শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৩২ পি.এম
সরকার ২৯ জনকে ডেপুটি জেলার হিসেবে নিয়োগ দিয়েছে কারা অধিদপ্তরের শূন্য পদে। তাদের অস্থায়ী ভিত্তিতে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে শর্তসাপেক্ষে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থলে যোগদানের জন্য আগামী ১ ডিসেম্বরের মধ্যে যোগদান করতে বলা হয়েছে।
চাকরির শর্তাবলীতে উল্লেখ করা হয়েছে যে, বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের অঙ্গীকার করলে নিয়োগ বাতিল হয়ে যাবে।
গতকাল ১৯ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে নিয়োগসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতন-ভাতা পাবেন। এই গ্রেডে তাদের মূল বেতন ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের ঢাকার বকশিবাজারে অবস্থিত কারা অধিদপ্তরে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তাদের নিয়োগের আদেশ বাতিল বলে গণ্য হবে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের পরবর্তী দুই বছর তাদের চাকরি শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। এই সময়ের মধ্যে তাদের আচরণ ও কর্মদক্ষতা সন্তোষজনক না হলে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণ করা যাবে।
এছাড়া সরকারি বিধি অনুযায়ী তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের অঙ্গীকার করলে নিয়োগ বাতিল হবে। চাকরি থেকে ইস্তফা দিতে চাইলে দুই মাস আগে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং চারিত্রিক ও পূর্ব কার্যকলাপ-সংক্রান্ত পুলিশ তদন্ত প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এসব তথ্যের কোনোটি ভুল প্রমাণিত হলে নিয়োগের আদেশ বাতিল করা হবে। চাকরিতে যোগদানের জন্য কোনো ধরনের ভ্রমণ বা দৈনিক ভাতা দেওয়া হবে না।
নিয়োগপ্রাপ্ত ২৯ জন হলেন
মুহাম্মদ আইয়ূব নবী ইসলাম (চট্টগ্রাম), মো. ইকবাল হাসান (জামালপুর), শাকিল আহমেদ (নাটোর), মো. জুলকার নাইন (শেরপুর), শেখ ওসমান হারুনী (বরিশাল), মো. রাজীব হোসেন (গাজীপুর), অনুপ কুমার দত্ত (ব্রাহ্মণবাড়িয়া), শেখ নুরুজ্জামান জুয়েল (ফরিদপুর), আব্দুল ওয়াজেদ (শরীয়তপুর), মো. শরীফুল ইসলাম শরীফ (বান্দরবান), মো. শেকাবুল ইসলাম সৌরভ (বগুড়া), মো. রিফাত রাইয়ান খান (বরিশাল), মেহেদী হাসান নাহিদ (ভোলা), দীপ সরকার (ঢাকা), শরিফা ইয়াসমিন (ফরিদপুর), মো. নিজাম উদ্দিন শেখ (চাঁদপুর), জুলহাস আহমেদ শান্ত (ময়মনসিংহ), উত্তম সরদার (খুলনা), মো. আবু সাঈদ (নীলফামারী), মো. রাসেদ পারভেজ (নওগাঁ), মো. আবু নাছের (কুমিল্লা), মো. আশরাফুল মজিদ (ময়মনসিংহ), মো. ইমরান শাহেদ (বরগুনা), রাশেদুল মোস্তফা (কক্সবাজার), রাজু বিশ্বাস (বাগেরহাট), আবিদা সুলতানা লিনা (গাজীপুর), বিপুল চন্দ্র দেবনাথ (মৌলভীবাজার), মো. সোহেল মিয়া (চাঁদপুর) এবং লিংকন ভদ্র (নেত্রকোনা)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্তের মাধ্যমে নারী ও শিশুদের সহ ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর প্রতিরোধের কারণে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকাল পর্যন্ত ওই নারী, পুরুষ ও শিশুদের সীমান্তের শূন্যরেখায় ভারতের আসাম অংশের একটি খোলা মাঠে অবস্থান করতে দেখা গেছে। এ ঘটনার প্রেক্ষিতে বিজিবি ফ্ল্যাগ মিটিংয়ের আহ্বান জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৈরী আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকায় মানুষের চলাচলও কমে যায়। এই সুযোগে বৃহস্পতিবার মধ্যরাতে বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।
তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহলদল তাদের প্রবেশে বাধা দেয়। রাতভর বিজিবির প্রতিরোধের ফলে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। অন্যদিকে, ভারতের অভ্যন্তরে ফিরে যাওয়ার চেষ্টা করলে বিএসএফও তাদের বাধা দেয়। দুই বাহিনীর তাড়ার মুখে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ২০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিজিবি তা কঠোরভাবে প্রতিহত করেছে এবং সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। এ ঘটনায় বিজিবি ফ্ল্যাগ মিটিংয়ের আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের রামু এলাকায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন, কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০), তার বোন কাসফিয়া (২০), কাসফিয়ার ১৮ মাস বয়সি শিশুকন্যা এবং রুবেলের শিশুকন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী একটি পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে সিএনজিটি সম্পূর্ণভাবে দুমড়েমুচড়ে যায়। কাসফিয়া ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি অরক্ষিত রয়েছে। সেখানে কোনো গেট বা গেটম্যান নেই। এছাড়া সড়কের দুই পাশে বড় বড় গাছ থাকায় ট্রেন আসার বিষয়টি সহজে দেখতে পান না চালকরা।
বিস্তারিত আসছে...
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী তার ভক্তদের জন্য নতুন একটি সুখবর প্রদান করেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) তার জন্মদিন। এই বিশেষ দিনে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন কাজের বিষয়ে তথ্য শেয়ার করেছেন।
একটি পোস্টে তিনি উল্লেখ করেন, "আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রোডাকশন হাউজ ‘বিগ প্রোডাকশনস’-এর প্রথম কাজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘প্যানোরামা ট্যালেন্ট’-এ।"
তিনি আরও জানান, "আজ উন্মোচন করছি আমাদের প্রথম কাজের পোস্টার। এই অর্জন আমাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে অনেক আনন্দ ও অনুপ্রেরণার।"
এছাড়াও, তিনি সকলের কাছে ভালোবাসা ও সমর্থন চেয়েছেন, যেন তিনি ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দিতে পারেন।
উড়োজাহাজের কেবিন ক্রু থেকে সংবাদপাঠক এবং সেখান থেকে চলচ্চিত্রের নায়িকা—বুবলীর ক্যারিয়ার ছিল ভিন্ন এক পথচলা। ২০১৬ সালে চলচ্চিত্রে অভিষেকের পর তিনি ঢালিউডে তার অবস্থান গড়ে তুলেছেন।
বুবলীর ক্যারিয়ারে বেশ কিছু সিনেমা বাণিজ্যিকভাবে সফল হয়েছে। যদিও তার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে, তবে পর্দায় তিনি বরাবরই গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছেন।
সর্বশেষ বুবলীকে ‘প্রেশার কুকার’ সিনেমায় দেখা গেছে। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ও ‘বীর’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ