ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মেজর জেনারেল জাহাংগীর আলমকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার


মেজর জেনারেল জাহাংগীর আলমকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার

মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ফেরাতে সেনাবাহিনীতে ন্যস্ত করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় একটি আদেশ জারি করেছে।

এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: কুশবু বেগমকে পেতে পুলিয়াং থেকে উড়ে এলেন জাংলং

এর আগে, তাকে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যুদ্ধের হিসাব বদলে দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যুদ্ধের হিসাব বদলে দিতে পারে

চলমান সংঘাত ও মার্কিন-ইসরায়েলি হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির পরও ইরানের কাছে উল্লেখযোগ্য পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে। এই অস্ত্রের উপস্থিতি ওয়াশিংটনের যুদ্ধের কৌশল ও হিসাব-নিকাশে নতুন জটিলতা সৃষ্টি করছে, এমনটি বিশ্লেষণে উঠে এসেছে।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, ইরানের অবশিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত দেড় হাজার থেকে আড়াই হাজারের মধ্যে হতে পারে। যদিও অস্ত্রের মজুত নিরূপণে জটিলতার কারণে কর্মকর্তারা এই হিসাবকে কম আস্থার (লো-কনফিডেন্স) বলে উল্লেখ করেছেন, তবে এটি স্পষ্ট যে, সংঘাতের ধাক্কা সামলেও তেহরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র সক্ষমতা টিকে আছে।

অন্যদিকে, ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, ইরানের কাছে দেড় হাজারেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। চলতি মাসের শুরুতে একটি পশ্চিমা সূত্র ‘ব্লুমবার্গ’-কে জানিয়েছে যে, ইরানের হাতে অন্তত ১ হাজার ৭০০ ক্ষেপণাস্ত্র থাকতে পারে এবং দেশটি প্রতি মাসে প্রায় ৫০টি করে নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে সক্ষম।

ইতিমধ্যে, ইরান আরও একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা প্রকাশ্যে এনেছে। এই বিষয়টি মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা পুনর্গঠনের উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতির গুরুত্ব কেবল ক্ষেপণাস্ত্রের সংখ্যায় সীমাবদ্ধ নয়। টিকে থাকা এই সমরভাণ্ডার তেহরানকে এমন সক্ষমতা দিচ্ছে, যার মাধ্যমে ওয়াশিংটন ও তেল আবিব নতুন করে বড় ধরনের হামলা চালালে অঞ্চলজুড়ে সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও অন্যান্য লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানার আশঙ্কা তৈরি হচ্ছে। সূত্র: গালফ নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএবিএসএল ও এবিআইএল’র মধ্যে কৌশলগত ব্যবসায়িক সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


এইচএবিএসএল ও এবিআইএল’র মধ্যে কৌশলগত ব্যবসায়িক সভা

হাজী আহমদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেড (এইচএবিএসএল) এবং এবি এনভেস্টমেন্টস লিমিটেডের (এবিআইএল) মধ্যে একটি কৌশলগত ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর, মুসি কর্পোরেশনের কর্পোরেট প্রধান কার্যালয় উদয় টাওয়ারে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন এইচএবিএসএল’র ব্যবস্থাপনা পরিচালক রাকিব মো. ফখরুল এবং এবিআইএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল আলীমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সভায় আলোচনা হয় পুঁজিবাজারে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ, মুসি কর্পোরেশনের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্পোরেট অ্যাডভাইজরি সেবা প্রদান, কৌশলগত বিনিয়োগ অংশীদারত্ব জোরদার এবং গবেষণা প্রতিবেদন ও বাজার বিশ্লেষণ আদান-প্রদানের বিষয়ে।

উভয় প্রতিষ্ঠান তাদের পারস্পরিক ব্যবসায়িক স্বার্থ ও প্রবৃদ্ধি নিশ্চিত করতে ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণ এবং সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গম এলাকার ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


দুর্গম এলাকার ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

শিক্ষায় পিছিয়ে পড়া দুর্গম হাওর, চরাঞ্চল, উপকূলীয় ও পার্বত্য এলাকার শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সেসিপ (SESIP), এসইএসডিপি (SESDP) ও এফএসএসএপি-২ (FSSAP-II) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয়করণের দাবি জানিয়ে শিক্ষক-কর্মচারীরা অগ্রাধিকার ভিত্তিতে এই দাবি করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ‘মডেল মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী পরিষদ’-এর পক্ষ থেকে এই দাবি উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সরকারের সময় শিক্ষায় অনগ্রসর ও দুর্গম ‘আন্ডার-সার্ভড’ এলাকায় দরিদ্র জনগণের সন্তানদের শিক্ষার সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে এসব বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। অতীতে এসব এলাকায় মাধ্যমিক স্তরের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় অনেক শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা শেষ করেই পড়ালেখা বন্ধ করে দিতে বাধ্য হতো। বিশেষ করে মেয়েরা বাল্যবিয়ের শিকার হতো এবং অনেক শিশু শিশুশ্রমে জড়িয়ে পড়ত।

বর্তমানে এসব বিদ্যালয় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। বিদ্যালয়গুলোর মাধ্যমে ঝরে পড়া রোধ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিশুশ্রম কমাতে ইতিবাচক ভূমিকা পালন করছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

বক্তারা জানান, প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বিদ্যালয়গুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও পরিচালন ব্যয় প্রকল্প থেকে বহন করার কথা ছিল। পরবর্তীতে বিদ্যালয়গুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্তৃত্বে ন্যস্ত হওয়ার কথা থাকলেও সেগুলো জাতীয়করণ না করে এমপিওভুক্ত করা হয়েছে। ফলে বিদ্যালয়গুলো এখনও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এসব বিদ্যালয়ের স্থাপনের উদ্দেশ্য, প্রেক্ষাপট ও অবদান অন্যান্য সাধারণ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। তাই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য সরকার যে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে, তাতে প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলোর স্বতন্ত্র প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া প্রয়োজন।

বক্তারা আরও বলেন, প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হলে দুর্গম ও প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সহজ হবে। একই সঙ্গে গ্রাম ও শহরের শিক্ষাবৈষম্য কমবে এবং অল্প ব্যয়ে শিক্ষার সুফল প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় বিশেষ বিবেচনায় দ্রুত জাতীয়করণের দাবি জানানো হয়। পাশাপাশি এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মচারীদের স্ব স্ব পদে আত্মীকরণের মাধ্যমে তাদের ন্যায্য মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

পরিষদ সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিষ্ঠান প্রধানরা দাবির পক্ষে বক্তব্য দেন।

বক্তারা আশা প্রকাশ করেন, প্রান্তিক জনপদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং কর্মরত শিক্ষক-কর্মচারীদের মানবিক ও আর্থিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সরকার দ্রুত এ বিষয়ে কার্যকর ও ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারের পর্যটনে নতুন সংযোজন হিসেবে চালু হলো আধুনিক রিভার ক্রুজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


কক্সবাজারের পর্যটনে নতুন সংযোজন হিসেবে চালু হলো আধুনিক রিভার ক্রুজ

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, পাহাড়, দ্বীপ এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কক্সবাজার দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। এবার এখানে নতুন একটি আকর্ষণ যুক্ত হলো—আধুনিক রিভার ক্রুজ। এই বিলাসবহুল প্রমোদতরী চালুর মাধ্যমে সমুদ্র, দ্বীপ ও উপকূলীয় সৌন্দর্য ভিন্নভাবে উপভোগের সুযোগ সৃষ্টি করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এটি কক্সবাজারের পর্যটনশিল্পে নতুন মাত্রা যোগ করবে এবং পর্যটকদের জন্য ভ্রমণের বিকল্প সুযোগ সৃষ্টি করবে।

গতকাল কক্সবাজার সদর–রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল উদ্বোধন করেন রিভার ক্রুজটির। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "বাংলাদেশের সমুদ্রসীমা, নদ-নদী ও নৌপর্যটনের সম্ভাবনা অত্যন্ত সমৃদ্ধ।" তিনি আরও উল্লেখ করেন, "বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক ও আন্তর্জাতিক মানের ক্রুজ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হিসেবে পরিচিত।" বাংলাদেশে পর্যটনশিল্পের এই সম্ভাবনাকে কাজে লাগানোর যথেষ্ট সুযোগ রয়েছে বলেও তিনি জানান।

লুৎফুর রহমান কাজল বলেন, "পর্যটকদের জন্য নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত ভ্রমণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি জাহাজের কারিগরি সক্ষমতা, নিরাপত্তাব্যবস্থা এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন ও নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করার ওপর গুরুত্ব দেন। নিরাপদ ভ্রমণের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কক্সবাজারে আধুনিক রিভার ক্রুজ চালু হওয়া স্থানীয় পর্যটনশিল্পের জন্য একটি নতুন ও গুরুত্বপূর্ণ সংযোজন। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকরা কক্সবাজারের সমুদ্র, দ্বীপ ও উপকূলীয় সৌন্দর্য নতুনভাবে উপভোগ করতে পারবেন। এটি পর্যটনকে আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্যোগের পেছনের গল্প

রিভার ক্রুজটির অপারেশন ম্যানেজার কামাল শরীফ জানান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত উদ্যোগ ও ভ্রমণের প্রতি বিশেষ আগ্রহ থেকেই এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, "দেশের বিভিন্ন স্থানে ভ্রমণের অভিজ্ঞতা থেকে আমি উপলব্ধি করেছি, বাংলাদেশে পর্যটকদের জন্য আন্তর্জাতিক মানের আধুনিক ও আকর্ষণীয় প্রমোদতরীর সুযোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।" সেই চিন্তা থেকেই জাহাজটি তৈরি ও পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

কামাল শরীফ বলেন, "দীর্ঘদিনের স্বপ্ন ও পরিকল্পনার বাস্তবায়ন হিসেবে কক্সবাজারে এই ক্রুজ চালু করা হয়েছে।" এর মাধ্যমে পর্যটকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি দেশের পর্যটনশিল্পে নতুন মাত্রা যোগ করাই তাঁদের মূল লক্ষ্য।

কক্সবাজারে স্থানীয় মানুষের সাড়া প্রসঙ্গে তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছেন তাঁরা। অনেকেই জাহাজটি ঘুরে দেখেছেন এবং উদ্যোগটির প্রশংসা করেছেন।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার' (টুয়াক / TOAC)-এর সভাপতি ও রিভার ক্রুজের পরিচালক আনোয়ার কামাল বলেন, কক্সবাজার থেকে চলাচলকারী অধিকাংশ পর্যটকবাহী জাহাজের গন্তব্য সেন্টমার্টিন। কিন্তু মহেশখালী ও সোনাদিয়ার মতো আকর্ষণীয় পর্যটন এলাকায় ভ্রমণের জন্য আধুনিক ও সৌখিন জাহাজের অভিজ্ঞতা তুলনামূলকভাবে সীমিত। তাঁদের এই উদ্যোগ সেই অভাব পূরণে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন। এ জন্য স্থানীয় জনগণ, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, ট্যুর অপারেটর এবং দেশি-বিদেশি পর্যটকদের সহযোগিতা কামনা করেন তিনি।

দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে পর্যটনশিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পক্ষ থেকে কক্সবাজারে এমন একটি রিভার ক্রুজ চালুর প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছিল। অবশেষে সেই প্রত্যাশা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকরা সমুদ্র ও উপকূলীয় সৌন্দর্যকে ভিন্নভাবে উপভোগ করার সুযোগ পাবেন।

ছয় ঘণ্টার বিশেষ ভ্রমণ প্যাকেজ

ক্রুজ পরিচালনা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছয় ঘণ্টার বিশেষ ভ্রমণ প্যাকেজ পরিচালনার পরিকল্পনা রয়েছে। যাত্রা শুরু হবে বিআইডব্লিউটিএ ঘাট থেকে। নির্ধারিত ভ্রমণপথে থাকবে কক্সবাজারের সমুদ্র উপকূল, মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মন্দির, সোনাদিয়া দ্বীপ এবং বঙ্গোপসাগরের বিস্তৃত জলরাশি। সমুদ্রের বুক থেকে কক্সবাজার শহর ও উপকূলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ শেষে একই ঘাটে ফিরে আসবেন পর্যটকরা।

এক প্যাকেজে ৭০ থেকে ৮০টির বেশি খাবার

এই ভ্রমণ প্যাকেজের অন্যতম আকর্ষণ বুফে খাবারের আয়োজন। কর্তৃপক্ষের দাবি, প্যাকেজের মূল্যের মধ্যেই ৭০ থেকে ৮০টির বেশি আইটেমের খাবার থাকছে। পর্যটকরা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের খাবার উপভোগ করতে পারবেন। দুপুরের খাবারের জন্যও নির্ধারিত সময় রাখা হবে। টিকিট মূল্য ১ হাজার ৯৯৯ টাকা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ডিনার ব্যবস্থায় জাহাজটির যাত্রী ধারণক্ষমতা ৪৬০ জন। ছয় ঘণ্টার বিশেষ ভ্রমণ প্যাকেজের টিকিট মূল্য জনপ্রতি ১ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পর্যটনশিল্পের সঙ্গে সম্পৃক্ত ট্যুর অপারেটর ও পরিচিত পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য জনপ্রতি ২০০ টাকা ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

রাতেও আয়োজনের সুযোগ

দিনের ভ্রমণের পাশাপাশি রাতেও ব্যক্তিগত, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে। জন্মদিন, গায়েহলুদ, ইফতার পার্টি, পারিবারিক মিলনমেলা কিংবা করপোরেট অনুষ্ঠানের জন্য জাহাজটি ব্যবহারের সুযোগ থাকবে। আধুনিক সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন বিনোদন ও আয়োজনের সুবিধা থাকায় এটি প্রমোদতরী, ইয়ট ও ভাসমান রেস্টুরেন্টের সমন্বিত অভিজ্ঞতা দিতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পর্যটনে নতুন সম্ভাবনা

সংশ্লিষ্টদের মতে, কক্সবাজারের পর্যটনকে শুধু সমুদ্রসৈকতকেন্দ্রিক না রেখে দ্বীপ, উপকূল, ঐতিহ্য ও নৌভ্রমণের সঙ্গে যুক্ত করা গেলে পর্যটকদের অবস্থানের সময় ও ব্যয়—দুটিই বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। আধুনিক রিভার ক্রুজ সেই সম্ভাবনাকে সামনে নিয়ে এসেছে। তবে এ উদ্যোগের দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করবে পর্যটকদের নিরাপত্তা, সেবার মান, নিয়মিত পরিচালনা, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণের ওপর। এসব বিষয় নিশ্চিত করা গেলে নতুন এই ক্রুজ কক্সবাজারের পর্যটনশিল্পে আকর্ষণীয় সংযোজন হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%