ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হাসিনা ১০ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা করেছিলেন: চিফ প্রসিকিউটর


হাসিনা ১০ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা করেছিলেন: চিফ প্রসিকিউটর

ক্ষমতা স্থায়ী করার উদ্দেশ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ হাজার মানুষকে হত্যার (এলিমিনেট) পরিকল্পনা করেছিলেন, এমন দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি উল্লেখ করেন, এই পরিকল্পনার লক্ষ্য ছিল আগামী ৫০ বছর বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কণ্ঠস্বর বা শক্তি যেন না থাকে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুম-খুনের মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। মামলার সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরীর জবানবন্দির কিছু অংশ ট্রাইব্যুনালে পড়ে শোনান চিফ প্রসিকিউটর।

চিফ প্রসিকিউটর জানান, সাক্ষী তৌহিদুল ইসলাম তার জবানবন্দিতে উল্লেখ করেন, জিয়াউল ১৯ ডিভিশনে চলে যাওয়ার পরও তাঁদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল। এক সময় জিয়াউল ফোন করে জানায়, আগের দুটি পদোন্নতি বোর্ডে তাঁকে সুপারসিড করা হয়েছে এবং তিনি নিজে যোগাযোগ করে র‍্যাবে পোস্টিং নিচ্ছেন। তখন জিয়াউল মনে করেছিলেন, মেজর পদই তাঁর সর্বশেষ পদোন্নতি। সেই সময় জিয়াউল তাঁকে জানান, আগের রাতে নানকের মাধ্যমে তিনি গণভবনে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত ধরে প্রথমবারের মতো বিনা খরচে বিদেশে জনশক্তি রপ্তানি শুরু

জবানবন্দির উদ্ধৃতি দিয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, তৌহিদুল ইসলামের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে জিয়াউল জানান, তখন দেশের পরিস্থিতি খারাপ ছিল এবং নতুন সরকার হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আলোচনা হয়। এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আর কখনো ক্ষমতা ছাড়বে না এবং দলটি যেন ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকতে পারে, সে জন্য পরিস্থিতি তৈরি করতে হবে। এ জন্য জিয়াউলকে দেশের যেকোনো স্থানে অভিযান পরিচালনার কর্তৃত্ব দেওয়ার কথা বলা হয় এবং ১০ হাজার মানুষকে হত্যার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। জবানবন্দিতে বলা হয়, এসব মানুষকে সরিয়ে দেওয়া বা গুম করা গেলে আগামী ৫০ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো কণ্ঠ বা শক্তি থাকবে না।

চিফ প্রসিকিউটর জানান, তৌহিদুল ইসলাম তাঁর জবানবন্দিতে আরও বলেন, ওই ১০ হাজার ব্যক্তি কারা—এমন প্রশ্ন করলে জিয়াউল জানান, তাঁদের মধ্যে আনুমানিক ৬ হাজার বিএনপি, ২ হাজার জামায়াত এবং প্রায় ২ হাজার আওয়ামী লীগের লোকজনের কথা বলা হয়েছিল। এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে তৌহিদুল প্রশ্ন তুললে জিয়াউল জানান, প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তিরা বিএনপি-জামায়াত থেকে আওয়ামী লীগে আসা।

যুক্তিতর্ক শেষে চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউশন দলের পক্ষ থেকে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করে যুক্তিতর্ক সম্পন্ন করা হয়েছে। তাদের বিশ্বাস, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে। এ মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড এবং তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রার্থনা জানান তিনি।

আরও পড়ুন: চট্টগ্রামে চেক ডিজঅনারে রিজেন্ট ফেব্রিকের এমডি ও চেয়ারম্যানের এক বছরের কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুর সীমান্তে নিষিদ্ধ সংগঠনের অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


দিনাজপুর সীমান্তে নিষিদ্ধ সংগঠনের অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি

ভারত থেকে অবৈধ এবং নিষিদ্ধ সংগঠনের বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ রোধ করতে দিনাজপুর সীমান্তে বিজিবি ২৯ ব্যাটালিয়ন নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করেছে। একই সঙ্গে পুশ-ইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক পাচার প্রতিরোধের জন্য সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ-উজ-জামান।

ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, বিজিবির সদর দফতরের নির্দেশে দিনাজপুর সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ডিসেম্বর মাসের আগমনকে সামনে রেখে ২৯ বিজিবির আওতাধীন সীমান্তে নজরদারি আরও কঠোর করা হয়েছে।

তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিনরাত বিশেষ টহল এবং গোয়েন্দা কার্যক্রম চালানো হচ্ছে। রাতের সময় নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট বসানোর কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হচ্ছে। দিনে বা রাতে এলাকায় কোনো সন্দেহজনক গতিবিধি দেখা দিলে দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে।’

অন্যদিকে, অনুপ্রবেশ এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেন দেশে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে বিজিবির সঙ্গে সাহাপাড়া ও কামাড়পাড়া এলাকার বাসিন্দারাও রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন।

উল্লেখ্য, দিনাজপুর সেক্টরের অধীন দিনাজপুর ব্যাটালিয়ন, ফুলবাড়ী ব্যাটালিয়ন এবং জয়পুরহাট ব্যাটালিয়নের আওতায় ২১৮ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনও ১১ দলীয় জোট ছাড়তে পারবে না: আবু হানিফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনও ১১ দলীয় জোট ছাড়তে পারবে না: আবু হানিফ

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ মন্তব্য করেছেন যে জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনও ১১ দলীয় জোট ছাড়তে পারবে না।

তিনি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এ কথা বলেন।

ফেসবুক পোস্টে আবু হানিফ উল্লেখ করেন, জামায়াত পরিচালিত ১১ দলীয় জোট। যদিও সেখানে ২টি দল চলে গেছে, তথাপি ১১ দলীয় জোটটি এখনও বিদ্যমান। সম্প্রতি এই জোটের অংশীদার এনসিপি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। এর ফলে ১১ দলীয় জোটে মতবিরোধ সৃষ্টি হয়েছে বলে জানা যায়।

তিনি আরও বলেন, জামায়াতসহ অন্যান্য দলের বক্তব্য হলো, এনসিপি কেন জোটের অন্য দলগুলোকে বাদ দিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে? এই বিষয়টি নিয়ে জোটের মধ্যে কিছুটা অবিশ্বাস এবং সন্দেহ তৈরি হয়েছে।

আবু হানিফ উল্লেখ করেন যে, অনেকেই বলছেন এনসিপি জামায়াত জোট ছাড়তে পারে। কিন্তু বাস্তবতা হলো, এমন কিছু ঘটার সম্ভাবনা নেই। কারণ জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনও ১১ দলীয় জোট ছাড়তে পারবে না।

শেষে তিনি লেখেন, এনসিপির অবস্থান বা ভূমিকা মূলত জামায়াত দ্বারা নির্ধারিত হবে। সুতরাং জামায়াতের বাইরে এনসিপি যাওয়ার অর্থ হলো এনসিপির ভাঙন অনিবার্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, যেসব প্রতিষ্ঠানের এমপিওভুক্তি শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিলে অংশগ্রহণ করেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য একটি সুষ্ঠু পড়াশোনার পরিবেশ তৈরি করা তার দায়িত্ব। কিন্তু অনেক শিক্ষক দায়িত্ব পালন না করে, স্কুলে না গিয়ে কোচিং সেন্টারে পড়ান এবং বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করেন।

কোচিং সেন্টারে পড়ানোর বিষয়টি সরকারের নজরে রয়েছে উল্লেখ করে তিনি শিক্ষকদের নিয়মিত ক্লাস নেওয়ার জন্য মনোযোগী হওয়ার তাগিদ দেন এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

লেখাপড়ার ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি ও পরীক্ষায় নকল চলবে না বলে উল্লেখ করেন ড. এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষক নেতা তিনিই হবেন, যার সনদে ভালো ফলাফল থাকবে; নকল সনদ দিয়ে শিক্ষক নেতা হওয়া সম্ভব নয়।

শিক্ষাক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সমাজের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, নাটোর জেলা পরিষদের প্রশাসক মো. রহিম নেওয়াজ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%