০৬:০৬ পি.এম
ঝিনাইদহের মহেশপুর এবং চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন। গত আড়াই মাসের মধ্যে (১ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর) পৃথক অভিযানের মাধ্যমে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে ১৭৫ জনকে আটক করা হয়েছে। একই সময়ে, ৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ২৬৯ টাকা মূল্যের মাদক, স্বর্ণ, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত আড়াই মাসে পরিচালিত বিশেষ অভিযানে বিজিবি ২টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা গুলি এবং ৫৭৫ দশমিক ০৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে। এছাড়া জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১ হাজার ২৫২ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৫৭ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ, ৬ হাজার ৭৪৩ পিস ইয়াবা, ৪৯ কেজি ৭২ গ্রাম গাঁজা ও ৮ হাজার ৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট। এসব ঘটনায় মহেশপুর ও জীবন নগর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জানান, সীমান্ত দিয়ে পুশইন ও চোরাচালান প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযানের পাশাপাশি সীমান্তবর্তী জনগণকে সচেতন করতে মতবিনিময় সভাও অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: বরিশালে আইজিপি কাপ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন, মাঠে নামছেন পুলিশ সদস্যরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন