ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়


সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

নাটোরের লালপুর উপজেলার একটি অজপাড়াগাঁয়ে এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের সেবার পর অবসর গ্রহণ করা সহকারী শিক্ষক মো. সিরাজ উদ্দিনকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়।

শনিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে এই আয়োজনকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

এই অনুষ্ঠানের আয়োজন করেছে বড়বাদকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান।

আরও পড়ুন: কাঁঠালিয়ায় বিরোধীয় জমিতে রাতের আঁধারে পাকা ভবন নির্মাণের অভিযোগ।

তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, ‘শিক্ষক সিরাজ উদ্দিন শুধু একজন শিক্ষক নন, তিনি এই এলাকার শিক্ষার আলোকবর্তিকা ছিলেন। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক, প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. বশির উদ্দিন, ৫ নং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মুজিবুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শমজান আলী এবং লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাজেউল ইসলাম। স্থানীয় বিএনপি নেতা মাইনুল ইসলাম ভুট্টুও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেগঘন বক্তব্যও রাখা হয়। পঞ্চম শ্রেণির ছাত্র মো. মুনতাসিন আলী ও চতুর্থ শ্রেণির ছাত্রী লামিয়া খাতুন তাদের প্রিয় শিক্ষকের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন। তাদের কণ্ঠে ছিল আবেগ আর কৃতজ্ঞতার ছোঁয়া, যা উপস্থিত সবাইকে আপ্লুত করে তোলে।

বিদায় অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঘোড়ার গাড়িতে করে শিক্ষককে বাড়ি পৌঁছে দেওয়া। স্কুল মাঠ থেকে শুরু করে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে করতালির মাধ্যমে এই প্রিয় শিক্ষককে শেষ বিদায় জানান।

আরও পড়ুন: ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা

অনুষ্ঠানের অংশ হিসেবে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়, যেখানে শিক্ষক সিরাজ উদ্দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাছ রোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।

বড়বাদকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষক সিরাজ উদ্দিন নিষ্ঠার সঙ্গে শিক্ষাদান করে আসছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে আলোর পথে এগিয়ে দিয়েছেন। তাই তার বিদায়স্থানীয়রা দেখছেন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি যুগের অবসান হিসেবে।

এমন ব্যতিক্রমী আয়োজন প্রমাণ করে, একজন আদর্শ শিক্ষক কেবল পাঠদানেই সীমাবদ্ধ থাকেন না—তিনি সমাজ গঠনের অন্যতম কারিগর। সেই কারণেই লালপুরবাসী তাদের প্রিয় শিক্ষককে দিলেন এক স্মরণীয় ও রাজকীয় বিদায়।

আরও পড়ুন: কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস পালিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুবর্ণচরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


সুবর্ণচরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।

সভায় আলোচনা করা হয় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম আরও জোরদারের বিষয়ে।

এ সময় চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল

প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার মালয়েশিয়ায় মির্জা আব্বাসের সঙ্গে দেখা করেন আলাল এবং তার সহধর্মিণী।

ফেসবুক পোস্টের মাধ্যমে আলাল জানান, ‘মির্জা আব্বাস বর্তমানে আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। মির্জা আব্বাস তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

এটি উল্লেখ্য যে, গত ১১ মার্চ রমজানে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। তখন তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। পরে বিশেষায়িত চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে দৃঢ়ভাবে কাজ করছে।

আজ শনিবার ‘ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের শরিয়াহ-সংক্রান্ত ভূমিকাবিষয়ক আলোচনা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকস রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (আইবিআরপিডি)-এর যৌথ উদ্যোগে বিআইবিএম ক্যাম্পাসে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিআইবিএম-এর মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকারও বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইবিএম-এর পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক ড. মোহাম্মদ তাজুল ইসলাম।

উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকস রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক আশরাফুল আলম।

তিনি বলেন, দেশের অধিকাংশ আমানতকারী ইসলামিক ব্যাংকিং সেবা গ্রহণে আগ্রহী। তাই শরিয়াহ কাউন্সিলকে আরও কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। গভর্নর মো. মোস্তাকুর রহমান আশা প্রকাশ করেন যে, আগামীতে ‘বাংলা কিউআর’ সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে।

বিএবি-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার মন্তব্য করেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ব্যাংকের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। তিনি মনে করেন, ব্যাংকের সংখ্যা যদি যৌক্তিক পর্যায়ে থাকে তাহলে ব্যবস্থাপনা, তদারকি ও কার্যকারিতা আরও উন্নত হবে।

ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ বলেন, নতুন কাঠামোতে শরিয়াহ কমপ্লায়েন্সের ওপর ব্যাপক দায়িত্ব অর্পণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে। দেশে ইসলামিক ব্যাংকিংয়ের জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এ খাতের সুষ্ঠু বিকাশে কার্যকর শরিয়াহ গভর্নেন্স নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে বিআইবিএম-এর মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম বলেন, দেশে ইসলামিক ব্যাংকিংয়ের দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে কার্যকর শরিয়াহ গভর্নেন্স ও শরিয়াহ কমপ্লায়েন্স নিশ্চিত করা সময়ের দাবি।

বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকস রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক আশরাফুল আলম জানান, দেশের ইসলামিক ব্যাংকিং আইন প্রণয়নের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন আইন কার্যকর হলে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম আরও সুসংহত, স্বচ্ছ ও কার্যকর হবে।

আলোচনা সভায় তিনটি কারিগরি উপস্থাপনা করা হয়। এতে বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্যবৃন্দ বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন। উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, সুশাসন এবং কার্যকর শরিয়াহ তদারকি জোরদারের বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

অনুষ্ঠানে ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে পরিচালনা পর্ষদের সদস্য, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং গবেষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির শেষ বিদায়ে ১৩ দেশের অনুপস্থিতির কারণ উঠে এলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


খামেনির শেষ বিদায়ে ১৩ দেশের অনুপস্থিতির কারণ উঠে এলো

 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে এবং জানাযায়, এক সপ্তাহব্যাপী আয়োজন হয়েছে যেখানে বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। কিন্তু, যুক্তরাষ্ট্রের প্রবল চাপের কারণে অন্তত ১৩টি দেশ সেই অনুষ্ঠানে অংশ নেয়নি।

এই তথ্য জনিয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। খবর রয়েছে মিডল ইস্ট আইয়ের。

প্রেস টিভির প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিশেষ চাপের মুখে পূর্ব ইউরোপ, আফ্রিকা, পারস্য উপসাগরীয় এবং পূর্ব এশিয়ার অন্তত ১৩টি দেশ জানাযায় অংশগ্রহণ থেকে বিরত থেকেছে।

তবে এ দেশগুলোর মধ্যে কিছু সরকার পরে কূটনৈতিকভাবে তেহরানের কাছে তাদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, বিদেশি প্রতিনিধিদল যাতে তেহরান সফর করে স্মরণসভায় অংশ নিতে না পারে, সেজন্য গত পাঁচ দিন ধরে মার্কিন কর্মকর্তারা 'ব্যাপক প্রচারণা' চালাচ্ছে।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, ২৬ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি গোপন নির্দেশনা জারি করেন।

এ নির্দেশনার অনুযায়ী, জানাযায় অংশ নেয়াকে 'অবন্ধুসুলভ আচরণ' হিসেবে ধরা হবে বলে ওয়াশিংটন জানিয়েছে।

এছাড়া, খানেমির শেষ বিদায়ে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হওয়ারও হুঁশিয়ারি রয়েছে।

প্রতিবেদনে দুই আরব কূটনীতিকের সূত্রে প্রেস টিভি জানাচ্ছে, রুবিও অন্তত পাঁচজন আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।

আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা সেখানে সরকারের প্রতি সতর্কতা জানান যে, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলে তা যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তাকে ঝুঁকিতে ফেলতে পারে।

তবে মার্কিন হুমকি-ধমকি খুব একটা কার্যকর হয়নি। কারণ, খামেনির শেষ বিদায়ে বাংলাদেশ, চীন, রাশিয়া, ভারত, সৌদি আরব, কাতার, ওমান, পাকিস্তানসহ শতাধিক দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তারা মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%