মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৫৭ পি.এম
কক্সবাজারের চকরিয়ার উত্তর হারবাং ইউনিয়নে সার ডিলার নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। একই পরিবারের দুই ভাইয়ের সার ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা এবং ডিলার নিয়োগ পাওয়া প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর নিজস্ব জমি ও গুদাম না থাকার অভিযোগে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বঞ্চিত আবেদনকারীরা।
তাদের অভিযোগ, ২০২৬ সালের সমন্বিত সার ডিলার নিয়োগ নীতিমালা অনুসরণ না করেই মেসার্স নজির আহমদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নেজাম উদ্দিনকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন।
গত ৩ নভেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট পিটিশন নম্বর ১৫১৯৭/২০২৬-এর শুনানি শেষে এ আদেশ প্রদান করেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে। রুলে ২০২৬ সালের ৭ অক্টোবর কৃষি মন্ত্রণালয়ের জারি করা স্মারক নম্বর ১২.০০.০০০০.০৩১.০০০০.০০৬.২৬-১৭৭-এর অধীনে উত্তর হারবাং ইউনিয়নে সার ডিলার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি প্রজ্ঞাপনটির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
উত্তর হারবাং ইউনিয়নের করমমুহুরী পাড়ার বাসিন্দা সাজ্জাদ হোসেন হাইকোর্টে রিট আবেদনটি করেন। তিনি মেসার্স কাসেম পোল্ট্রি অ্যান্ড ডেইরি ফার্মের স্বত্বাধিকারী। তার অভিযোগ, ২০২৬ সালের সমন্বিত সার ডিলার নিয়োগ নীতিমালা অনুসরণ করে আবেদন করলেও তাকে নিয়োগ দেওয়া হয়নি। অথচ মেসার্স নজির আহমদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নেজাম উদ্দিনকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
সাজ্জাদ হোসেনের দাবি, নেজাম উদ্দিনের ভাই নাছির উদ্দিনের নামে উত্তর হারবাং ইউনিয়নে আগে থেকেই বিসিআইসি সারের সাব-ডিলারশিপ রয়েছে। একই পরিবারের একজনের নামে সার ডিলারশিপ থাকলে অন্য সদস্যের আবেদনের সুযোগ না থাকার বিধান নীতিমালায় রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
তিনি বলেন, তার প্রতিষ্ঠানের নামে নিজস্ব খতিয়ানভুক্ত জমিতে একাধিক বড় গুদাম রয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো থাকা সত্ত্বেও তাকে নিয়োগ না দিয়ে এমন প্রতিষ্ঠানে ডিলার করা হয়েছে, যার বিরুদ্ধে নিজস্ব জমি ও গুদাম না থাকার অভিযোগ রয়েছে। অন্য ব্যক্তির সঙ্গে চুক্তির মাধ্যমে গুদাম দেখিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
সাজ্জাদ হোসেন আরও বলেন, নীতিমালা অনুসরণ করে আবেদন করার পরও তাকে ডিলার নিয়োগ দেওয়া হয়নি। তার নিজস্ব জমি ও একাধিক গুদাম থাকা সত্ত্বেও, যার নিজস্ব জমি-গুদাম নেই বলে অভিযোগ, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি চান, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত যোগ্য আবেদনকারীকে নিয়োগ দেওয়া হোক।
এদিকে একই নিয়োগ প্রক্রিয়া নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উত্তর হারবাংয়ের বাসিন্দা জামাল হোসেন ও জিয়াবুল হক। গত ৪ নভেম্বর দেওয়া পৃথক অভিযোগে তারা দাবি করেন, নেজাম উদ্দিন ও তার ভাই নাছির উদ্দিন দীর্ঘদিন ধরে ইউনিয়নের করমমুহুরী পাড়া ও গয়ালমারা স্টেশন এলাকায় পৃথক দুটি দোকানের মাধ্যমে সার ব্যবসা পরিচালনা করে আসছেন।
তাদের অভিযোগ, প্রায় ১৭ বছর ধরে দুই ভাই সার ব্যবসার সঙ্গে যুক্ত। নাছির উদ্দিনের নামে বিসিআইসি সারের সাব-ডিলারশিপ থাকা সত্ত্বেও তার ভাইকে নতুন করে মূল ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জামাল হোসেন ও জিয়াবুল হক বলেন, একই পরিবারের একজনের নামে সার ডিলারশিপ থাকা অবস্থায় অন্য ভাইকে নতুন করে নিয়োগ দেওয়া নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি নিজস্ব খতিয়ানভুক্ত জমি ও গুদাম থাকার বিষয়টি যাচাই না করেই নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি তাদের। তারা নিয়োগ প্রক্রিয়া পুনঃতদন্ত করে নীতিমালা অনুযায়ী যোগ্য আবেদনকারীকে ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন।
এর আগে গত ২৬ অক্টোবর সাজ্জাদ হোসেন জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে মেসার্স নজির আহমদ এন্টারপ্রাইজের নিয়োগ প্রজ্ঞাপন স্থগিত এবং নীতিমালা অনুযায়ী যোগ্য আবেদনকারীকে নিয়োগ দেওয়ার দাবি জানান। পরে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট করেন তিনি। রিটে কৃষি মন্ত্রণালয়ের সচিব, কক্সবাজারের জেলা প্রশাসক, চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে।
হাইকোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপি ও আইনজীবীর সনদ সংযুক্ত করে গত ৮ নভেম্বর জেলা প্রশাসকের কাছে পুনরায় আবেদন করেন সাজ্জাদ হোসেন। এতে আদালতের স্থগিতাদেশ কার্যকর করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। আবেদনের অনুলিপি চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতিকেও দেওয়া হয়েছে।
অভিযোগ অস্বীকার করেছেন মেসার্স নজির আহমদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নেজাম উদ্দিন। তিনি বলেন, আমার ভাই নাছির উদ্দিনের নামে যে ডিলারশিপ রয়েছে, সেটি খুচরা ডিলারশিপ। দুই ভাইয়ের ডিলারশিপসংক্রান্ত নিয়োগের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিষয়েও তিনি অবগত নন বলে জানান।
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌস বলেন, সার ডিলার নিয়োগের যাচাই-বাছাইয়ের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেখেছেন। হাইকোর্টের রিট পিটিশন সম্পর্কে তিনি অবগত নন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এরপর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, একই পরিবারের দুজনের সার ডিলার হওয়ার কথা নয়। তদন্তে হয়ত তা উঠে আসেনি। এই নিয়োগ দেয় ডিসি অফিস, ইউএনও অফিস দেয় না। আমার কাছে গতকাল হাইকোর্টের একটি রিট পিটিশন এসেছে। আমার অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ ট্রাকের চাপায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এই দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাঙ্গিয়ার পোতা গ্রাম থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ মহিউদ্দিন মুন্সী বালিয়াডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছানোর সময়, পিছন দিক থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এই দুর্ঘটনায় মহিউদ্দিন ঘটনাস্থলেই মারা যান। খবর পাওয়ার পর পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানিয়েছেন, "বেলেডাঙ্গা বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন পথচারী মারা গেছে, সেখানে পুলিশ পাঠানো হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফুটবলের সর্বোচ্চ স্তরে কোচিংয়ের মানসিক চাপ কতটা তীব্র হতে পারে, সে বিষয়ে মন্তব্য করেছেন জাভি হার্নান্দেজ। নেদারল্যান্ডসের বর্তমান কোচ ভিনসেন্ট কোম্পানির অসুস্থতার খবর পেয়ে তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সাথে, কোচিংয়ের অতিরিক্ত চাপ এবং প্রত্যাশা পূরণে ব্যর্থতার হতাশায় কখনও কখনও রাতে ঘুমানো কঠিন হয়ে যায় বলেও জানিয়েছেন তিনি।
দুই সপ্তাহ আগে, বায়ার্ন মিউনিখের অনুশীলন মাঠে অসুস্থ হয়ে পড়েন কোম্পানি। পরে হাসপাতালে নেওয়ার পর তার মেনিনজাইটিস শনাক্ত হয়। যদিও হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তবে পুরোপুরি দলের দায়িত্বে ফিরতে পারেননি বেলজিয়ান এই কোচ। তার অনুপস্থিতিতে, বায়ার্নের মূল দলের দেখভাল করছেন সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস।
সোমবার এক সংবাদ সম্মেলনে কোম্পানির শারীরিক অবস্থার বিষয়ে কথা বলেন জাভি। তিনি কোম্পানির দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি কোচদের মানসিক চাপের বিষয়টিও তুলে ধরেন।
জাভি বলেন, “ব্যক্তিগতভাবে ভিনসেন্ট কোম্পানিকে চিনি না। তবে তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের পেশায় অনেক সময় প্রচণ্ড চাপ ও মানসিক উদ্বেগের মধ্য দিয়ে যেতে হয়। বিশেষ করে যখন সবকিছু নিজেদের পরিকল্পনা বা প্রত্যাশা অনুযায়ী হয় না।”
নিজের অভিজ্ঞতা শেয়ার করে সাবেক বার্সেলোনা কোচ আরও বলেন, “কখনো কখনো ঘুমানোও কঠিন হয়ে পড়ে। এই চাপ আমাদের কাজ ও পুরো প্রক্রিয়ারই অংশ। আশা করি, কোম্পানি দ্রুত সুস্থ হয়ে উঠবে। বায়ার্নে সে দারুণ কাজ করছে।”
কোচিংয়ের পাশাপাশি, জাভি ও কোম্পানির খেলোয়াড়ি জীবনে একটি বিশেষ মিল রয়েছে। দুজনই পেপ গার্দিওলার অধীনে খেলেছেন। জাভি ছিলেন গার্দিওলার ঐতিহাসিক বার্সেলোনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। অন্যদিকে, ম্যানচেস্টার সিটিতে গার্দিওলার অধীনে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন কোম্পানি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ক্যাম্পাস থেকে পুলিশ একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে থেকে এটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে শিক্ষার্থীরা একটি মিষ্টির প্যাকেটের ভেতরে বস্তুটি দেখতে পান। এরপর কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ ড. মো. আলফাজ উদ্দীন মন্তব্য করেন, ‘একটি মিষ্টির প্যাকেটের ভেতরে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখে পুলিশকে অবহিত করা হয়েছে। যদিও এ ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে কলেজ ক্যাম্পাসের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের বস্তু পাওয়া উদ্বেগজনক।’
মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আবু বক্কর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। কে বা কারা শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এটি রেখেছে, সেই বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ শীর্ষক বিজ্ঞানমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের সভাপতি ডা. ফরহাদ হারিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রাজশাহী বিভাগীয় বিজ্ঞানমেলার আহ্বায়ক ডা. শাহ মোহাম্মদ শাহজাহান আলী। এ সময় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড. এ কে এম মাহবুবর রহমান, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মঈনুল হোসেন সাদিক, সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, মাহবুব আলম, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক হাসানাত আলী, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ডা. আজফারুল হাবীব রোজ এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ওয়াদুদ তরফদার নাহিদসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজ্ঞানমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রম পরিদর্শন করেন। বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণায় উৎসাহিত করার উদ্দেশ্যে এই বিজ্ঞানমেলার আয়োজন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ