ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

‘জেলার ২’ আয় ৪২৪ কোটি, ৫০০ কোটির পথে


‘জেলার ২’ আয় ৪২৪ কোটি, ৫০০ কোটির পথে

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ‘জেলার ২’ বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় দেখা যাচ্ছে, এবং ছবিটির আয় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। প্রথম সপ্তাহান্তে অসাধারণ ব্যবসার ফলে মুক্তির মাত্র চার দিনের মধ্যে ছবিটি বিশ্বজুড়ে ৪২৪ কোটি রুপির বেশি আয় করেছে। বর্তমানে ৫০০ কোটি রুপির মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছে এই অ্যাকশনধর্মী সিনেমাটি।

বক্স অফিস ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, রবিবার (১৮ অক্টোবর) মুক্তির চতুর্থ দিনে ভারতে ছবিটির নেট আয় ছিল ৫৫ কোটি ৮৫ লাখ রুপি। এর ফলে প্রথম চার দিনে ভারতের বাজারে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৯৯ কোটি ৯০ লাখ রুপি। অন্যদিকে, ভারতের বাজারে মোট গ্রস আয় ২৩৪ কোটি ২৫ লাখ রুপি।

রবিবার ভারতের ১৫ হাজার ৪৭৩টি শোতে ছবিটির গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় ৬২ শতাংশ। আগের দিন শনিবার ৪৭ কোটি ২৫ লাখ রুপি আয়ের তুলনায় চতুর্থ দিনে আয় বেড়েছে প্রায় ১৮ দশমিক ২ শতাংশ। রবিবারেই ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে উপস্থিত হন ৩৬ লাখ ৮৭ হাজার ২৬৯ জন দর্শক।

আরও পড়ুন: পুরুষরা বহু বিয়ে করতে পারে, নারীরা কি তা পারেনি?

মুক্তির প্রথম দিন থেকেই ‘জেলার ২’ ভালো ব্যবসা করে আসছে। গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনে ১৬ হাজার ৫৯৯টি শো থেকে ভারতে ৫৯ কোটি ৭০ লাখ রুপি নেট আয় করে। সেদিন গড় দর্শক উপস্থিতি ছিল ৫৫ দশমিক ৪ শতাংশ।

দ্বিতীয় দিনে শুক্রবার আয় কিছুটা কমে ৩৭ কোটি ১০ লাখ রুপিতে দাঁড়ায়। ১৩ হাজার ১৫৭টি শোতে সেদিন দর্শক উপস্থিতি ছিল ৪৮ দশমিক ২ শতাংশ। তবে সপ্তাহান্তে ছবিটি আবার ঘুরে দাঁড়ায়। শনিবার ১৪ হাজার ৬০৪টি শো থেকে আয় হয় ৪৭ কোটি ২৫ লাখ রুপি। সেদিন দর্শক উপস্থিতি ছিল ৫৩ দশমিক ৯ শতাংশ। রবিবার আয় বেড়ে ৫৫ কোটি ৮৫ লাখ রুপি পৌঁছায়।

তামিল সংস্করণে সবচেয়ে বেশি আয়

ভাষাভিত্তিক আয়ের হিসাবে ছবিটির তামিল সংস্করণ এখনও এগিয়ে রয়েছে। রবিবার ৮ হাজার ১৭৩টি শো থেকে এই সংস্করণের নেট আয় হয়েছে ৩৯ কোটি ৯৫ লাখ রুপি। দর্শক উপস্থিতি ছিল প্রায় ৮০ শতাংশ।

আরও পড়ুন: ‘রামায়ণ’ পার্ট ১ মুক্তির আগেই বক্স অফিসে ৮০০ কোটি টাকার আয়

অন্যদিকে, ২ হাজার ২৩৪টি শো থেকে তেলুগু সংস্করণের আয় ৯ কোটি ৫০ লাখ রুপি। ৪ হাজার ৯০২টি শো থেকে হিন্দি সংস্করণ আয় করেছে ৫ কোটি ৭৫ লাখ রুপি। আর ১৬৪টি শো থেকে কন্নড় সংস্করণের সংগ্রহ ৬৫ লাখ রুপি।

দর্শক উপস্থিতির বিস্তারিত হিসাবেও তামিল সংস্করণের দাপট স্পষ্ট। তামিল দ্বিমাত্রিক শোগুলোতে গড় দর্শক উপস্থিতি ছিল ৮২ দশমিক ৫৮ শতাংশ। সকালের শোতে উপস্থিতি ছিল ৬৭ দশমিক ০৮ শতাংশ। দুপুর, বিকেল ও রাতের শোগুলোতে এই হার ছিল যথাক্রমে ৮৭ দশমিক ০৮, ৮৮ দশমিক ৭৭ ও ৮৭ দশমিক ৩৮ শতাংশ।

হিন্দি সংস্করণের ক্ষেত্রে সকালের শোতে দর্শক উপস্থিতি ছিল ২৮ দশমিক ৫৮ শতাংশ। দুপুরে তা বেড়ে ৪৯ দশমিক ৮৩ শতাংশ হলেও বিকেল ও রাতের শোতে উপস্থিতি ছিল যথাক্রমে ৪৭ দশমিক ৮৩ ও ৪৬ শতাংশ। তেলুগু সংস্করণেও দুপুর ও বিকেলের শোগুলোতে দর্শক উপস্থিতি তুলনামূলক বেশি ছিল।

বিদেশের বাজারেও দাপট

আরও পড়ুন: লিওনার্দো ডি ক্যাপ্রিও: তিন দশকে কতবার ভেঙেছেন নিজেকে!

ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ‘জেলার ২’ ভালো ব্যবসা করছে। স্যাকনিল্কের দেওয়া হিসাব অনুযায়ী, রবিবারেই বিদেশের বাজার থেকে ছবিটির গ্রস আয় হয়েছে প্রায় ৪০ কোটি রুপি। ফলে চার দিনে আন্তর্জাতিক বাজারে মোট গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ১৯০ কোটি রুপি।

ভারতের বাজারে ২৩৪ কোটি ২৫ লাখ রুপি এবং আন্তর্জাতিক বাজারে প্রায় ১৯০ কোটি রুপি মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৪২৪ কোটি ২৫ লাখ রুপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আল্লাহর বাড়ি পবিত্র, সেখানে অপরাধ ঠিক নয়-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


‘আল্লাহর বাড়ি পবিত্র, সেখানে অপরাধ ঠিক নয়-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর এবার সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়া ঠিক না।’

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি ব্রিফিংয়ে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন।

এ সময় হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের সঙ্গে, একটি গভীর, ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এটি নতুন উচ্চতায় পৌঁছাবে ইনশাআল্লাহ।

তবে, এই ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা আমাদের বন্ধুপ্রতিম দেশ সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছি। এখানে একটি তথ্যের ঘাটতি ছিল, এবং আমরা খতিয়ে দেখার জন্য কথাবার্তা বলছি।

দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, যে অভিযোগের ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, সেটি আমাদের জন্য হতাশাজনক। আল্লাহর ঘরের পবিত্রতা এবং মক্কা যাওয়ার উদ্দেশ্য পবিত্র হওয়া উচিত। মৃত্যুদণ্ডের যে কারণ উল্লেখ করা হয়েছে, সেটি অত্যন্ত হতাশাজনক, দুঃখজনক এবং গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, যদি অপরাধ হয়ে থাকে, তবে তার জন্য আইন রয়েছে এবং সৌদি আরবের স্থানীয় আইন সম্পর্কে জানাটা জরুরি। যারা সেখানে যায়, তারা জানে কী ধরনের অপরাধ দণ্ডনীয়। আমাদের তথ্য ও যোগাযোগের ঘাটতি রয়েছে, এ কারণে আমরা সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছি।

দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘তাদের পরিচয় গণমাধ্যমের খবরে এসেছে। বিদেশে কোনো বাংলাদেশি অপরাধে জড়ালে সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে বাংলাদেশকে অবহিত করা গুরুত্বপূর্ণ। এতে সংশ্লিষ্ট ব্যক্তিকে কনস্যুলার সেবা দেওয়ার সুযোগ থাকে।’

হুমায়ুন কবির আরও বলেন, পবিত্র স্থানে মানুষ পবিত্র উদ্দেশ্য নিয়ে যান। সেখানে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট দেশের স্থানীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি রয়েছে।

এ সময় সৌদি আরবে যাওয়া বাংলাদেশিদেরকে দেশটির আইন সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা, ব্যয় ও ভবিষ্যৎ নিয়ে তীব্র অসন্তোষ: যুবসমাজ ইউরোপজুড়ে ফুঁসে উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


শিক্ষা, ব্যয় ও ভবিষ্যৎ নিয়ে তীব্র অসন্তোষ: যুবসমাজ ইউরোপজুড়ে ফুঁসে উঠেছে

ইউরোপের বিভিন্ন অঞ্চলে তরুণ প্রজন্মের মধ্যে হতাশা ও ক্ষোভের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। শিক্ষাব্যবস্থার সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রতিরক্ষা নীতির কারণে যুবসমাজের অসন্তোষ এখন মহাদেশটির রাজনীতিতে একটি নতুন মোড় নিয়ে এসেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউরোপের তরুণরা বর্তমানে একটি বহুমুখী সংকটের সম্মুখীন, যা তাদের ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ারকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে। শিক্ষার মানহানি এবং সুযোগের অভাবের পাশাপাশি, মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর পাশাপাশি, সরকারের প্রতিরক্ষা ও ভূ-রাজনৈতিক নীতির সিদ্ধান্তগুলো তরুণ সমাজের মধ্যে আরও বেশি ক্ষোভ সৃষ্টি করছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, যদি সরকারগুলো তরুণ প্রজন্মের এই মৌলিক দাবি ও উদ্বেগগুলো দ্রুত আমলে না নেয়, তবে এই আন্দোলন আরও বড় আকার ধারণ করতে পারে এবং ইউরোপের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতায় তা বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ

নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চিনি পরিবহনে ব্যবহৃত একটি স্টিল বডির ল্যান্ডিং ক্রাফটও জব্দ করা হয়। জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সোমবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়া উপজেলার টাংকি খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। এ সময় সন্দেহজনক একটি স্টিল বডির ল্যান্ডিং ক্রাফটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত ল্যান্ডিং ক্রাফটটিও জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জব্দ করা চিনি ও ল্যান্ডিং ক্রাফটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকিজ মেডিপ্লেক্স ও কেএনএস কানাডার মধ্যে সমঝোতা স্মারক সই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


আকিজ মেডিপ্লেক্স ও কেএনএস কানাডার মধ্যে সমঝোতা স্মারক সই

দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গ-প্রতিষ্ঠান আকিজ মেডিপ্লেক্স লিমিটেড এবং কেএনএস কানাডা (বিডি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা দীর্ঘস্থায়ী লিভার রোগের আধুনিক রোগনির্ণয় ও মূল্যায়নের লক্ষ্যে পরিচালিত হয়েছে।

সম্প্রতি ১৩ অক্টোবর তারিখে রাজধানীর ঢাকার মিরপুর-১০ এলাকায় আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ফাইব্রোস্ক্যান প্রযুক্তির ওপর একটি বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কেএনএস কানাডা (বিডি)-এর পরিচালক ডা. তাসরিনা রহমান ‘ফাইব্রোস্ক্যান- দ্য প্লাটফর্ম ফর দ্য ডায়াগনোসিস অব দ্য কনসিকোয়েন্স অব ক্রোনিক লিভার ডিজিজ’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। তার উপস্থাপনায় লিভারের স্বাস্থ্য মূল্যায়ন, দীর্ঘস্থায়ী লিভার রোগের জটিলতা নির্ণয় এবং রোগ ব্যবস্থাপনায় ফাইব্রোস্ক্যান প্রযুক্তির ভূমিকা ও গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া, আধুনিক এই ডায়াগনস্টিক প্রযুক্তি কিভাবে লিভারের অবস্থা মূল্যায়নে সহায়তা করতে পারে, সে বিষয়েও আলোচনা করা হয়।

কর্মশালায় আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ এবং প্রতিষ্ঠানটির কনসালট্যান্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে আকিজ মেডিপ্লেক্স লিমিটেড ও কেএনএস কানাডা (বিডি) চিকিৎসা ক্ষেত্রে জ্ঞান বিনিময়, আধুনিক রোগনির্ণয় প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রতিষ্ঠান দুটি ভবিষ্যতেও চিকিৎসা পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার প্রসারে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%