১২:৪৮ পি.এম
ছাতকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে যোগ দিতে এসে স্থানীয় ছাত্রদল ও জনতার হাতে আটক হয়েছে ছাত্রলীগের দুই কর্মী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
রোববার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় এ ঝটিকা মিছিলের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল বহর নিয়ে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ছাতকের বিভিন্ন পয়েন্টে অতর্কিত ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে।
আরও পড়ুন: যশোরে ১৪ মামলার সন্ত্রাসীর বাড়ি থেকে বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার
এলাকায় আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারার খবর পেয়ে আগে থেকেই সতর্ক অবস্থান নেন স্থানীয় সচেতন জনতা ও ছাত্রদল নেতাকর্মীরা।
পরে মিছিলটি উপজেলার জাতুয়া বোকারভাঙ্গা এলাকা অতিক্রম করার সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দুজনকে আটক করা হয়।
তারা হলেন— সিলেটের বিয়ানীবাজার উপজেলার আবুল খায়ের ছেলে রুমেল আহম্মেদ রুবেল (২৮) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার সবমঙ্গল গ্রামের আব্বাস আলী ছেলে সুমন আহম্মেদ (২৬)।
এ খবর পেয়ে এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানের ৬ লাখ টাকা জরিমানা
ছাতক থানার ওসি কামাল হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন