বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫৭ এম
ভারতের উজান থেকে আসা বরফগলা তিস্তার বুক শুকিয়ে গেছে। বর্ষাকালে এটি রাক্ষুসে নদী হলেও, এখন এটি কঙ্কালসার হয়ে পড়েছে। কোটি মানুষের নির্ভরতার নদী তিস্তা এখন মরা নদীর মতো হয়ে গেছে। কয়েক যুগ আগে যে নদীর গর্জনে মানুষ ভীত হতো, সেই নদী এখন মরা গাঙে পরিণত হয়েছে। ব্যারাজের সব গেট বন্ধ থাকলেও পানি পাওয়া যাচ্ছে না। এর ফলে লাখো কৃষকের কোমর ভেঙে গেছে। জনপদে হাহাকার, বিপন্ন জীববৈচিত্র্য এবং মানুষের জীবিকা সংকটে পড়েছে।
বিগত ফ্যাসিস্ট সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, পরিকল্পনার অভাব এবং অব্যবস্থাপনার কারণে তিস্তার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। এই অবস্থায় তিস্তাপাড়ের কোটি মানুষের প্রাণের দাবি হয়ে উঠেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
এ অঞ্চলের সংকটাপন্ন নদীগুলোর মধ্যে তিস্তার পাশাপাশি রয়েছে ধরলা, গিদারি, চেনাকাটা, টেংরামারী, মরাসতী, রত্নাই, ভাটেশ্বরী, স্বর্ণামতী, সতী, সানিয়াজান, সিংগীমারী এবং কোটেশ্বর।
ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে তিস্তা এবং অন্যান্য নদী এখন মরা খালে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। ফলে সামান্য পানিতে বন্যা কৃষকের ফসল ভাসিয়ে নিয়ে যায়। আবার বর্ষার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় দুই পাড়ের মানুষ। শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার শুরু হয়; মাইলের পর মাইল চর জেগে ওঠে।
সরেজমিনে দেখা যায়, তিস্তা নদীপাড়ের মানুষের দুর্দশার করুণ চিত্র। ভারতের উজানের ঢলে থেমে থেমে বন্যা এবং কড়ালগ্রাসী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব এখানকার মানুষ। তিস্তাপাড়ের বাসিন্দাদের অভিযোগ, ভারত গজলডোবায় বাঁধ নির্মাণ করে তিস্তার পানিপ্রবাহ নিয়ন্ত্রণ করছে, যার ব্যাপক প্রভাব পড়ে আমাদের এ অঞ্চলে।
নিজেদের চাহিদা মিটিয়ে তারপরই বাংলাদেশকে পানি দেয় ভারত। বর্ষাকালে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশে বন্যা হয়। অন্যদিকে, শুষ্ক মৌসুমে চাহিদা অনুযায়ী পানি মেলে না। এভাবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। পানির ন্যায্য হিস্যার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন হলেও সুফল মেলেনি। ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশ অংশের তিস্তা মরুভূমিতে পরিণত হচ্ছে।
লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং নীলফামারীর ১২৫ কিলোমিটার অববাহিকায় জীবনযাত্রা এবং জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। দেশের অন্যতম সেচ প্রকল্প হাতীবান্ধার তিস্তা ব্যারাজ অকার্যকর হওয়ার উপক্রম হয়েছে। জেলেরা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
বর্তমানে হেঁটেই তিস্তা পার হওয়া যায়, তাই মাঝিদের আর নৌকা বাইতে হয় না। এর ফলে তারা বেকার এবং কর্মহীন হয়ে পড়েছেন। পানির অভাবে কৃষক কৃষি উৎপাদন করতে পারছেন না। নদীপাড়ের কোটি মানুষের জীবন-জীবিকা ভয়াবহ হুমকি থেকে রক্ষা করতে দ্রুত তিস্তা চুক্তি সই করার দাবি জানিয়েছেন এ অঞ্চলের কৃষক-জনতা।
শিক্ষাবিদ আনোয়ার হোসের সঙ্গে কথা হলে তিনি বলেন, "তিস্তা নিয়ে শুধু রাজনীতিই হচ্ছে। তিস্তাপাড়ের মানুষ রাজনীতির চক্রে ঘুরপাক খাচ্ছে। বাস্তবে তাদের কষ্ট লাঘবের উদ্যোগ কেউ নিচ্ছে না। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এখন আমাদের হতাশা ছাড়া আর কিছুই নেই।"
এদিকে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নতুন করে আন্তর্জাতিক মানের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পানিসম্পদ মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনে ২৩ কোটি টাকার প্রস্তাব পাঠিয়েছে। মূল প্রকল্প শুরুর আগে এর কারিগরি ও অর্থনৈতিক যৌক্তিকতা পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হবে এ সমীক্ষায়।
নির্বাচন এলে তিস্তাপাড়ের মানুষদের ঘিরে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ শুরু হওয়া অনেক পুরোনো। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবেÑএমন প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া হয় বারবার, ভোট শেষে তিস্তাপাড়ের মানুষের স্বপ্ন ভঙ্গ হয়। এভাবেই কয়েক দশক ধরে প্রতারিত হচ্ছে তিস্তাপাড়ের মানুষ। এবার অন্তত ব্যতিক্রম হবেÑএমন প্রত্যাশায় তাকিয়ে আছে বঞ্চিত মানুষগুলো।
‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, "তিস্তাপাড়ে আন্তর্জাতিক মানের সমীক্ষার জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে। দ্রুতই সমীক্ষার কাজ শুরু হবে।" তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে। ২০২৭ সালে এর আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে।"
লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তাপাড় গোবর্ধান গ্রামের কৃষক আজমল মিয়া বলেন, "তিস্তা নদীতে পানি নেই বললেই চলে। মাইলের পর মাইল শুধু ধু-ধু বালুচর। বালুর উপর দিয়ে যাতায়াতে চরম কষ্ট হয়। এ নদীর উপর নির্ভরশীল জেলেরা পৈতৃক পেশা ছেড়ে অন্য পেশা বেছে নিচ্ছেন। এসব জেলেকে বর্তমানে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।"
এ গ্রামের মাঝি জসিম মিয়া বলেন, "তিস্তায় পানি না থাকায় নৌকাঘাট বন্ধ হয়ে গেছে। লোকজন হেঁটে তিস্তা পাড়ি দিচ্ছে। নৌ-চলাচল না থাকায় মাঝিরা কর্মহীন হয়ে পড়েছেন এবং পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।"
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চরগড্ডিমারী এলাকার কৃষক শহীদার জানান, "তিস্তা নিয়ে বারবার সমীক্ষা হচ্ছে; কিন্তু কাজ শুরু হচ্ছে না। এ প্রকল্পের কাজ আদৌ শুরু হবে কি না, তা নিয়ে তার সংশয় রয়েছে।"
স্থানীয়রা বলেন, তিস্তা নদী খনন করে নির্দিষ্ট একটি চ্যানেলে পানি প্রবাহিত করা হলে উপকৃত হবে তিস্তাপাড়ের মানুষ। এতে সারা বছরই তিস্তায় পানিপ্রবাহ থাকবে। চলাচল করবে নৌকা। নদীতে পাওয়া যাবে মাছ। নদীসংলগ্ন বিপুল পরিমাণ জমি হয়ে উঠবে আবাদি।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, "কয়েক বছর ধরে তিস্তা নদীতে বছরে তিন-চার মাস পানি প্রবাহ থাকে। শীত মৌসুমে শুকিয়ে অনেকটা মরা খালে পরিণত হয়। তিস্তায় সামান্য কিছু পানি থাকলেও তা খণ্ডখণ্ড কয়েকটি চ্যানেলে প্রবাহিত হওয়ায় কোনো কাজে আসছে না। তিস্তায় নির্দিষ্ট একটি চ্যানেল করা হলে এসব পানি উপকারে আসত।"
জনগণ তিস্তা নিয়ে আর কোনো রাজনীতি আশা করে না, তারা অতিদ্রুত দৃশ্যমান কাজ দেখতে চায়। তিস্তা মহাপ্রকল্পের কাজ দেখতে মুখিয়ে আছে উত্তরের পাঁচ জেলার নদীপাড়ের মানুষ।
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ