০২:৩২ পি.এম
যুদ্ধের ধ্বংসের মাঝে, স্বজন হারানোর বেদনা ও ভয়াবহ মানবিক সংকটের মধ্যে নতুন জীবনের স্বপ্ন দেখছেন ফিলিস্তিনিরা। গাজার উপকূলে একসঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ২৫০ দম্পতি। শুক্রবার (৬ নভেম্বর) গাজা সিটিতে এই গণবিয়ের আয়োজন করা হয়, যা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউএই ভিত্তিক মানবিক ত্রাণ কার্যক্রম ‘অপারেশন শিভ্যালরাস নাইট’ এই অনুষ্ঠানটি আয়োজন করে।
অনুষ্ঠানে বর-কনের পরিবারের সদস্যদের পাশাপাশি বিপুলসংখ্যক ফিলিস্তিনি উপস্থিত ছিলেন। ইসরাইলি হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও নবদম্পতি ও অতিথিরা বিয়ের আনন্দে মেতে ওঠেন। তবে উৎসবের মাঝে অনেকের মনে ছিল যুদ্ধের ক্ষত, স্বজন হারানোর বেদনা ও অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা।
আরও পড়ুন: তুরস্কে শুরু হলো জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’
গণবিয়েতে অংশগ্রহণকারী সায়েদ আল নাজার নামে এক যুবক মন্তব্য করেন, ‘আমরা যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে বসবাস করছি। আমরা নিজেদের এলাকায়, নিজেদের বাড়িতে ফিরে যেতে চাই। বিয়ের মধ্য দিয়ে আমরা নতুন জীবন শুরু করছি।’
তাসিল আবু মাতার নামে এক নারী জানান, অনুষ্ঠানে তার মা ও বোন উপস্থিত ছিলেন, কিন্তু তার বাবা আসতে পারেননি। তিনি পশ্চিম তীরে থাকেন এবং তার দাদি হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। তাছাড়া হামলায় আহত তার এক ভাইয়ের চিকিৎসা চলছে।
তাসিল বলেন, ‘আমাদের আনন্দ আসলে অসম্পূর্ণ। তবুও এই অর্জনে আমি আনন্দিত।’
যুদ্ধের ভয়াবহতা ও ব্যক্তিগত নানা শোকের মধ্যে গাজার এসব দম্পতির নতুন জীবন শুরুর আয়োজন যেন ধ্বংসস্তূপের মধ্যে আশার আলো দেখাচ্ছে।
আরও পড়ুন: এরদোগানসহ যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন