে একটি আরব জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সামরিক হস্তক্ষেপ করে।
এরপর থেকে দেশটিতে সংঘাত, বাস্তুচ্যুতি এবং মানবিক সংকট অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লিওনেল মেসি ছাড়া উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পর এই প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
বুয়েনস এইরেসের ঐতিহাসিক বোম্বোনেরা স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) ভোরে মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দুই শক্তিশালী দল। ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে।
মেসির অনুপস্থিতির পাশাপাশি নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের মাঠে নামার সম্ভাবনা কম। বিশেষ সুরক্ষাসামগ্রী পরে অনুশীলন করলেও, তাকে বেঞ্চে রাখা হতে পারে। তার পরিবর্তে গোলপোস্টের নিচে দায়িত্ব নিতে পারেন জেরোনিমো রুলি। সাধারণত মার্তিনেজের বিকল্প হিসেবে খেলেন এই গোলরক্ষক।
রক্ষণভাগে নতুন সমীকরণ তৈরি করছেন কোচ স্কালোনি। বৃহস্পতিবারের অনুশীলনে নিকোলাস তাগলিয়াফিকোর পরিবর্তে দেখা গেছে ফাকুন্দো মেদিনাকে। লিওঁর এই ডিফেন্ডার কোচের পছন্দের তালিকায় থাকলেও, চলতি মৌসুমে ক্লাবের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ১৮ ম্যাচের মধ্যে তিনি মাত্র ছয়টিতে খেলেছেন, শুরুর একাদশে ছিলেন দুবার। অন্যদিকে বায়ার লেভারকুসেনের হয়ে ১৫ ম্যাচের ১২টিতে শুরু থেকে খেলেছেন মেদিনা।
মেদিনা একাদশে জায়গা পেলে রক্ষণে ডান দিকে দেখা যেতে পারে আগুস্তিন জিয়াইকে। চোটের কারণে ক্রিস্তিয়ান রোমেরোর পরিবর্তে খেলবেন লিওনার্দো বালার্দি। তার সঙ্গে কেন্দ্রীয় রক্ষণ সামলাবেন লিসান্দ্রো মার্তিনেজ।
মাঝমাঠে থাকছেন আলেক্সিস ম্যাক আলিস্টার ও এনজো ফার্নান্দেজ। তাদের সঙ্গে খেলার সম্ভাবনা রয়েছে এজেকিয়েল পালাসিওসের। নিষেধাজ্ঞার কারণে লিয়ান্দ্রো পারেদেস এবং দল থেকে বাদ পড়ায় রদ্রিগো দি পল না থাকায়, মাঝমাঠে বাড়তি দায়িত্ব নিতে হবে পালাসিওসকে।
আক্রমণভাগে তরুণদের ওপর আস্থা রাখছেন স্কালোনি। অধিনায়ক মেসি না থাকায় আক্রমণ সাজানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন নিকো পাস। তার সঙ্গে থাকবেন হুলিয়ান আলভারেজ ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।
সব মিলিয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে নতুনদের সুযোগ দিয়ে দলীয় ভারসাম্য ধরে রাখার চ্যালেঞ্জ স্কালোনির সামনে। মেসি ও মার্তিনেজের অনুপস্থিতিতে তরুণরা নিজেদের কতটা মেলে ধরতে পারেন, সেটিই এখন দেখার অপেক্ষা।
আর্জেন্টিনার সম্ভব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ/ জেরোনিমো রুলি, আগুস্তিন গিয়াই, লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; এক্সেকিয়েল পালাসিও/ভ্যালেন্টিন বার্কো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; নিকো পাজ, হুলিয়ান আলভারেজ এবং জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি/ থিয়াগো আলমাদা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে একটি এনজিওর মাধ্যমে নেদারল্যান্ডসে দত্তক হিসেবে পাঠানো হয়েছিল রাজিব উদ্দিনকে। সেখানে তার লালন-পালন ও বেড়ে ওঠা হয়েছে। বর্তমানে ৪৯ বছর বয়সে এসে রাজিব তার জন্মভূমির শেকড় এবং বাবা-মাকে খুঁজে ফিরছেন।
গত ছয় বছর ধরে তিনি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় নিজের আসল বাবা-মাকে খুঁজে বেড়াচ্ছেন। সর্বশেষ তিনি কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয়ে এসে তার পাসপোর্টে থাকা পেয়ারাকান্দি গ্রামের বিষয়ে খোঁজ নেন।
তবে সেই গ্রাম খুঁজতে গিয়ে দেখা যায়, ওই গ্রামটি একসময় কুমিল্লা জেলায় অন্তর্ভুক্ত থাকলেও ১৯৮৬ সালে সেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার অংশ হয়ে যায়। পাসপোর্টের তথ্য অনুযায়ী রাজিবের জন্ম ১৯৭৭ সালে। তার বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি এবং দাদার নাম রহিম উদ্দিন। এ ছাড়া তার অস্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে ‘বেবী হোমস্, ঢাকা, বাংলাদেশ’।
ঠিকানা নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। রাজিবের নথিপত্রে যে গ্রামের নাম দেওয়া হয়েছে, সেই অঞ্চলটি অতীতে বৃহত্তর কুমিল্লার অংশ ছিল। রাজিব একা নন, তার সঙ্গে বন্ধু সেলিনাও বাংলাদেশে এসেছেন নিজেদের বাবা-মাকে খুঁজতে। রাজিব পেশায় একজন সমাজকর্মী এবং তিনি বিগত ছয়বার বাংলাদেশে এসে নিজের মা-বাবাকে খুঁজেছেন।
রাজিব উদ্দিন বলেন, "আমি আমার জীবনের পুরো সময় নেদারল্যান্ডসে কাটালেও সেখানে আমি একজন প্রবাসী বা বিদেশি। আমি বাংলাদেশে এসেছি আমার জন্মদাতা মা-বাবাকে খুঁজতে। নেদারল্যান্ডসে আমার সবকিছু আছে, আমি সেখানে খুব ভালো আছি। কিন্তু যখনই আয়নার সামনে গিয়ে দাঁড়াই, তখন মনে ভীষণ শূন্যতা কাজ করে। জানতে ইচ্ছে করে, আমি কার মতো দেখতে হয়েছি—বাবার মতো নাকি মায়ের মতো?"
সম্প্রতি রাজিব উদ্দিন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুনের সঙ্গে দেখা করেন। এ সময় তার পাসপোর্টের ঠিকানা যাচাই করে সঠিক অবস্থান শনাক্ত করার জন্য প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়।
রাজিব আরও বলেন, "এর আগে আমি অন্য একটি গ্রামে গিয়ে খোঁজ নেওয়ার সময় এক ব্যক্তি দাবি করেছিলেন যে তিনিই আমার বাবা। কিন্তু পরবর্তীতে ডিএনএ টেস্ট করে দেখা যায়, তার সঙ্গে আমার কোনো মিল নেই।"
এদিকে রাজিবের সঙ্গে নেদারল্যান্ডস থেকে আসা তার বন্ধু সেলিনা গোমেজও গত তিন দফায় বাংলাদেশে এসে নিজের বাবা-মাকে খুঁজছেন। যদিও তার পাসপোর্টে জন্মস্থানের ঠিকানা কক্সবাজার দেওয়া রয়েছে, সেখানে গিয়েও তারা খোঁজ নিয়েছেন। বর্তমানে তিনি তার বন্ধু রাজিবের সঙ্গে কুমিল্লায় অবস্থান করছেন। পেশায় সেলিনা একজন সংগীতশিল্পী (গায়িকা)।
সেলিনা বলেন, "আমি নেদারল্যান্ডসে বিদেশির মতোই থাকি। সেখানে আমাকে যারা লালনপালন করেছেন, তারা অত্যন্ত ভালো। তারপরও আমার নিজের পরিচয় জানতে ইচ্ছে করে—আমার আসল বাবা-মা কে? রাজিব বা আমি—যার যার পরিবারকেই খুঁজে পাই না কেন, সেটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা।"
রাজিব ও সেলিনার সঙ্গে গাইড হিসেবে কাজ করছেন নর্দান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মো. ওমর। তিনি জানান, সেলিনা ও রাজিব তাদের পাসপোর্টের ঠিকানা অনুযায়ী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তারা যদি তাদের বাবা-মাকে খুঁজে পান, তবে আমাদেরও খুব ভালো লাগবে।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, "আমরা রাজিব উদ্দিনের কাগজপত্র ও পাসপোর্ট যাচাই করে দেখেছি। সেখানের ঠিকানা অনুযায়ী স্থানটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার একটি গ্রাম বলে প্রতীয়মান হয়। আমি ইতিমধ্যে সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখছি। যদি ওই ঠিকানাই রাজিব উদ্দিনের বাবা-মায়ের প্রকৃত ঠিকানা হয়ে থাকে, তবে তারা সেখানে গিয়ে আরও বিস্তারিত খোঁজ নিতে পারবেন। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজায় গণহত্যা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা এবং নিজ দেশে নাগরিক স্বাধীনতা সংকুচিত করার অভিযোগের কারণে চাপের মধ্যে রয়েছে ইসরাইলের ডানপন্থি জোট সরকার। ক্ষমতা হারানোর আশঙ্কা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, রাজনৈতিক পালাবদল ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই প্রচেষ্টার অংশ হিসেবে তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ বাধানোর চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, বিরোধীদের সংযম দেখানোর আহ্বান উপেক্ষা করে, ইসরাইলি সামরিক বাহিনীকে সম্ভাব্য ইরান হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু।
এমন খবরের পাশাপাশি জানা গেছে, ইরানে নতুন করে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রায় প্রতিদিন ফোন করে চাপ দিচ্ছিলেন নেতানিয়াহু। ইসরাইলের সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ইরানে সামরিক অভিযান চালানোর প্রস্তাব নিয়ে নেতানিয়াহুর সঙ্গে দেশটির সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামিরের বারবার বিরোধ হয়েছে। জামির এ ধরনের অভিযানের বিরোধিতা করে সতর্ক করেছেন, এতে আরো বড় আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে।
এদিকে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে একটি কার্যকর সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তার পক্ষে সরকার গঠন করা নিশ্চিত নয়। নেতানিয়াহু চাইছেন, তাকে ও তার দল লিকুদ পার্টিকে নিয়ে একটি জাতীয় ঐক্যের সরকার গঠিত হোক। অন্যদিকে, আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে নতুন নির্বাচনের পথ তৈরি হওয়ার অপেক্ষা করতে পারেন তিনি।
লন্ডনের কিংস কলেজের ইসরাইলি রাজনীতি বিশ্লেষক অ্যারন ব্রেগম্যান বলেন, ‘নেতানিয়াহু মরিয়া হয়ে উঠেছেন। তিনি জানেন, তার আচরণেই তা স্পষ্ট যে রাজনৈতিকভাবে তার বিদায় প্রায় নিশ্চিত। তাকে শুধু একটি জাতীয় ঐক্যের সরকারই রক্ষা করতে পারে।’
ব্রেগম্যানের মতে, ‘একটি ছোটখাটো যুদ্ধ আইজেনকোট ও তার সহযোগীদের সংকটের সময় এমন সরকার গঠনে বাধ্য করতে পারে।’
রাজনৈতিক স্বার্থে যুদ্ধের পথে?
বিরোধী দলের অনেক নেতা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছেন, নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে তিনি দেশকে একটি ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছেন। বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটও এমন অভিযোগ তুলেছেন।
তাদের মতে, নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে জোট সরকার গঠনের প্রক্রিয়া বিলম্বিত করছেন। তার লক্ষ্য, সময়ক্ষেপণের মাধ্যমে নতুন নির্বাচনের পরিস্থিতি তৈরি করা।
সমালোচকেরা ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ বাধানোর উদ্যোগকে নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার কৌশল হিসেবে দেখছেন। তবে বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু যদি সত্যিই ইরানে হামলা চালান, তাহলে তার সবচেয়ে কঠোর বিরোধীরাও শেষ পর্যন্ত তার পাশে দাঁড়াতে পারেন।
ইসরাইলের বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ‘ইরানোফোবিয়া’ বইয়ের লেখক হাগাই রাম বলেন, ‘বিষয়টি স্ববিরোধী। সবাই জানে, এটি পরিকল্পিতভাবে তৈরি করা সংকট হবে। কিন্তু ইরানকে ঘিরে আতঙ্ক সবকিছুকে ছাপিয়ে যায়। নেতানিয়াহু যদি সফল হন এবং ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করতে পারেন, তাহলে বিরোধীরাও অবশ্যই তাঁর পাশে দাঁড়াবে। জনসাধারণও তাদের কাছ থেকে সেটাই প্রত্যাশা করবে।’
তিনি আরো বলেন, ‘তারা বুঝবে, এর পেছনে নেতানিয়াহুর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কিন্তু বিষয়টি ইরানকে ঘিরে। ইরানই তাদের সবচেয়ে বড় শত্রু।’
রামের মতে, বিরোধী দলের সাবেক সামরিক কর্মকর্তাদের জীবনের বড় একটি অংশ কেটেছে ইরানের মোকাবিলার প্রস্তুতি নিয়ে। অন্যদিকে, বছরের পর বছর ইরানের হুমকির কথা শুনতে শুনতে সাধারণ মানুষের অনেকেই মনে করেন, এই যুদ্ধ একসময় অনিবার্য হয়ে উঠবে।
যুদ্ধের মূল্য দিতেও প্রস্তুত?
ইরানের সঙ্গে ইসরাইলের কয়েক দশকের বৈরিতা দেশটির মানুষের জীবনের বড় একটি সময়জুড়েই রয়েছে। দীর্ঘদিন ধরে ইসরাইলিরা ইরানের আঞ্চলিক মিত্রদের হামলার আশঙ্কার মধ্যে বসবাস করছেন। এসব মিত্রের মধ্যে লেবাননের হিজবুল্লাহ অন্যতম। ইসরাইলকে ধ্বংস করার হুমকি দিয়ে সংগঠনটির দেওয়া বক্তব্য ইসরাইলের সংবাদমাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।
এ ছাড়া, ইসরাইলি নেতারা অন্তত ১৯৯০-এর দশক থেকে বারবার সতর্ক করে আসছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে এবং দেশটি সেই অস্ত্র ইসরাইলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এসব বক্তব্য ইসরাইলিদের মধ্যে ইরানভীতি আরো জোরালো করেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একের পর এক সামরিক অভিযান চালায় ইসরাইল। এর মধ্যেই ২০২৫ সালের জুনে ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিন ধরে পাল্টাপাল্টি হামলা চলে।
এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইরানের ওপর যৌথ হামলা চালায় ইসরাইল। এ সংঘাত বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি সমুদ্রপথে চলাচল ব্যাহত করেছে। অস্থিরতা তৈরি করেছে আর্থিক বাজারে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সংসার খরচেও এর প্রভাব পড়েছে।
তারপরও, ইরানের সঙ্গে আরেকটি যুদ্ধ নেতানিয়াহুকে বর্তমান রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার সুযোগ করে দিতে পারে বলে মনে করেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক মনোবিজ্ঞানী ড্যানিয়েল বার-তাল।
বর্তমান পরিস্থিতিতে ইসরাইলের অধিকাংশ মানুষ নেতানিয়াহু ও তার জোট সরকারের বিরোধী। বার-তালের ভাষায়, নেতানিয়াহু এখন ‘নিজের অস্তিত্ব রক্ষার লড়াই’ করছেন। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা চলমান রয়েছে।
ইসরাইলের প্রধান মিত্র ও সামরিক সহায়তাদাতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে ইরান নিয়ে চলমান মার্কিন আলোচনা ভেস্তে দিতে দেবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বার-তাল। তবে তার ধারণা, ইসরাইলিরা এমন যুদ্ধকে সমর্থন করবেন।
বার-তালের মতে, নেতানিয়াহু বর্তমান রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য যুদ্ধকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন।
তার ভাষায়, এ ধরনের যুদ্ধ দেশে এমন অস্থিরতা তৈরি করতে পারে, যা নেতানিয়াহুকে তার বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেবে।
আপাতত ইসরাইলের মানুষের মধ্যে একধরনের স্থায়ী অপেক্ষার পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন হাগাই রাম।
তিনি বলেন, ‘মানুষ জানে, যুদ্ধের পক্ষে যেসব যুক্তি দেখানো হবে, সেগুলো কৃত্রিমভাবে তৈরি করা। তারা বোকা নয়। বিষয়টি তারা বুঝতে পারে। তবে আমার বন্ধু ও শিক্ষার্থীদের অনেকে মনে করেন, এই যুদ্ধ অনিবার্য। তারা শুধু অপেক্ষা করছেন।’
রাম আরো বলেন, ‘যুদ্ধ শুরু হলে, সবকিছু জানা সত্ত্বেও তারা দায়িত্ব পালনে হাজির হবেন এবং তাদের যা নির্দেশ দেওয়া হবে, তা-ই করবেন।’
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ