ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধে আটকে কপ-৩১-এর চূড়ান্ত চুক্তি


জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধে আটকে কপ-৩১-এর চূড়ান্ত চুক্তি

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বিশ্বনেতা ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেননি। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সময়সীমা, জলবায়ু অর্থায়ন এবং উন্নয়নশীল দেশগুলোর ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহায়তা নিয়ে মতবিরোধের কারণে সম্মেলনের মূল চুক্তি নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত করা সম্ভব হয়নি। সম্মেলন শেষ হওয়ার কথা ছিল গত শুক্রবার, কিন্তু আলোচনা অতিরিক্ত সময়ে গড়িয়ে যায়। শনিবার রাত পর্যন্ত বৈঠক চললেও চূড়ান্ত সমঝোতা না হওয়ায় সমাপনী অধিবেশন রোববার পর্যন্ত স্থগিত করা হয়েছে।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত এবারের সম্মেলনে প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। দুই সপ্তাহের আলোচনা শেষে চুক্তির খসড়া নিয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে আনা এবং জীবাশ্ম জ্বালানি থেকে পর্যায়ক্রমে সরে আসার বিষয়ে কোন গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দেশগুলো।

সম্মেলনের সভাপতি তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম এবং আলোচনার দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েন বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছেন। চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে নতুন খসড়া প্রণয়ন ও মতপার্থক্য দূর করার চেষ্টা চলছে। তবে শেষ পর্যন্ত কোন ভাষায় চুক্তি অনুমোদিত হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

আরও পড়ুন: রাবণকে গৌরবান্বিত করার চেষ্টা! ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবিতে সরব বিশ্ব হিন্দু পরিষদ

জীবাশ্ম জ্বালানি নিয়ে সবচেয়ে বড় বিরোধ কপ-৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তের খসড়া থেকে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানো কিংবা জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে স্পষ্ট উল্লেখ বাদ পড়ায় সম্মেলনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এর পরিবর্তে বিদ্যুতায়ন, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ এবং কার্বন ধারণ ও সংরক্ষণ প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা কয়েকটি উন্নয়নশীল দেশ আপত্তি জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ধারণা, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়টি চূড়ান্ত চুক্তিতে অন্তর্ভুক্ত করার পক্ষে প্রায় ১৩০টি দেশের সমর্থন রয়েছে।

অন্যদিকে, জীবাশ্ম জ্বালানির উৎপাদন ও ব্যবহার নিয়ে নির্দিষ্ট সময়সীমা বা বাধ্যবাধকতা আরোপের বিষয়ে কয়েকটি তেল উৎপাদনকারী দেশ আপত্তি জানিয়ে আসছে। ফলে এ বিষয়ে ঐকমত্য তৈরি করা কঠিন হয়ে পড়েছে।

জলবায়ু অর্থায়ন এবারের সম্মেলনের অন্যতম বড় বিরোধের বিষয় হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলো অভিযোজন, দুর্যোগ মোকাবিলা, পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পর্যাপ্ত অর্থায়নের দাবি জানিয়ে আসছে। তাদের অভিযোগ, উন্নত দেশগুলো জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি দিলেও প্রয়োজন অনুযায়ী অর্থ ছাড় এবং সহজ শর্তে সহায়তা নিশ্চিত করছে না। বিশেষ করে অনুদানভিত্তিক অর্থায়নের পরিবর্তে ঋণনির্ভর সহায়তা উন্নয়নশীল দেশগুলোর ওপর নতুন অর্থনৈতিক চাপ তৈরি করছে। সর্বশেষ খসড়া প্রস্তাবে অভিযোজন অর্থায়ন বাড়ানোর বিষয়ে সুনির্দিষ্ট ও শক্তিশালী প্রতিশ্রুতি না থাকায় অসন্তোষ তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো বলছে, অর্থায়নের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত ছাড়া শুধু প্রতিশ্রুতি দিয়ে সংকট মোকাবিলা সম্ভব নয়।

আরও পড়ুন: ইরানের দাবি, মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত; সেন্টকমের প্রতিবাদ

১০০টির বেশি পরিবেশবাদী সংগঠনের প্রতিবাদ চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানির বিষয়টি বাদ পড়ায় আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গ্রিনপিস, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ), ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কসহ ১০০টির বেশি পরিবেশবাদী সংগঠন কপ-৩১-এর যৌথ সভাপতিদের কাছে চিঠি দিয়েছে। চিঠিতে সংগঠনগুলো বলেছে, কয়লা, তেল ও গ্যাসের মতো জলবায়ু সংকটের প্রধান কারণগুলোকে চুক্তিতে উল্লেখ না করা হতাশাজনক। তাদের মতে, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে কার্বন ধারণ প্রযুক্তি ও বিদ্যুতায়নের ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত রাখার সুযোগ তৈরি হতে পারে। সংগঠনগুলো সতর্ক করে বলেছে, উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট অঙ্গীকার ছাড়া এবারের সম্মেলন আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বড় ধরনের হতাশার কারণ হয়ে উঠতে পারে।

কপ-৩২ হবে ইথিওপিয়ায়

এদিকে কপ-৩১-এর মূল রাজনৈতিক চুক্তি নিয়ে অচলাবস্থা থাকলেও পরবর্তী জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ নির্ধারণে সিদ্ধান্ত হয়েছে। ২০২৭ সালে জাতিসংঘের ৩২তম জলবায়ু সম্মেলন (কপ-৩২) আফ্রিকার দেশ ইথিওপিয়ায় অনুষ্ঠিত হবে। দেশটির রাজধানী আদ্দিস আবাবায় বসবে পরবর্তী সম্মেলন। এর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা আফ্রিকার দেশগুলোর সমস্যা, অভিযোজন, জলবায়ু অর্থায়ন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো আন্তর্জাতিক আলোচনায় আরও গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া প্যারিস জলবায়ু চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় আন্তর্জাতিক কার্বন বাজার ও দেশগুলোর মধ্যে জলবায়ু কার্যক্রমে সহযোগিতা নিয়ে কারিগরি আলোচনা এগিয়েছে। স্বল্পোন্নত দেশগুলোর জলবায়ু ইস্যু এবং কয়েকটি প্রশাসনিক বিষয়েও অগ্রগতি হয়েছে। তবে সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তগুলো এখনো চূড়ান্ত হয়নি।

শেষ মুহূর্তে সমঝোতার অপেক্ষা

আরও পড়ুন: পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা, কিভাবে দেখবেন

কপ-৩১-এর নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সম্মেলনে মতবিরোধ কাটেনি। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে দেশগুলোর অবস্থান এখনো বিপরীতমুখী। শনিবারও গভীর রাত পর্যন্ত প্রতিনিধিদের মধ্যে আলোচনা অব্যাহত ছিল। ইউরোপীয় ইউনিয়নসহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়টি অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন সবার নজর সম্মেলনের পরবর্তী খসড়া ও সমাপনী অধিবেশনের দিকে। শেষ পর্যন্ত দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে পারে কি না, তার ওপর নির্ভর করছে কপ-৩১-এর চূড়ান্ত অর্জন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাসে ২২ নভেম্বর আলোচিত ঘটনা: পোপ নির্বাচন, ডিউক নোমিনোর পরাজয় ও দ্বিতীয় ফ্রেডরিকের অভিষেক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪২ এম


ইতিহাসে ২২ নভেম্বর আলোচিত ঘটনা: পোপ নির্বাচন, ডিউক নোমিনোর পরাজয় ও দ্বিতীয় ফ্রেডরিকের অভিষেক

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাবলী কালক্রমে ইতিহাসের অংশ হয়ে ওঠে। ইতিহাস সাক্ষী হয়ে থাকে ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, প্রথম অর্জন কিংবা মানবসভ্যতার অভিশাপ ও আশীর্বাদের। এটি আমাদের নতুন নতুন দিগন্তের দিকে পথনির্দেশ করে।

আজ রোববার (২২ নভেম্বর), ২০২৬। ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এই দিনটি নানা উল্লেখযোগ্য ঘটনার জন্য গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, এক নজরে দেখে নেওয়া যাক এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

ঘটনাবলি

৪৯৮ সালে, পোপ দ্বিতীয় আনাস্তাসিয়াসের মৃত্যুর পর পোপ সিম্মাকাস ল্যাটেরান প্রাসাদে পোপ হিসেবে নির্বাচিত হন। একই সময়ে, অ্যান্টিপোপ লরেন্টিয়াস সান্তা মারিয়া মাজিওরেতে পোপ নির্বাচিত হন।

৮৪৫ সালে, ব্রিটানির প্রথম ডিউক নোমিনো ফ্রাঙ্ক রাজা চার্লস দ্য বাল্ডকে ব্যালনের যুদ্ধে রেদোঁর কাছে পরাজিত করেন।

১২১০ সালে, আলবিজেনসিয়ান ক্রুসেড চলাকালে, চার মাস অবরোধের পর টার্মের দুর্গ সাইমন দ্য মন্টফোর্টের কাছে আত্মসমর্পণ করে।

১২২০ সালে, দ্বিতীয় ফ্রেডরিক রোমে পোপ তৃতীয় হনোরিয়াস কর্তৃক পবিত্র রোমান সম্রাট হিসেবে অভিষিক্ত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুঁজিবাজারে বড় দরপতনের গুজব, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ এম


পুঁজিবাজারে বড় দরপতনের গুজব, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতনের গুজব ছড়িয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে। এ ধরনের তথ্যের সত্যতা নেই জানিয়ে বিনিয়োগকারীদের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২১ নভেম্বর) বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন ঘটবে বা ঘটানো হবে-এমন ঘোষণা দিয়ে অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার ও শেয়ার করার বিষয়টি কমিশনের নজরে এসেছে।

তবে এসব তথ্যের কোনো সত্যতা নেই। সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজবনির্ভর এসব প্রচার বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই এ ধরনের তথ্য প্রচার ও শেয়ার করা থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কমিশন।

একই সঙ্গে এসব গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে বিএসইসি।

দেশের পুঁজিবাজারে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ও সচেতন ভূমিকা প্রত্যাশা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে বাসের লকারে ১১ কেজি গাঁজা, যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ এম


শেরপুরে বাসের লকারে ১১ কেজি গাঁজা, যুবক আটক

শেরপুরে যাত্রীবাহী বাসের লকার থেকে ১১ কেজি ৪৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার (২১ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি এই তথ্য জানায়।

এর আগে, একইদিন সকালে সদর উপজেলার ভাতশালা এলাকায় শেরপুর-রৌমারী সড়কের হাজী ফিলিং স্টেশনের সামনে থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক জয়নাল আবেদীন (৪১) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ি এলাকার মোখছেদ আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর-রৌমারী সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান এসআরবি’র সদস্যরা। এ সময় কুমিল্লা থেকে রৌমারীগামী ‘নুর পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রথমে জয়নাল আবেদীনকে আটক করা হয়। পরে তার তথ্যে ও দেখানো মতে বাসের লকারে রাখা একটি ট্রলি ব্যাগ থেকে ১১ কেজি ৪৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ছাড়া মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করে এসআরবি। পরে উদ্ধার হওয়া গাঁজাসহ আটক যুবককে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, ‘এসআরবি গাঁজাসহ একজনকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার আসামিকে আদালতে পাঠানো হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্তে বিএসইসিকে ধন্যবাদ জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ এম


টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্তে বিএসইসিকে ধন্যবাদ জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), পুঁজিবাজারে শেয়ার লেনদেনে টি+১ ট্রেডিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয়ায়।

শনিবার (২১ নভেম্বর) ডিবিএর পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই ধন্যবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সদস্য স্টক ব্রোকারদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালুর দাবি জানিয়ে আসছিল ডিবিএ। এ লক্ষ্যে বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও বৈঠক করেছে সংগঠনটি।

ডিবিএর এ দাবিকে গুরুত্ব দিয়ে টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত নেয়ায় বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

তিনি বলেন, "টি+১ ট্রেডিং চালু পুঁজিবাজারের আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি স্টক ব্রোকার ও বিনিয়োগকারীদের দীর্ঘদিনের প্রত্যাশা।"

এ উদ্যোগের ফলে লেনদেনের গতি ও বাজারের তারল্য বাড়বে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরও উৎসাহিত হবে। সাইফুল ইসলাম বলেন, "দীর্ঘদিনের দাবির প্রতি গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেয়ায় বিএসইসির চেয়ারম্যান, কমিশনার ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।"

ডিবিএ মনে করে, টি+১ ট্রেডিং চালুর ফলে লেনদেন নিষ্পত্তির সময় কমবে। এতে বিনিয়োগকারীরা দ্রুত অর্থ পুনর্বিনিয়োগের সুযোগ পাবেন এবং সামগ্রিকভাবে বাজারের তারল্য ও লেনদেন বাড়বে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার পাশাপাশি পুঁজিবাজারের প্রতি আস্থাও জোরদার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%