১০:৫২ পি.এম
জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্লাস্টিক দূষণ রোধ এবং পরিবেশ সুরক্ষায় পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের তুরস্কের আনতালিয়ায় সম্মেলনস্থলের গ্রিন জোনে অবস্থিত ‘বাংলাদেশ জুট প্যাভিলিয়ন’ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।
বুধবার তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠক ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এই আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানকে গুরুত্বপূর্ণ এ বৈঠক আহ্বান করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি মন্তব্য করেন, বর্জ্যমুক্ত কর্মসূচিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এমিনে এরদোয়ানের নেতৃত্ব সত্যিই অনুপ্রেরণাদায়ক।
আরও পড়ুন: শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি তৈরির তদন্তের নির্দেশ
তিনি বলেন, বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-কে স্বাগত জানায় এবং সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের উদ্দেশ্য এই উদ্যোগের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
ডা. জুবাইদা রহমান জানান, বাংলাদেশ সরকারের ‘থ্রি-আর’ কৌশলের মাধ্যমে বর্জ্য কমানো (রিডিউস), পুনর্ব্যবহার (রিইউজ) এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণ (রিসাইকেল) উৎসাহিত করা হচ্ছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার মাধ্যমে বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ‘ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন’ বা এনডিসি ৩.০-এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকারের অগ্রাধিকার তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, রিসাইক্লিং, কম্পোস্টিং, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য পানির উন্নত শোধন এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বর্জ্যের নিরাপদ ও টেকসই ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে বর্জ্যের যথাযথ পৃথকীকরণ, প্রক্রিয়াজাতকরণ ও পরিবেশসম্মত অপসারণ নিশ্চিত করার কাজ চলছে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে নাশকতার অভিযোগে ৭ নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
তিনি জানান, ঢাকায় একটি বৃহৎ ‘ওয়েস্ট-টু-এনার্জি’ বা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পে প্রতিদিন তিন হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। বাংলাদেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ডা. জুবাইদা রহমান বলেন, সরকারের লক্ষ্য হলো শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর করা এবং পরিবেশ রক্ষা করা। প্লাস্টিক দূষণ কমাতে দেশের লেক, খাল, পুকুর ও অন্যান্য জলাশয় পরিচ্ছন্ন করার কাজও অব্যাহত রয়েছে।
তিনি বলেন, প্লাস্টিকের একটি প্রাকৃতিক বিকল্প বাংলাদেশের হাতে রয়েছে, যা হলো আমাদের সোনালি আঁশ পাট। বাংলাদেশ প্লাস্টিকের পরিবর্তে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে। এ প্রসঙ্গে তিনি সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের গ্রিন জোনে অবস্থিত ‘বাংলাদেশ জুট প্যাভিলিয়ন’ পরিদর্শনের আমন্ত্রণ জানান।
মিথেন নির্গমন কমানোর বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, ‘গ্লোবাল মিথেন প্লেজ’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ মিথেন নির্গমন কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে জলবায়ুবান্ধব কৃষি ও উন্নত ধান চাষ পদ্ধতিকে উৎসাহিত করা হচ্ছে। জৈব বর্জ্যকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাকা মেডিকেলে দালাল ধরতে অভিযান, ১১ জন আটক, ৭ জনের কারাদণ্ড
তবে একক প্রচেষ্টায় ‘জিরো ওয়েস্ট’ বা বর্জ্যমুক্ত বিশ্বের লক্ষ্য অর্জন সম্ভব নয় উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, এ লক্ষ্য অর্জনে প্রয়োজন সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি। একই সঙ্গে বেসরকারি খাতের জোরালো অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করাও জরুরি।
তিনি আরও বলেন, এ আন্দোলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। পরিবেশগত সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হওয়া উচিত ঘরবাড়ি, বিদ্যালয় ও সমাজ থেকে। তরুণরা আগামী দিনের নেতাই নয়, বরং আজকের দিনের সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ অংশীদার।
বক্তব্যের শেষ পর্যায়ে ডা. জুবাইদা রহমান বলেন, বর্জ্যকে কোনো ধরনের ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়। বরং বর্জ্যকে সম্পদ, শক্তির উৎস ও প্রবৃদ্ধির সুযোগে পরিণত করতে হবে। তিনি বলেন, আসুন, আমরা বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করি।
ডা. জুবাইদা রহমান উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্বব্যাপী সহযোগিতা আরও সুদৃঢ় করতে এবং সম্মিলিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে পুরোপুরি প্রস্তুত।
আরও পড়ুন: বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠিন চাপের মুখে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন