মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১২:০৩ পি.এম
জামালপুরে কেমিস্ট ও মার্কেটিং অফিসারদের পেশাগত কল্যাণে কাজ করা অরাজনৈতিক সংগঠন ‘ভেরিয়া জামালপুর’-এর নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় ভেরিয়া জামালপুরের নিজস্ব কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ কাউসার আহমেদ শরীফ, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম এবং কোষাধ্যক্ষ মোঃ এনায়েত হোসেনসহ পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের বিদায়ী কমিটির নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে তাঁদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিটিও ড. মুহাম্মদ এ.টি.এম. হাবিবুর রহমান, এডিএলও ড. শুভাশিস কর্মকার এবং ইউএলও ড. মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভেরিয়া একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। কেমিস্ট ও মার্কেটিং অফিসারদের পেশাগত জীবনের বিভিন্ন সমস্যা, বিপদ-আপদ ও সংকট মোকাবিলায় একে অপরের পাশে দাঁড়ানো এবং তাঁদের সার্বিক কল্যাণে কাজ করাই এ সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। পেশাজীবীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক সুদৃঢ় করতেও সংগঠনটি কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সদস্যদের পেশাগত স্বার্থ, অধিকার ও মর্যাদা রক্ষায় পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার কোনো বিকল্প নেই।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সংগঠনের ঐক্য ও সংহতি বজায় রাখা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাজীবীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তাঁরা সংগঠনের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নবনির্বাচিত ও বিদায়ী কমিটির সদস্যসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা, ফুলেল শুভেচ্ছা এবং বিদায়ী কমিটির নেতৃবৃন্দকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ