১১:০৮ পি.এম
দুইটি আলাদা বাড়ির সামনে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল এবং একটি রহস্যজনক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে দুই ব্যক্তির উদ্দেশ্যে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেয়ার কথা লেখা রয়েছে। এই ঘটনায় ওই দুই পরিবারের পাশাপাশি পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে গ্রামের বাচ্চু মালিথা (৩০) এবং মনি ডাক্তার (৪২) নামের দুই ব্যক্তির বাড়ির সামনে এসব সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। বাচ্চু মালিথা ওই গ্রামের ফকির মালিথার ছেলে এবং মনি ডাক্তার জসিম উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: ২০ হাজার টাকায় মুড়ির ব্যবসা শুরু, মাসে বিক্রি ৩ লাখ টাকা
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা পৃথকভাবে বাড়ি দুটির সামনে এসব সামগ্রী রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী এবং চিরকুট দেখতে পান।
বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালোমন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’
অন্যদিকে, মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’
আরও পড়ুন: লিবিয়ায় বাংলাদেশি যুবককে জিম্মি করে মুক্তিপণ আদায়, আটক ২
ভুক্তভোগী মনি ডাক্তার জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল এবং একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, কে বা কারা এসব রেখে গেছে, তা তিনি জানেন না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও তিনি এখনই বিস্তারিত বলতে চান না। এই ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে তিনি থানায় এসেছেন।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, ‘বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটো বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, তারা বিষয়টি শুনেছেন। তিনি বর্তমানে কুষ্টিয়ায় একটি সভায় রয়েছেন। ভুক্তভোগীদের থানায় জিডি করতে বলা হয়েছে এবং পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
আরও পড়ুন: শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি-বাল্কহেড সংঘর্ষে নিহত ১, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন