ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

নেতানিয়াহুর চেহারার সাদৃশ্য, ক্রেতাদের বয়কটে বিপাকে ইরানি ব্যবসায়ী


নেতানিয়াহুর চেহারার সাদৃশ্য, ক্রেতাদের বয়কটে বিপাকে ইরানি ব্যবসায়ী

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার সাদৃশ্য থাকার কারণে ইরানের রাজধানী তেহরানের এক দোকানি ক্রেতাদের বয়কটের সম্মুখীন হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। এতে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, ওই দোকানি তেহরানে শুকনো ফল ও ইরানের ঐতিহ্যবাহী মিষ্টি বিক্রি করেন। সম্প্রতি তার দোকানে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর অনেকেই তার মুখের গড়নের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চেহারার তুলনা করতে শুরু করেন।

আরও পড়ুন: প্রায় সাড়ে ৬ হাজার মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মন্ত্রী সংসদে জানিয়েছেন

এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে এই ভাইরাল হওয়ার ঘটনা তার জন্য ইতিবাচক কিছু নিয়ে আসেনি। বরং নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলের কারণে ক্রেতাদের একটি অংশ তার দোকান এড়িয়ে চলছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অনেকেই সেখানে যাওয়া এবং পণ্য কেনা বন্ধ করে দিয়েছেন।

নিজের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে ওই দোকানি জানান, নেতানিয়াহুর সঙ্গে চেহারার এই সাদৃশ্য সম্পূর্ণ অনিচ্ছাকৃত। অথচ এ কারণে তাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। ক্রেতারা দোকানে আসা বন্ধ করে দেওয়ায় ব্যবসা নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন। পুরো বিষয়টি তার জন্য অত্যন্ত কষ্টদায়ক বলেও তিনি জানান।

ইরান ও ইসরাইলের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এমন ঘটনা সামনে এসেছে। দুই দেশের বিরোধের প্রভাব যে কেবল রাষ্ট্রীয় পর্যায়েই সীমাবদ্ধ নয়, বরং সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন ও জীবিকাতেও পড়ছে, তেহরানের এই দোকানির ঘটনা তারই একটি উদাহরণ।

সূত্র: সামা টিভি

আরও পড়ুন: সংসদে সরকারের সচিবকে ‘ফালতু লোক’ বললেন জামায়াত আমির

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রায় সাড়ে ৬ হাজার মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মন্ত্রী সংসদে জানিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


প্রায় সাড়ে ৬ হাজার মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মন্ত্রী সংসদে জানিয়েছেন

জাতীয় সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই করে এখন পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জন বীর মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মশিউর রহমান খানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রকাশ করেন। প্রশ্নোত্তর পর্বটি ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে মোট ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৬ হাজার ৫৩৬। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে ৬ হাজার ৪৭৬ জনের গেজেট বাতিল করা হয়েছে।

নওগাঁ-৪ আসনের এমপি ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রস্তুত ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। রাজাকার, আলবদর, আলশামস ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে বলেও তিনি জানান।

মুক্তিযোদ্ধাদের তালিকা নির্ভুল করার বিষয়ে কুড়িগ্রাম-২ আসনের এমপি আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে আহমেদ আযম খান জানান, সুশীল সমাজ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ইতিমধ্যে একাধিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আরও বৈঠক ও সভার আয়োজন করে সেসব সুপারিশের ভিত্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকা প্রণয়নের কার্যকর পদ্ধতি নির্ধারণ করা হবে। সরকার বিশ্বাস করে যে, এর মাধ্যমে নিরপেক্ষ ও গবেষণাভিত্তিক তালিকা প্রস্তুত করা সম্ভব হবে।

এমপি মারদিয়া মমতাজের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা ও শহীদদের নির্ভুল তালিকা প্রণয়নের কৌশল নির্ধারণে গোলটেবিল বৈঠক করা হয়েছে। আরও সভা করে সুপারিশের ভিত্তিতে তালিকা তৈরির কার্যকর পদ্ধতি নির্ধারণ করা হবে।

সিরাজগঞ্জ-৪ আসনের এমপি মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের ধারাবাহিকতায় নতুন একটি প্রকল্প প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে আরও ২৫ হাজার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য আবাসন বরাদ্দ দেওয়া সম্ভব হবে।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, আগের পর্যায়ে জমির মালিকানা নিয়ে জটিলতার কারণে অনেক যোগ্য মুক্তিযোদ্ধা আবাসনসুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এ ধরনের সমস্যা এড়াতে নিজস্ব নির্ধারিত জমি রয়েছে—এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। এতে সঠিক জমিতে বাড়ি নির্মাণ ও প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছানো সম্ভব হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা যাবে।

নীতিমালা অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীরা উপজেলা পর্যায়ের হাসপাতালে বছরে সর্বোচ্চ ১০ হাজার, জেলা পর্যায়ের হাসপাতালে ২০ হাজার এবং বিভাগীয় পর্যায়ের হাসপাতালে ৩০ হাজার টাকা চিকিৎসাসহায়তা পাবেন। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় বছরে সর্বোচ্চ এক লাখ ও জটিল রোগের চিকিৎসায় পাঁচ লাখ টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হচ্ছে।

অন্যদিকে বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী বা স্বামীর চিকিৎসার ক্ষেত্রে উপজেলা পর্যায়ে বছরে সর্বোচ্চ ১০ হাজার টাকা, জেলা পর্যায়ে ২০ হাজার ও বিভাগীয় পর্যায়ে ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা ও জটিল রোগের চিকিৎসায় দুই লাখ টাকা পর্যন্ত সুবিধা রয়েছে। মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসহায়তা ও সামাজিক নিরাপত্তাসুবিধা আরও সম্প্রসারণের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।

এদিকে কিশোরগঞ্জ-১ আসনের এমপি মোহাম্মদ মাজহারুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করা হয়েছে। সেখানে গ্রন্থাগারের ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব জাদুঘর স্থানীয় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের সংগ্রহশালা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%