০৫:৩১ পি.এম
পুলিশের পক্ষ থেকে মুহুর্মুহু লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের শেল উপেক্ষা করে, বিক্ষোভকারীরা সব ব্যারিকেড ভেঙে ভারতের সংসদ ভবনের মূল ফটকের কাছাকাছি পৌঁছেছেন। ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকারীরা এই অবস্থানে পৌঁছান।
সোমবার (২০ জুলাই) দেশটির সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ‘তেলাপোকাদের’ এই আকস্মিক এবং বিশাল মিছিল পূর্ণ রূপে রুখতে ব্যর্থ হয় দিল্লি পুলিশ। সেখানে আন্দোলনকারীরা সংসদের একদম কাছে চলে আসায়, নিরাপত্তার কারণে, ভবনের প্রধান ফটক তাড়াতাড়ি বন্ধ করে দিতে হয়।
আজ সংসদ ভবনের ভেতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এমন একটি স্পর্শকাতর সময়ে সিজেপির সংসদ অভিযান রুখতে আগে থেকেই দিল্লি পুলিশ সতর্ক অবস্থানে ছিল। মিছিলটি যখন সংসদ ভবনের দিকে যাচ্ছিল, পুলিশের হামলার শিকার হয় বিক্ষোভকারীরা। তাদের ওপর লাঠি ও ব্যাটন ব্যবহার করা হয় এবং উপর্যুপরি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। কিন্তু কঠোর পুলিশি পদক্ষেপ সত্ত্বেও, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সংসদের দিকে এগিয়ে যান।
আরও পড়ুন: সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার
সংঘর্ষের এক পর্যায়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ বেশ কয়েকজন শীর্ষ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। তাদের জোরপূর্বক বাসে চাপিয়ে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। সিজেপি নেতৃত্বের অভিযোগ, তাদের পুরোপুরি শান্তিপূর্ণ এবং ন্যায়সংগত আন্দোলনের বিরুদ্ধে পুলিশ অত্যন্ত দমনমূলক আচরণ করছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব রাজনৈতিক দলের সংসদ সদস্যদের প্রতি এই আন্দোলনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সিজেপি।
এর আগে সকালবেলা সিজেপির এই সংসদ অভিযান কর্মসূচিতে সশরীরে অংশগ্রহণ করেন সমাজবাদী পার্টির (এসপি) সংসদ সদস্য তথা অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। সমাজবাদী পার্টি থেকে দাবি করা হয়েছে, আন্দোলনের স্থান থেকে ডিম্পল যাদব এবং দলের অন্যান্য নেতা-কর্মীদেরও অন্যায়ভাবে আটক করেছে দিল্লি পুলিশ। মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে গড়ে ওঠা এই দলের ব্যারিকেড ভাঙার ঘটনাকে কেন্দ্র করে, সংসদ ভবনের আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন