০১:৪৬ পি.এম
ফেনী শহরের একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করে ছয়তলা ভবনের পাঁচতলার সরু কার্নিশে আটকা পড়া ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টার চেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।
শনিবার (৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ছাত্রীটি ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হিসেবে পরিচিত।
পুলিশ, ফায়ার সার্ভিস ও মাদ্রাসা সূত্রে জানা যায়, মাদ্রাসায় পড়াশোনার প্রতি এই ছাত্রীর অনীহা ছিল। এর আগে সে একবার মাদ্রাসা থেকে পালিয়ে নিজ বাড়িতে চলে গিয়েছিল। শনিবার সকালে তার বড় ভাই তাকে আবার মাদ্রাসায় দিয়ে যান। কিছু সময় পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান
পরবর্তীতে, মাদ্রাসার পাঁচতলার একটি জানালার পাশে সরু কার্নিশে তাকে বসে থাকতে দেখা যায়। সেখানে সে আটকা পড়েছিল। বিষয়টি জানার পর মাদ্রাসা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মামুন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদ থেকে নিচে নামার সময় ওই ছাত্রী পাঁচতলার কার্নিশে আটকা পড়ে। কার্নিশে অবস্থান করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে বেলা ২টার দিকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
মাদ্রাসার মুহতামিম জানান, ছয় মাস আগে ওই ছাত্রীকে মাদ্রাসায় ভর্তি করা হয়। পড়াশোনার প্রতি অনীহা থাকার কারণে এর আগে সে কয়েকবার বাড়িতে চলে গিয়েছিল। শনিবার (৮ আগস্ট) আবার মাদ্রাসায় দিয়ে যাওয়ার পর পালানোর চেষ্টা করলে কার্নিশে আটকা পড়ে। ঘটনার পরপরই তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
ফেনী মডেল থানার উপপরিদর্শক মোতাহের হোসেন বলেন, পুলিশের উপস্থিতিতে ছাত্রীকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর সাথে এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় বিরোধীয় জমিতে রাতের আঁধারে পাকা ভবন নির্মাণের অভিযোগ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন