০৬:০৯ পি.এম
চট্টগ্রাম, ১৯ অক্টোবর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধের প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পুলিশ অভিযান চালিয়ে ৫৪৮ জনকে গ্রেফতার করেছে। অভিযানের সময় ৩ লাখ ২ হাজার ১৮৭ পিস ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৭৩ জন, পূর্ববর্তী মামলায় ৯০ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ১৩ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় দুই জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪০ জন, পরোয়ানা মূলে ৯৯ জন এবং সাজা পরোয়ানা মূলে ১৬ জন রয়েছেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে মাটির নিচে উদ্ধার হল পরিত্যক্ত মর্টারশেল
এছাড়া, মাদক মামলায় ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুই জন মাদক বহনকারী এবং ৬৯ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪০ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৭ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৩১টি মাদক মামলা দায়ের করা হয়।
অভিযানে ৩ লাখ ২ হাজার ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪৮ লিটার ৫০০ মিলিলিটার চোলাইমদ, ১৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, চারটি গাঁজা গাছ, চার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ছয় বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে তিন জন, কক্সবাজারে এক জন, কুমিল্লায় ৯, চাঁদপুরে তিন জন, নোয়াখালীতে চার জন, রাঙ্গামাটিতে এক জন রয়েছেন।
আরও পড়ুন: কক্সবাজারে বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী, চুরি ও মাদক মামলায় ১৪ জন গ্রেফতার
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১০৯ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং ৩৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা ভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা: চট্টগ্রাম ৩৪, কক্সবাজার ১২, ব্রাহ্মণবাড়িয়া ২৯, চাঁদপুর ২৫, নোয়াখালী ১৬, লক্ষ্মীপুর ৯, রাঙ্গামাটি পাঁচ জন এবং খাগড়াছড়ি ১৪ জন।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে ২৮৩৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন