ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

১ বছর পর দেশে ফিরেছে প্রবাসী মিন্টুর মরদেহ


১ বছর পর দেশে ফিরেছে প্রবাসী মিন্টুর মরদেহ

কম্বোডিয়ায় মৃত্যুর এক বছর পর দেশে ফিরিয়ে আনা হয়েছে রূপগঞ্জের প্রবাসী মিন্টু মিয়ার (৫১) মরদেহ।

রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিন্টুর মরদেহ গ্রহণ করেন তার স্ত্রী তোফা খানম।

পরিবারের দীর্ঘ এক বছরের চেষ্টার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।

আরও পড়ুন: টিকটক করায় মায়ের শাসন, রান্নাঘরে গিয়ে ‘কঠিন সিদ্ধান্ত’ নিলো মাদরাসাছাত্রী

জমি বিক্রি ও ঋণ করে ২০২৫ সালের জানুয়ারিতে কম্বোডিয়া গিয়েছিলেন মিন্টু মিয়া। সেখানে প্রায় ৬০ লাখ টাকা বিনিয়োগ করে তিনি একটি ছোট রেস্টুরেন্ট শুরু করেন। কিন্তু কিছুদিন পরই বাধার মুখে পড়েন। সরকারি রাস্তা নির্মাণের জন্য কর্তৃপক্ষ ওই স্থাপনাটি ভেঙে দেয়। পরে এক কম্বোডিয়ান নাগরিকের সঙ্গে যৌথ ব্যবসায় বিনিয়োগ করেন মিন্টু। কিন্তু সেখানেও তিনি প্রতারণার শিকার হয়ে ক্ষতির মুখে পড়েন। পরে গত বছরের ২৬ আগস্ট মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে কম্বোডিয়ার রাজধানী নমপেনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আর তার মৃত্যুর পরপরই অবশিষ্ট সবকিছুই লুটে নেন অজ্ঞাতরা।

মিন্টু মিয়াই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর পর পরিবারটি চরম আর্থিক ও মানসিক সংকটে পড়ে। এমনকি তার মরদেহ দেশে ফিরিয়ে আনতেও পরিবারের জন্য সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘ চার মাস বিভিন্নভাবে চেষ্টা চালালেও তারা সফল হয়নি। কারণ মিন্টু ভ্রমণ ভিসায় কম্বোডিয়া যাওয়ার পর বিজনেস ভিসা নেন। ফলে বাংলাদেশি ওয়ার্ক পারমিট না থাকায় তিনি দেশে নথিভুক্ত ছিলেন না। এই জটিলতা মোকাবিলা করে মরদেহ পাঠানোর জন্য বিভিন্ন পক্ষ ৭ থেকে ৮ হাজার মার্কিন ডলার দাবি করে, যা বাংলাদেশি টাকায় ৯ লাখের বেশি। ঋণে জর্জরিত পরিবারের পক্ষে সেই ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে গত ৭ নভেম্বর মিন্টু মিয়ার স্ত্রী তোফা খানম বেসরকারি প্রতিষ্ঠান উইটনেস ফাউন্ডেশনে আবেদন করেন। পরবর্তীতে ৩ ডিসেম্বর প্রতিষ্ঠানটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে প্রয়োজনীয় আবেদন জমা করে। এরপর সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সমন্বয় ও ধারাবাহিক অনুসরণের মাধ্যমে অবশেষে সরকারি তহবিলের সহায়তায় মরদেহটি ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়।

উইটনেস ফাউন্ডেশনের কমিউনিকেশন কো-অর্ডিনেটর রাগীব হাসান জানান, অভিবাসীদের অধিকার, নিরাপদ অভিবাসন এবং সংকটে পড়া প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় দীর্ঘদিন ধরে কাজ করে আসা সংগঠনটি বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে। সরকারি প্রক্রিয়া অনুসরণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ এবং নিয়মিত ফলোআপের মাধ্যমে প্রায় এক বছর পর মিন্টু মিয়ার মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: খাদ্যমন্ত্রী: দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার কারাগারে ধরা পড়েছে ‘মাদক পাচারকারী’ বিড়াল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৭ এম


রাশিয়ার কারাগারে ধরা পড়েছে ‘মাদক পাচারকারী’ বিড়াল

রাশিয়ার একটি কারাগারে বন্দিদের কাছে মাদক পৌঁছে দেওয়ার অভিযোগে একটি বিড়ালকে ব্যবহার করার দাবি করেছে দেশটির কারা কর্তৃপক্ষ। গলায় বিশেষভাবে তৈরি এক কলারের ভেতরে নিষিদ্ধ মাদক বহন করার সময় প্রাণীটিকে আটক করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

রাশিয়ার ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস (এফএসআইএন) জানিয়েছে, কারাগারের কর্মীরা একটি বিড়ালকে সংশোধনাগারে প্রবেশের আগেই সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করেন। পরে তার গলায় থাকা দুইটি কাপড়ের কলার খুলে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিড়ালটির গলায় থাকা কালো রঙের চওড়া কলার খুলে পরীক্ষা করছেন কারা কর্মকর্তারা। মাদক ভরা কলারগুলো জব্দ করার পর বিড়ালটিকে ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনায় কারা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। কারা বন্দিদের কাছে মাদক পৌঁছে দেওয়ার পেছনে কারা জড়িত, কীভাবে বিড়ালটিকে প্রশিক্ষণ দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল এবং পুরো পাচারচক্র কীভাবে পরিচালিত হচ্ছিল— এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: ইউরো নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব আইভিএফ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে সুধী সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৫ এম


বিশ্ব আইভিএফ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে সুধী সমাবেশ অনুষ্ঠিত

বিশ্ব আইভিএফ (ইন-ভিট্রো ফার্টিলাইজেশন) দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯টায় শহরের গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারে দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সেলিং সেন্টারের আয়োজনে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও দেশের খ্যাতনামা চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি। বক্তৃতা করেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও বন্ধ্যাত্ব চিকিৎসক ডা. হাদি হোসেন, ডা. সিনথিয়া  তাসমিন, ডা. সত্যকাম চক্রবর্তী, ডা. প্রদীপ লাল বণিক, ডা. বিশ্বজিৎ ভৌমিক, ডা. নিশিত নন্দি মজুমদার, ডা. ইশতিয়াক আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সেলিং সেন্টারের চিফ কনসালটেন্ট ডা. নিবাস চন্দ্র পাল। তিনি আইভিএফ চিকিৎসার ইতিহাস, বৈজ্ঞানিক ভিত্তি, বাংলাদেশে এর অগ্রগতি এবং শ্রীমঙ্গলে এ সেবার সফলতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, ১৯৭৮ সালের ২৫ জুলাই ইংল্যান্ডে বিশ্বে প্রথম টেস্টটিউব শিশু লুইস জয় ব্রাউন জন্মগ্রহণের মধ্য দিয়ে চিকিৎসাবিজ্ঞানে এক নতুন যুগের সূচনা হয়। নোবেলজয়ী বিজ্ঞানী ড. রবার্ট এডওয়ার্ডস এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. প্যাট্রিক স্টেপটো-এর গবেষণা ও প্রচেষ্টায় আইভিএফ প্রযুক্তির সফল বাস্তবায়ন সম্ভব হয়। প্রথমদিকে এ প্রযুক্তি নিয়ে নানা বিতর্ক থাকলেও বর্তমানে এটি এক বিশ্বব্যাপী স্বীকৃত, নিরাপদ ও কার্যকর চিকিৎসা পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

ডা. নিবাস চন্দ্র পাল বলেন, বর্তমানে বিশ্বে এক কোটিরও বেশি শিশু আইভিএফ প্রযুক্তির মাধ্যমে জন্মগ্রহণ করেছে। আধুনিক অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি (অজঞ)-এর অগ্রগতির ফলে সন্তান ধারণে সমস্যায় ভোগা অসংখ্য দম্পতির মুখে আজ হাসি ফুটেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশেও আইভিএফ চিকিৎসার ব্যাপক অগ্রগতি হয়েছে। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও দক্ষতা নিয়ে সফলতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে চলেছেন। বর্তমানে, বিদেশে না গিয়েও দেশে উন্নতমানের আইভিএফ চিকিৎসা গ্রহণ করা সম্ভব।

ডা.নিবাস পাল জানান, ২০১৯ সালে প্রতিষ্ঠিত দীপশিখা ইনফার্টিলিটি কেয়র অ্যান্ড কাউন্সেলিং সেন্টার বৃহত্তর সিলেট অঞ্চলের প্রথম আধুনিক ল্যাবসমৃদ্ধ আইভিএফ (টেস্টটিউব বেবি) সেন্টার। প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানের মাধ্যমে সফলভাবে ১৮৯টি টেস্টটিউব শিশুর জন্ম হয়েছে। এতে বহু নিঃসন্তান দম্পতির দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে।

তিনি বলেন, বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয় এবং এটি শুধু নারীর সমস্যা বলেও মনে করার সুযোগ নেই। পুরুষ ও নারী উভয়ের কারণেই সন্তান ধারণে সমস্যা হতে পারে। তাই লজ্জা বা কুসংস্কার দূরে রেখে সময়মতো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে আইভিএফ প্রযুক্তি নিঃসন্তান দম্পতিদের জন্য এক আশীর্বাদ হয়ে এসেছে। সমাজে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ভুল ধারণা দূর করা এবং সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানটির শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আকর্ষণীয় র‌্যাফেল ড্র এবং নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা বিশ্ব আইভিএফ দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলের মাঠে দখলদারদের ঠাঁই হবে না, স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিপুন রায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৩ এম


স্কুলের মাঠে দখলদারদের ঠাঁই হবে না, স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিপুন রায়ের

 

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, ‘স্কুলের মাঠ কাউকেই অবৈধভাবে দখল করতে দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা অবশ্যই শিক্ষার স্বার্থেই ব্যবহার করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ নিরাপত্তা বিধানে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘সরকার বাংলাদেশকে সিঙ্গাপুর নয়, বরং একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চায়। দেশের নিজস্ব সম্পদ, কৃষি, শিক্ষা এবং তরুণদের মেধাকে কাজে লাগিয়েই উন্নয়নের পথকে সুগম করতে হবে।’

রবিবার (২৬ জুলাই) সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন আগানগর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটিকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবার সময় তিনি এসব কথা বলেন।

আগানগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানটি অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ বাশার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তব্যের সময় নিপুন রায় চৌধুরী বলেন, আগানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষা-পরিবেশ, ঐতিহ্য ও সম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নবগঠিত অ্যাডহক কমিটির প্রতি আস্থা রেখে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সুশৃঙ্খল শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কায় ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৬:২০ এম


যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কায় ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে অংশ নিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করার আশঙ্কায় আছে এমন ইসরায়েলি তিন ভাই-বোনকে সুরক্ষা দেওয়ার পথ উন্মোচন করেছে অস্ট্রেলিয়া। প্রশাসনিক পর্যালোচনা ট্রাইব্যুনাল (এআরটি) রায় দিয়েছে, তাদের বাধ্যতামূলক সামরিক সেবা প্রত্যাখ্যান করার কারণে যদি তারা ইসরায়েলে ফিরে যায়, তাহলে তারা কারাদণ্ড এবং রাষ্ট্রীয় নির্যাতনের ঝুঁকির মধ্যে পড়তে পারেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, অস্ট্রেলিয়ায় সুরক্ষা ভিসার আবেদন করা এক পরিবারের তিন প্রাপ্তবয়স্ক সন্তানের বিষয়টি এই রায়ের অন্তর্ভুক্ত হয়েছে। ট্রাইব্যুনাল তাদের বক্তব্য গ্রহণ করে বলেছে, গাজার চলমান যুদ্ধে অংশগ্রহণের ফলে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের আশঙ্কা রয়েছে—এই বিশ্বাস থেকেই তারা সামরিক বাহিনীতে যোগ দিতে অস্বীকার করেছেন। এই অবস্থানকে রাজনৈতিক বিশ্বাস হিসেবে ট্রাইব্যুনাল স্বীকৃতি দিয়েছে।

রায়ে বলা হয়েছে, সামরিক সেবা প্রত্যাখ্যানের ফলে তাদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে। ট্রাইব্যুনালের মতে, এই শাস্তির ঝুঁকি তাদের জন্য গুরুতর ক্ষতির বাস্তব আশঙ্কা সৃষ্টি করে এবং যেহেতু এই ঝুঁকি রাষ্ট্রের পক্ষ থেকে আসতে পারে, তাই তারা নিজ দেশে কার্যকর সুরক্ষা পাওয়ার সম্ভাবনা কম।

ট্রাইব্যুনাল আরও উল্লেখ করেছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের বিষয়ে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি রায়ে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথাও তুলে ধরা হয়েছে। তবে ট্রাইব্যুনাল স্পষ্ট করেছে, এসব অভিযোগের সত্যতা নির্ধারণ তাদের দায়িত্ব নয় এবং আইসিসির মামলায় চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযুক্তরা আইনগতভাবে নির্দোষ বলে বিবেচিত হবেন।

প্রায় এক দশক আগে পরিবারটি বাবার কর্মভিসায় অস্ট্রেলিয়ায় গিয়েছিল। আগামী ২০২৪ সালে তাদের ভিসার মেয়াদ শেষ হলে তারা সুরক্ষা ভিসার আবেদন করেন, তবে প্রথমে তা প্রত্যাখ্যাত হয়। পরে আপিলের পর ট্রাইব্যুনাল মনে করে, ইসরায়েলে ফেরত পাঠানো হলে তিন ভাই-বোন নির্যাতনের বাস্তব ঝুঁকিতে পড়তে পারেন। তাই পুরো পরিবারকে সুরক্ষা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%