০১:৩৯ পি.এম
বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান তৈরি পোশাক (আরএমজি) উৎপাদনকেন্দ্র হিসেবে একটি শক্ত অবস্থান ধরে রেখেছে। এই খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে এবং স্থানীয় হাজার হাজার শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে সহায়তা করছে। তবে, এই খাতের টেকসই প্রবৃদ্ধি কেবল বিপুল উৎপাদন সক্ষমতা কিংবা সাশ্রয়ী ব্যয়ের ওপর নির্ভর করে না; বরং এর পেছনে সবচেয়ে বড় ভিত্তি হিসেবে কাজ করছে দেশীয় কারখানা ও আন্তর্জাতিক বায়ারদের মধ্যে সুদৃঢ় ব্যবসায়িক সম্পর্ক এবং পারস্পরিক আস্থা।
বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক খাতে অষ্টম বৃহত্তম সোর্সিং পার্টনার হিসেবে কাজ করছে আন্তর্জাতিক ফ্যাশন রিটেইলার 'এলপিপি'। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত দেশীয় বিভিন্ন পোশাক সরবরাহকারীদের অভিজ্ঞতা তুলে ধরছে যে, কীভাবে দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহযোগিতা ব্যবসায়িক প্রবৃদ্ধি, নতুন বিনিয়োগ এবং দক্ষ জনসম্পদ তৈরিতে অবদান রাখছে।
ডিজাইন এইস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ এই সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, "আন্তর্জাতিক বায়ারদের সাথে দীর্ঘমেয়াদি ও খোলামেলা সম্পর্ক আমাদের কারখানা পরিচালনায় ব্যাপক স্থিতিশীলতা এনে দেয়।" তিনি আরও বলেন, "এটি আমাদের টেকনিক্যাল সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ করার এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী করে তোলে।"
আরও পড়ুন: দুই মাসের সর্বনিম্ন থেকে তেলের দাম বৃদ্ধি
ব্যবসায়িক সুসম্পর্ক ও নিবিড় যোগাযোগ যে কারখানার সার্বিক কাজের মান বাড়ায়, তার প্রমাণ আইরিস ডিজাইন লিমিটেড। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে তারা উন্নত উৎপাদন পরিকল্পনা, কার্যদক্ষতা বৃদ্ধি ও শ্রমিকদের পেশাগত মান নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে আইরিস গ্রুপ বিডি-এর মার্কেটিং অ্যান্ড কমপ্লায়েন্স ডিরেক্টর মারজিয়া এম. অধরা জানান, "প্রতিকূল পরিস্থিতিতে পারস্পরিক বোঝাপড়া এবং একসঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতাই দীর্ঘস্থায়ী আস্থা গড়ে তুলেছে।"
দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্য সম্পর্কের সুবাদে তৈরি পোশাক খাতে বৈপ্লবিক পরিবর্তনের উদাহরণ গড়েছে 'বেল বটম'। এলপিপি-এর সঙ্গে টানা ব্যবসায়িক অংশীদারিত্ব প্রতিষ্ঠানটিকে নতুন প্রযুক্তি ও গ্রিন উৎপাদনে উৎসাহিত করেছে। বেল বটম-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামান বলেন, "একটি স্থিতিশীল ব্যবসায়িক সম্পর্ক আমাদের কারখানাগুলোতে অটোমেশন, ইএসজি (পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতা) উদ্যোগ এবং কর্মী উন্নয়নে বিনিয়োগের বড় সুযোগ করে দিয়েছে।" এর ফলে, মাত্র ৩ জনের দল থেকে তাদের প্রতিষ্ঠানটি আজ ৩৫০ জন বিশেষজ্ঞ কর্মীর এক বিশাল পরিবারে পরিণত হয়েছে এবং ব্যবসার পরিধি বেড়েছে প্রায় ৯০ গুণ।
বৈশ্বিক বাজার পরিস্থিতি, বৈশ্বিক সাপ্লাই চেইনের সংকট এবং কাঁচামালের দামের তীব্র ওঠানামার মতো কঠিন সময়েও এই ধরনের অংশীদারিত্ব দেশীয় কারখানাগুলোকে টিকিয়ে রাখতে ঢাল হিসেবে কাজ করছে। চৈতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, "সব সময় বাজার একরকম থাকে না।" তিনি আরও বলেন, "বাজারের ক্রমাগত অস্থিরতা ও বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে গঠনমূলক আলোচনা ও পারস্পরিক সহযোগিতাই আমাদের কারখানাগুলোর স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।"
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মন্তব্য করছেন যে, বৈশ্বিক ফ্যাশন ব্যবসায় কেবল বাণিজ্যিক ক্রয়াদেশ (পারচেজ অর্ডার) সবচেয়ে বড় অর্জন হতে পারে না। বরং, পারস্পরিক আস্থা, প্রযুক্তিগত বিনিয়োগ এবং ব্যবসার দীর্ঘমেয়াদি সম্প্রসারণই আসল মূলধন। এলপিপি ও বাংলাদেশের কারখানাগুলোর এই যৌথ অভিজ্ঞতা প্রমাণ করে যে, বৈশ্বিক ফ্যাশনশিল্পে দীর্ঘমেয়াদি আস্থাও এখন ফাইনান্সিয়াল ক্যাপিটাল বা অর্থের মতোই গুরুত্বপূর্ণ এক সম্পদে পরিণত হয়েছে।
আরও পড়ুন: উত্তরা ব্যাংকের ৬২ কোটি টাকার ক্ষতি, চেয়ারম্যান-এমডির গ্রুপের জন্য কমেছে ফ্লোর ভাড়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন