০৩:৩২ পি.এম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, নেতৃত্ব কারো কাছে চিরজীবন বন্দি থাকে না।
তিনি রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মশিউর রহমান ফাউন্ডেশন আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘নেতৃত্ব কারো কাছে চিরজীবন বন্দি থাকে না, নেতৃত্ব গতিশীল। আপনি যদি পজিটিভ রাজনীতি করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, তাহলে কোনো প্রতিবন্ধকতাই আপনার পথে ব্যারিকেড হয়ে দাঁড়াবে না।’
আরও পড়ুন: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার
মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘রাজনীতি একটা গতিশীল জায়গা। রাজনীতিতে ভুল করলে সে ভুলের মাসুল অনুসারীদের দিতে হয়। এটাই হলো বাস্তবতা। আপনারা যারা আগামী দিনে রাজনীতি করতে চাইছেন, নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছেন, তারা নিজেদের সেভাবে প্রস্তুত করুন। এমপি সবাই হয় না, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের গুণাবলি অন্য রকম। রাজনীতিতে আজকে কেউ আপনার পারমানেন্ট বন্ধু হতে পারে, আবার কাল সে পারমানেন্ট শত্রু হয়ে যেতে পারে।’
মরহুম মশিউর রহমানকে স্মরণ করে তিনি বলেন, ‘তিনি ছিলেন খাঁটি ও আপাদমস্তক রাজনীতিবিদ। রাজনীতি তার রক্তে মিশে ছিল। মশিউর রহমানের রাজনৈতিক চিন্তা, দর্শন, নেতৃত্ব ও উন্নয়নের কর্মযজ্ঞ ধারণ করে ঝিনাইদহে বিএনপিকে আরো বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হই, তাহলে সেই ব্যর্থতার প্রভাব এসে পড়বে জাতীয়ভাবে দলের ওপর, যেটা পড়েছে গত নির্বাচনে।’
তিনি আরো বলেন, ‘আমরা ঝিনাইদহের মশিউর রহমানের শূন্যতা অনুভব করি তখন, যখন দেখি পার্লামেন্টে জামায়াতের এমপিরা ঝিনাইদহের প্রতিনিধিত্ব করতে এসে মৃয়মাণ থাকেন। আমরা মশিউর রহমানের শূন্যতা অনুভব করি উন্নয়নের ক্ষেত্রে, শূন্যতা অনুভব করি মৌলবাদ মোকাবিলায় এবং মাদকবিরোধী সংগ্রামে।’
মুক্তিযোদ্ধা মশিউর রহমান ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট আবদুল আলিমের সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য দেন— বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, বিএনপির সাবেক সহসংস্কৃতিবিষয়ক সম্পাদক মনির খান, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
আরও পড়ুন: শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদনে উল্লেখিত তথ্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন