০৬:৩৬ পি.এম
দিনাজপুর, ২২ আগস্ট, ২০২৬ : দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবি’র উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত ৪ সপ্তাহব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং সনদ পত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর বিরল উপজেলার মডেল মসজিদ হলরুমে দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ বিজিবি আয়োজিত বিষয়ক অনুষ্ঠানে সীমান্ত এলাকা বেকার তরুণ ও যুবকদের ৪ সপ্তাহব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী শেষে অংশগ্রহণকারী যুবকদের মধ্যে সনদ পত্র ও উপকরণ বিতরণ করা হয়েছে।
গত ২৭ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত পরিচালিত প্রশিক্ষণে সীমান্তবর্তী এলাকার ২০ জন বেকার যুবক এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
আরও পড়ুন: রংপুরে ইয়াবাসহ যুবদল নেতাকে আটক করে পুলিশে দিল জনতা
শনিবার দুপুর সাড়ে ১২টায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। একইসঙ্গে যুব সমাজকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের জন্য উদ্বুদ্ধ করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষ এবং আত্মনির্ভরশীল হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, যুবকরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী তাঁর বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণ যুবকদের আত্মবিশ্বাস এবং কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণার্থীদের কাছে আহ্বান জানান যে, তারা অর্জিত জ্ঞান যথাযথভাবে ব্যবহার করে নিজেদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলেন এবং দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে অবদান রাখেন।
এছাড়াও প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর তানিম হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামসহ বিজিবি’র কর্মকর্তাবৃন্দ, বিরল থানার ওসি পরিদর্শক মো. এমদাদ হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে চালক নিহত, আহত ২
বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার যুব সমাজকে দক্ষ এবং কর্মমুখী করে গড়ে তুলতে ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন