মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:৫৬ পি.এম
নোয়াখালীর বেগমগঞ্জে সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে ঘটনার আট দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন। এর আগে সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়।
নিহত নুহা জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।
গত ৯ নভেম্বর উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় কোচিং করতে গিয়ে নিখোঁজ হয় নুহা। পরে সন্ধ্যায় মাহতাপুর গ্রামের একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।
পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে মামলা করার চেষ্টা করা হলেও পুলিশ প্রথমে এটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। পরে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর জানা যায়, গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধে নুহাকে হত্যা করা হয়েছে।
নিহত শিশুটির স্বজনেরা বলেন, ঘটনার আট দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রথম দিন থেকেই তারা ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। ঘটনার দিনই থানায় হত্যা মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যুর মামলা নেয়। এখন ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন করে হত্যা মামলা দায়ের করতে বলা হয়েছে।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি বলা হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করতে ইতিমধ্যে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলতি নভেম্বর মাসে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনের জন্য দিন তারিখ নির্ধারণ করবেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা–কক্সবাজার–মাসকাট রুটে এবং মালয়েশিয়ার এয়ারএশিয়া কক্সবাজার–পেনাং রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। এছাড়া, দুবাই, ব্যাংকক, ফুকেট ও ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে আরও কয়েকটি এয়ারলাইনস। পরিকল্পনা বাস্তবায়িত হলে বিদেশি পর্যটকরা সরাসরি আকাশপথে কক্সবাজারে আসার সুযোগ পাবেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ উদ্যোগের বিষয়ে অবহিত করেছেন। গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে জানানো হয়, কক্সবাজার বিমানবন্দর দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কার্যক্রম চালুর জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের কার্যক্রম উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার লক্ষ্যে নতুন যাত্রী টার্মিনাল নির্মাণ ও রানওয়ে সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক যাত্রীদের সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য প্রয়োজনীয় অফিসের জায়গাও বরাদ্দ দেওয়া হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা জানিয়েছেন, কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের তারিখ নির্ধারণের পরই আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, নভেম্বর মাস থেকেই ঢাকা–কক্সবাজার–মাসকাট এবং মাসকাট–কক্সবাজার–ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে একটি ফ্লাইট চালুর পরিকল্পনা করা হয়েছে।
অন্যদিকে, মালয়েশিয়ার এয়ারএশিয়া কক্সবাজার–পেনাং রুটে ফ্লাইট পরিচালনায় আগ্রহী। সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইদুবাই দুবাই–ব্যাংকক–কক্সবাজার এবং কক্সবাজার–ব্যাংকক–দুবাই রুটে ফ্লাইট চালানোর আগ্রহ প্রকাশ করেছে। পরবর্তী সময়ে কক্সবাজার–ফুকেট রুটেও ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এয়ার অ্যাস্ট্রা ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে। তবে এ বিষয়ে আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সভায় আন্তর্জাতিক ফ্লাইট চালুর পর যাত্রী আকৃষ্ট করতে বিশেষ পর্যটন প্যাকেজ চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এয়ারপোর্ট অপারেটরস অ্যাসোসিয়েশন। সংগঠনটির প্রতিনিধি হোটেল ও বিমানভাড়ার সমন্বয়ে প্যাকেজ, বিশেষ ছাড় এবং বিভিন্ন সুবিধা চালুর পরামর্শ দেন। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকের পাশাপাশি এয়ারলাইনসগুলোকে কক্সবাজারমুখী করতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ লক্ষ্যে কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিভিন্ন এয়ারলাইনসকে আকৃষ্ট করতে একটি ধারণাপত্র (কনসেপ্ট পেপার) তৈরির সিদ্ধান্ত হয়েছে। এতে সম্ভাব্য পর্যটক ও যাত্রী চাহিদা, সমন্বিত পর্যটন প্যাকেজ এবং দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে প্রয়োজনীয় কৌশল তুলে ধরা হবে। আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি ও পরিকল্পনার বিস্তারিত তথ্য দ্রুত মন্ত্রণালয়ে জমা দিতে এয়ারলাইনসগুলোকে বলা হয়েছে।
কক্সবাজার সদর রামুর এমপি লুৎফুর রহমান কাজল মন্তব্য করেছেন, সরাসরি আন্তর্জাতিক আকাশ যোগাযোগ চালু হলে বিদেশি পর্যটক ও প্রবাসী বাংলাদেশিদের কক্সবাজার ভ্রমণ অনেক সহজ হবে। এতে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহনসহ পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে।
তবে এ উদ্যোগ সফল করতে নিয়মিত ফ্লাইট পরিচালনা, প্রতিযোগিতামূলক ভাড়া নির্ধারণ এবং যাত্রী চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক রুট চালু করা জরুরি। পাশাপাশি পর্যটনসেবার মান উন্নয়ন ও সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডে স্বজনপ্রীতি বা নেপোটিজম বিতর্কের প্রসঙ্গে বরাবরই আলোচনায় রয়েছেন অনন্যা পান্ডে। অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা হিসেবে ক্যারিয়ারের শুরু থেকেই তিনি এই বিতর্কের সম্মুখীন হয়েছেন। তবে বাবার পরিচয় নিয়ে নেতিবাচক কোনো ধারণা রাখতে চান না অনন্যা। বরং, বাবার মেয়ে হওয়ায় গর্বিত বলে তিনি জানিয়েছেন।
সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে স্বজনপ্রীতি বিতর্কের বিষয়ে মন্তব্য করেন অভিনেত্রী। সেখানে অনন্যা বলেন, নিজের পারিবারিক পরিচয় অস্বীকার করার কোনো কারণ তিনি দেখেন না। চাঙ্কি পান্ডের কন্যা হিসেবে পরিচিত হতে তিনি গর্ববোধ করেন। এই পরিচয়ের সঙ্গে কোনো নেতিবাচক বিষয় জুড়ে দিতে চান না।
অনন্যার কথায়, “আমি বাবার মেয়ে হতে পেরে খুব গর্বিত। চাঙ্কি পান্ডের সঙ্গে আমার পরিচয় কখনোই মুছে ফেলতে চাই না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ আমি নিজের স্বপ্নের জীবন কাটানোর সুযোগ পেয়েছি। আমি ভাগ্যবান, সুযোগ-সুবিধাপ্রাপ্ত।”
একই অনুষ্ঠানে জেনারেশন জি বা জেন জি সম্পর্কে প্রচলিত ধারণা নিয়েও আলোচনা করেন অনন্যা। তার মতে, অকারণেই এই প্রজন্মকে নেতিবাচকভাবে দেখা হয়। আসলে আগের প্রজন্মের তুলনায় জেন জির কাছে সাফল্যের সংজ্ঞা কিছুটা ভিন্ন।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আগের প্রজন্মের কাছে সাফল্য অর্জনের নির্দিষ্ট একটি পথ ছিল। কিন্তু বর্তমান প্রজন্ম নিজেদের মতো করে সাফল্যের সংজ্ঞা তৈরি করছে। অনন্যা নিজে ব্যস্ত থাকতে এবং দীর্ঘ সময় কাজ করতে পছন্দ করেন। তবে তার প্রজন্মের অন্য কেউ তুলনামূলক কম কাজ করেও সফল হতে পারেন। সেটিও তাদের নিজস্ব পথ।
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অনন্যার। সম্প্রতি তাকে দেখা গেছে ‘চাঁদ মেরা দিল’ সিনেমায়। করণ জোহরের ধার্মা প্রোডাকশনসের সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন লক্ষ্য লালওয়ানি। চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। সামনে ‘কল মি বে’ সিরিজের দ্বিতীয় মৌসুমে দেখা যাবে অনন্যাকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলার বগীনদী গ্রামে সরকারি জমি দখলের অভিযোগে বেশ কয়েকটি মুসলিম পরিবারের ঘরবাড়ি ও একটি মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে রাজস্ব বিভাগের কর্মকর্তারা। তবে, ওই এলাকায় অবস্থিত একটি হিন্দু পরিবারের বাড়ি উচ্ছেদ না করে অক্ষত রাখা হয়েছে।
কংক্রিটের ধ্বংসস্তূপের মধ্যে বাড়িটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকার দৃশ্য দেখা গেছে। আসাম সরকারের চলমান অভিযানের অংশ হিসেবে কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের উচ্ছেদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সরকারের এই দাবিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, গত পাঁচ বছরে তার সরকার ১৮ হাজার হেক্টরেরও বেশি জমি দখলমুক্ত করেছে। তিনি উল্লেখ করেন, রাজ্যের ৩ লাখ ১৬ হাজার হেক্টর বনভূমি এখনও অবৈধ দখলে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘোষণা দেন, রাজ্যের প্রতি ইঞ্চি দখলকৃত জমি উদ্ধার করতে তার সরকার ‘আপসহীন কৌশল’ গ্রহণ করবে।
শর্মা সরকারের ভাষায় ‘আসামের প্রতি ইঞ্চি দখলকৃত জমি মুক্ত করার’ এই অভিযানে গত ছয় বছরে ২০ হাজারের বেশি পরিবার এবং এক লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। উচ্ছেদ হওয়া এসব পরিবারের অধিকাংশই মুসলিম। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৬ সাল থেকে ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত উচ্ছেদ হওয়া পরিবারগুলোর মধ্যে ১০ হাজার ৬২০টিরও বেশি ছিল মুসলিম পরিবার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরের বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশগ্রহণ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক। কোমরে রশি এবং হাতে হ্যান্ডকাফ পরা অবস্থায় বাবার জানাজায় তার উপস্থিতি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। জানাজা সম্পন্ন হওয়ার পর তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
আশিকুর রহমান আশিক বকশীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। গত বৃহস্পতিবার রাতের দিকে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুক্রবার (১৩ নভেম্বর) নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরিবারের সূত্রে জানা যায়, ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে আগে থেকেই অসুস্থ অবস্থায় থাকা আশিকের বাবা, ব্যবসায়ী চিক্কু মিয়া (৬৫), আরো অসুস্থ হয়ে পড়েন। ওই দিন রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় তাকে পৌর শহরের সীমারপাড় এলাকার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। রাত ৮টার দিকে তিনি মারা যান।
বাবার মৃত্যুর পর তার জানাজায় অংশগ্রহণের জন্য আশিকের প্যারোলে মুক্তির আবেদন করে পরিবার। জেলা প্রশাসনের কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
পরে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কঠোর পুলিশি পাহারায় তাকে বকশীগঞ্জে নিয়ে আসা হয়। সীমারপাড় ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন আশিক। জানাজা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ