০৩:৪৭ পি.এম
॥ মুহাম্মদ আমিনুল হক ॥
সুনামগঞ্জ, ১১ নভেম্বর, ২০২৬ : সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি গ্রামের একজন পরিশ্রমী যুবক শাহ আলম (৩৮)। এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত।
মথুরকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এবং গৃহিণী হামিদা বেগমের বড় সন্তান শাহ আলম। তার পরিবারে ২ ভাই ও ৫ বোন রয়েছে। ৯ সদস্যের পরিবার নিয়ে তিনি দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেছেন।
আরও পড়ুন: দেশে সারের মজুদ ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টনে পৌঁছেছে
দারিদ্র্যের কারণে শাহ আলমের পড়াশোনার সুযোগ হয়নি। তিনি ছোটবেলা থেকেই বাবার সঙ্গে কৃষিকাজে যুক্ত ছিলেন। পরে তিনি স্থানীয় একটি করাত কলে (স’মিল) কাজ করতেন। একটি দুর্ঘটনায় তার দুই হাতের আঙ্গুল কেটে যায় এবং পরে ৬টি আঙ্গুল কেটে ফেলতে হয়। অবশিষ্ট ৪টি আঙ্গুল তামার পাত দিয়ে ঢেকে রাখা হয়।
বার্ধক্যজনিত কারণে শাহ আলমের বাবা কৃষিকাজ ছেড়ে দেন। এরপর সংসারের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেন।
শাহ আলম বাসস’কে জানান, তার হাতের আঙ্গুল না থাকায় অন্য কোনো কাজ করতে পারেননি। তাই তিনি নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন। এই চিন্তা থেকেই তিনি তার বাড়ির কাছে কয়েকজনের জমি ইজারা নিয়ে কলার চাষ শুরু করেন। বর্তমানে তিনি ৪ বছর ধরে কলার চাষ করে স্বাবলম্বী হয়েছেন। এখন তিনি একজন সফল কলা চাষী। কলা বিক্রি করে সংসারের চাহিদা মেটানোর পাশাপাশি জমিও ক্রয় করেছেন।
তিনি জানান, ৮০ বছর বয়সে তার বাবা মারা যাওয়ার পর সংসারের প্রয়োজনে বিয়ে করতে হয়। বর্তমানে তার স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে এবং মা, ভাই-বোনদের ভরণপোষণের খরচ বহন করছেন। কলা বিক্রির উপার্জনের মাধ্যমে তিনি ভাই-বোনদেরকে স্কুল-কলেজে লেখাপড়া করাচ্ছেন। তার একমাত্র আয়ের উৎস কলা চাষ।
আরও পড়ুন: গোদাগাড়ীসহ উত্তরাঞ্চলের পাট চাষিরা পাটের দাম ভালোতে আশার আলো দেখছেন
এখন তার ১০টি কলার বাগান রয়েছে। সব খরচ বাদে প্রতি মাসে ৫ হাজার টাকা আয় হয়। পরিবারের ভরণপোষণের পর বছরে তার ৫০ হাজার টাকা জমা থাকে।
তিনি জানান, কোনো প্রকার রাসায়নিক সার বা কেমিক্যাল ছাড়া শুধুমাত্র গোবর ব্যবহার করে কলা চাষ করছেন। তার বাগানের উন্নতমানের গেরা সুন্দরী কলা জেলাজুড়ে বেশ জনপ্রিয়।
শাহ আলম বলেন, প্রতিদিন তিনি ৪০-৫০ হালি গেরা সুন্দরী কলা বিক্রি করেন। পাইকারি দোকানদাররা তার বাগান থেকে প্রতিদিন কলা ক্রয় করে নিয়ে যান। পাশাপাশি মথুরকান্দি বাজারেও তার নিজস্ব দোকানে সুলভ মূল্যে কলা বিক্রি হচ্ছে। জেলা শহরেও এসে গেরা সুন্দরী কলা বিক্রি করছেন।
তার সঙ্গে আলাপকালে তিনি সাবলীলভাবে জানান, আমি ফরমালিনমুক্ত (গেরা সুন্দরী) কলা জেলা শহরের মানুষদের খাওয়ানোর জন্য নিয়ে আসি। ক্রেতাদেরকে ফরমালিনমুক্ত কলা খাওয়াতে পেরে ভালো লাগে। রাত-দিন কলা চাষের উন্নতির জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আরও পড়ুন: ডিম থেকেই শহিদুলের মাসে আয় ৯ লাখ টাকা
২০২৩ সাল থেকে তিনি প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। সরকারি সহযোগিতা পেলে তার উৎপাদিত কলা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করা সম্ভব হবে বলে জানান শাহ আলম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ওমর ফারুক বাসস’কে জানান, জেলা পর্যায়ে কলা চাষের জন্য এখন কোনো বরাদ্দ নেই। বিশ্বম্ভরপুর উপজেলায় কলা চাষের বিষয়টি তিনি জেনেছেন। চাষীরা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করলে কৃষি অফিস তাদের পরামর্শ দেবেন। এতে ফলনও ভালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন