০৫:৪৫ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিদ্যালয়ের দপ্তরি মাসুদ রানাকে (৪২) আট বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সাথে, তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এবং জরিমানার অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় চাঁপাইনবাবগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মইনুল হাসান ইউসুফ রনি একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মাসুদ রানা জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দীন শাহের ছেলে।
আরও পড়ুন: ব্যাগে ৭২ বোতল ফেনসিডিল, ফারুক হোসেনকে ৮ বছর পর যাবজ্জীবন
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ জানুয়ারি বিদ্যালয় চলাকালে সকাল ১১টার দিকে মাসুদ রানা ওই শিশুকে ফুসলিয়ে বিদ্যালয় ভবনের তৃতীয় তলার ছাদে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মাসুদ রানা তাকে ভয় দেখিয়ে পালিয়ে যান।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে শিশুটির মা ২০২৪ সালের ২৪ জুলাই শিবগঞ্জ থানায় মাসুদ রানাকে একমাত্র আসামি করে মামলা করেন। ওই বছরের ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সোহেল রানা একমাত্র আসামি মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও স্পেশাল পিপি রবিউল হক দোলন জানান, মামলায় ১১ জনের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনাল মাসুদ রানাকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আব্দুস সালাম।
আরও পড়ুন: যশোরে ৯৫ বোতল বিদেশি মদসহ দুই মাদককারবারি গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন