০১:২০ পি.এম
দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে। এর মধ্যে ১০টি সার্ভিস ট্রলারে করে সাড়ে চারশ স্থানীয় বাসিন্দা ও পর্যটক টেকনাফের উদ্দেশে রওনা দিয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সেন্টমার্টিন জেটিঘাট থেকে নয়টি ট্রলার যাত্রা শুরু করে। জরুরি প্রয়োজন, অসুস্থতা এবং নিজেদের উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের বিবেচনায় নিয়ে তাদের টেকনাফে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানিয়েছেন, দ্বীপে বেশ কিছু পর্যটক আটকা পড়েছেন। তবে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। জরুরি প্রয়োজনে এবং নিজেদের উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের ১০টি সার্ভিস ট্রলারে করে টেকনাফে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: মীর শাহে আলম: দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই
সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ফলে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গেল বুধবার (১৮ নভেম্বর) কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণে যান। পরে আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেছেন, ‘এখনও ৩ নম্বর সংকেত বলবৎ আছে। তবে আজ সংকেত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রোববার (২২ নভেম্বর) থেকে আবহাওয়া ভালো হতে শুরু করবে এবং সোমবার (২৩ নভেম্বর) থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে। অর্থাৎ শীত ক্রমান্বয়ে বাড়বে।’
আরও পড়ুন: কুমিল্লায় পুলিশের অভিযানে ৪৮ ঘণ্টায় ২৮৮ জন আটক, আ.লীগের ৬৪ সদস্যও অন্তর্ভুক্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন