০৪:৫২ পি.এম
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন অতিরিক্ত পরিচালক এবং দুজন যুগ্মপরিচালক অন্তর্ভুক্ত রয়েছেন। রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এই বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
আদেশের আওতায়, অতিরিক্ত পরিচালক মো. রোকন-উজ-জামানকে কৃষিঋণ বিভাগ-২-এ, মোহাম্মদ সানাউল আলম সমুকে ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের ডিভিশন-২-এ এবং কামরুল হাসান আজাদকে আইন বিভাগে পদায়ন করা হয়েছে।
এছাড়া, যুগ্মপরিচালক মো. জয়নুল আবেদীনকে ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টে এবং মোহাম্মদ সাইফুল ইসলামকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: গভীর রাতে কোটি টাকার লেনদেনে সুপার পেট্রোকেমিক্যালের বৈধতা দেওয়ার চেষ্টার অভিযোগ
বাংলাদেশ ব্যাংকের আদেশে উল্লেখ করা হয়েছে, বদলির আদেশ কার্যকর হওয়ার পর ৮ নভেম্বর কর্মদিবসের শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বর্তমান দায়িত্ব থেকে অবমুক্ত বলে গণ্য হবেন। একই সঙ্গে নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় কার্যভার প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, বিএফআইইউ দেশের আর্থিক খাতে অর্থপাচার, সন্ত্রাসে অর্থায়ন ও সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত এবং প্রতিরোধে কাজ করে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সন্দেহজনক লেনদেনের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী ও তদন্তকারী সংস্থার কাছে প্রতিবেদন পাঠানো প্রতিষ্ঠানটির অন্যতম দায়িত্ব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন