০৮:৩১ পি.এম
ঢাকা, ৮ নভেম্বর ২০২৬ : প্রথম বিভাগ হকি লিগের চ্যাম্পিয়ন হয়ে ঢাকা ইউনাইটেড আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে।
আজ মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে প্রথম বিভাগ লিগের সমাপ্তি ঘটেছে। এবারের লিগে ঢাকা ইউনাইটেড অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তারা মোট ১০ ম্যাচে অংশ নিয়ে সর্বোচ্চ ২৮ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষস্থান দখল করে।
অন্যদিকে, প্রতিযোগিতামূলক লড়াইয়ের পর মাত্র এক পয়েন্টের ব্যবধানে ২৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ ট্রফি নিজেদের করে নিয়েছে ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।
আরও পড়ুন: রহমত শাহ সেরা দশে, হৃদয় ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থানে
লিগের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মাহফুজুল আলম খান। খেলা শেষে তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে একই স্থানে বাংলাদেশ হকি ফেডারেশন ও ব্র্যাক ব্যাংক পিএলসি-এর যৌথ উদ্যোগে আয়োজিত 'অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬'-এর তৃতীয় ধাপের গোলকিপার ট্রেনিং ক্যাম্পের প্রশিক্ষণার্থীদের হাতে সনদ প্রদান করা হয়।
২২টি জেলা থেকে নির্বাচিত মোট ২৪ জন প্রতিশ্রুতিশীল নারী গোলকিপারকে নিয়ে ১৫ দিনব্যাপী এই আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসির হেড অব জেনারেল সার্ভিস মেজর জেনারেল মোঃ আমিন আকবর (অব.) এবং সিএসআর রিপোর্টিং অ্যান্ড স্পন্সরশিপ অফিসার রামিছা তাবাসসুম চৌধুরী।
আরও পড়ুন: শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন