১১:১৩ পি.এম
২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সৌদি আরবে ওমরাহ পালনে বিদেশি মুসল্লিদের মধ্যে নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি ছিল। এ তথ্য সৌদি আরবের সাধারণ পরিসংখ্যান কর্তৃপক্ষ (গ্যাস্টাট)-এর প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে মোট ৮ লাখ ৬১ হাজার ৭৪৮ জন বিদেশি মুসল্লি ওমরাহ পালন করেছেন। এর মধ্যে নারী মুসল্লির সংখ্যা ৫১ দশমিক ৪৫ শতাংশ এবং পুরুষ মুসল্লির সংখ্যা ৪৮ দশমিক ৫৫ শতাংশ।
অন্যদিকে, অভ্যন্তরীণ ও বিদেশি মিলিয়ে ওই প্রান্তিকে মোট ৪০ লাখ ৯৪ হাজার ২৯৩ জন মুসল্লি ওমরাহ পালন করেছেন। সার্বিক এই পরিসংখ্যানে পুরুষ মুসল্লির হার ৫৮ দশমিক ৩ শতাংশ এবং নারী মুসল্লির হার ৪১ দশমিক ৭ শতাংশ।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান অর্থনীতি নিয়ে তথ্য গোপন করেছে
পরিসংখ্যান বুলেটিনে আরও জানানো হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে অভ্যন্তরীণ ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল ৩২ লাখ ৩২ হাজার ৫৪৫ জন। এদের মধ্যে সৌদি নাগরিকের সংখ্যা ১৮ লাখ ৮১ হাজার ১০৩ জন (৫৮ দশমিক ২ শতাংশ) এবং সৌদি আরবে বসবাসরত প্রবাসী বা অ-সৌদি নাগরিকের সংখ্যা ১৩ লাখ ৫১ হাজার ৪৪২ জন (৪১ দশমিক ৮ শতাংশ)।
বিদেশ থেকে আসা ওমরাহ যাত্রীদের যাতায়াতের মাধ্যম বিশ্লেষণে দেখা গেছে, ৭৭ দশমিক ২ শতাংশ মুসল্লি আকাশপথে, ২২ দশমিক ৬ শতাংশ স্থলপথে এবং ০ দশমিক ২ শতাংশ নৌপথে সৌদি আরবে প্রবেশ করেছেন। এ ছাড়া, দ্বিতীয় প্রান্তিকের মধ্যে জুন মাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ওমরাহ যাত্রী সৌদি আরবে গেছেন; যার সংখ্যা ৬ লাখ ১২ হাজার ২৫৬ জন—যা ওই প্রান্তিকের মোট বিদেশি মুসল্লির ৭১ শতাংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন