০৬:০৯ পি.এম
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সংঘাতের অবসান ঘটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, যা গত তিন বছরের বেশি সময় ধরে চলমান। রাজ্যটিতে গত এক মাসের মধ্যে সহিংসতায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ সোমবার কাংপোকপি ও ইম্ফল সীমান্তে সশস্ত্র হামলায় আরও দুজন নিহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষুব্ধ বাসিন্দারা নিহতদের লাশ মণিপুরের মুখ্যমন্ত্রীর বাসভবনের গেটের সামনে রেখে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন।
মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতে মণিপুরে মোট নিহতের সংখ্যা প্রায় ২৬০ জনে পৌঁছেছে। পরিস্থিতি গত কয়েক দিন ধরে নতুন করে চরম আকার ধারণ করেছে। চলতি বছরের শুরু থেকে কুকি ও নাগাদের সংঘাতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শেষ এক মাসেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন।
মণিপুরের মুখ্যমন্ত্রী ইউ খেমচাঁদ সিং পরিস্থিতি নিয়ন্ত্রণে গভীর উদ্বেগ প্রকাশ করে উপযুক্ত নিরাপত্তার আশ্বাস দিলেও সহিংসতা থামছে না। বরং প্রতিদিনই নতুন নতুন এলাকায় তা ছড়িয়ে পড়ছে।
আরও পড়ুন: বিশ্বনেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করেছেন
গত ৯ ও ১০ তারিখে কামজং, কাংপোকপি ও উরখুল জেলায় সংঘর্ষে অন্তত ৯ জনের মৃত্যু হয়। গত শনিবার মিয়ানমার সীমান্তবর্তী কামজং জেলার চাসাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে কুকি সম্প্রদায়ের এক ব্যক্তি নিহত ও চারজন আহত হন। এরপর ওই জেলার বিভিন্ন গ্রামে অন্তত ২৮টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
গত রবিবার রাতে থৌবাল জেলার খাঙ্গাবক গ্রামে একটি কনসার্ট চলাকালীন দুষ্কৃতীদের পাথর নিক্ষেপের কারণে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে লাইশরাম রাকেশ নামের এক ব্যক্তি নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। বেশ কিছু বাড়িঘর ও যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় থৌবালে কঠোর বিধিনিষেধ ও কারফিউ জারি করে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
সোমবার সকালে ইম্ফল পূর্ব ও কাংপোকপি জেলার সীমান্তবর্তী নংশুম ও খোংবাল থাংখুল জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় দুজন নিহত ও তিনজন আহত হন। এই হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা নিহতদের মরদেহ নিয়ে সরাসরি মণিপুরের মুখ্যমন্ত্রীর বাসভবনের গেটের সামনে এসে বিক্ষোভ দেখান। এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলার অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন