০৮:৪১ পি.এম
কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বাইউস্ট মডেল ইউনাইটেড ন্যাশনস ২০২৬’।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ৮ নভেম্বর (শুক্রবার) কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অডিটোরিয়ামে হবে। এই আয়োজনটি ১০ নভেম্বর বিকেলে শেষ হবে।
বাইউস্টের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে দেশি ও বিদেশি ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। সম্মেলনের উদ্দেশ্য হলো আন্তর্জাতিক কূটনীতি, রাজনীতি, আইন, সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্যে কাজ করা।
আরও পড়ুন: মাদকের আসামি ধরতে গিয়ে এএসআই পিস্তল হারালেন, সন্ধান দিলে ৫০ হাজার টাকা পুরস্কার
আয়োজকদের আশা, এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক আলোচনা, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ যোগাযোগের নতুন ক্ষেত্র সৃষ্টি হবে। শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা, গবেষণা, যুক্তি উপস্থাপন এবং সিদ্ধান্ত গ্রহণের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষার্থীরা সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন সম্মেলনের মহাসচিব আল-আমিন, উপ-মহাসচিব আনিকা তাহসিন, জনি আহমেদ, মহাপরিচালক রাত্রী এবং বিভিন্ন পর্যায়ের আয়োজক ও শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে তিন দিনব্যাপী সম্মেলনের লক্ষ্য, উদ্দেশ্য, অংশগ্রহণকারী, একাডেমিক কার্যক্রম এবং কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। আয়োজকরা জানান, এবারের সম্মেলনে বিশ্বের পাঁচটি দেশের প্রতিনিধিত্বসহ মোট ৩০ জন বিচারক এবং ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনের নানা গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন কমিটিতে নিজেদের অবস্থান তুলে ধরবেন।
সম্মেলনের একাডেমিক কার্যক্রমকে সাতটি পৃথক কমিটিতে ভাগ করা হয়েছে। কমিটিগুলো হলো: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ নারী বিষয়ক সংস্থা, শরণার্থী, খাদ্য ও কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, বিচার আদালত এবং জাতীয় সংসদ।
আরও পড়ুন: ব্রহ্মপুত্রের মাঝনদীতে চলন্ত নৌকায় প্রসূতি নারী যমজ সন্তানের জন্ম
প্রতিটি কমিটিতে নির্দিষ্ট বিষয় ও বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা, বিতর্ক ও গবেষণা পরিচালিত হবে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আন্তর্জাতিক সংকট, মানবাধিকার, খাদ্যনিরাপত্তা, নারী অধিকার, প্রযুক্তির অগ্রগতি, বিচারব্যবস্থা এবং জাতীয় নীতিনির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের চিন্তাভাবনা ও দক্ষতা প্রকাশের সুযোগ পাবেন।
বিশেষজ্ঞ বিচারকদের সামনে নিজেদের বক্তব্য, গবেষণালব্ধ তথ্য এবং যুক্তি উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক কূটনৈতিক প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। একই সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ভিন্ন সংস্কৃতি, চিন্তাধারা ও রাষ্ট্রীয় অবস্থান সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে।
বিশেষ করে বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সম্পর্ক, ভূরাজনীতি, প্রযুক্তি, মানবাধিকার ও বৈশ্বিক সংকটের মতো বিষয়গুলো তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এই তিন দিনের আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় দেশি-বিদেশি শিক্ষার্থীদের একটি আন্তর্জাতিক শিক্ষামূলক মিলনমেলা তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।
আরও পড়ুন: সীতাকুণ্ডে শিক্ষার্থীর মৃত্যুতে সড়ক-রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর প্রত্যাহার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন