০১:০০ এম
ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পরিচিত ব্যক্তি নাফিস ইস্কান্দার গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। ১২ অক্টোবর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ফিনল্যান্ডের পুলিশ সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে তাকে খুঁজে পেতে।
ফিনল্যান্ডের সংবাদমাধ্যম এমটিভি উতিসেত ও টাম্পেরে টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ৫০ বছর বয়সী নাফিস ইস্কান্দারকে সর্বশেষ ১২ অক্টোবর বিকেল ৩টার দিকে টাম্পেরে শহরে দেখা গিয়েছিল।
বাংলাদেশি কমিউনিটির সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি টাম্পেরে থেকে হেলসিঙ্কির উদ্দেশে রওনা হয়েছিলেন। তবে হ্যামেনলিন্না এলাকা অতিক্রম করার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই যাত্রাপথের বিস্তারিত তথ্য পুলিশের প্রকাশিত বিবরণ থেকে নিশ্চিত করা যায়নি।
আরও পড়ুন: অমাবস্যার অন্ধকারে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের
পুলিশের বর্ণনা অনুযায়ী, নিখোঁজ ব্যক্তির উচ্চতা প্রায় ১৫৬ সেন্টিমিটার। তার মাথায় চুল নেই এবং মুখে ঘন দাড়ি রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ক্রিম বা হালকা বাদামি রঙের হুডি এবং পিঠে একটি কালো ব্যাকপ্যাক থাকতে পারে।
তিনি একটি কালো রঙের অডি এ৭ (Audi A7) গাড়ি ব্যবহার করে থাকতে পারেন। গাড়িটির নিবন্ধন নম্বর EOH-738।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তি হেলসিঙ্কি ও হামে অঞ্চলে চলাচল করেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে তিনি বর্তমানে ফিনল্যান্ডের যেকোনো স্থানে অবস্থান করতে পারেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অপরাধ সংঘটিত হয়েছে বলে সন্দেহ করছে না পুলিশ।
এদিকে, ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের, বিশেষ করে ট্যাক্সিচালক ও খাবার সরবরাহের কাজে নিয়োজিত ব্যক্তিদের, চলাচলের সময় নিখোঁজ ব্যক্তি কিংবা তার গাড়িটি নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: নির্বাচনে ভরাডুবির পর রুবিওর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউস নাকচ করেছে
নাফিস ইস্কান্দার কিংবা তার গাড়ি সম্পর্কে কোনো তথ্য থাকলে সরাসরি পুলিশের 046 922 4651 নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো যাবে। এছাড়া [email protected] ঠিকানায় ইমেইল পাঠানো যাবে।
নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পাশাপাশি ফিনল্যান্ডে বসবাসরত সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
তথ্যসূত্র: ফিনল্যান্ড পুলিশ, এমটিভি উতিসেত, টাম্পেরে টুডে
আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলায় ৬ কোটি ৮০ লাখ টন ধ্বংসস্তূপ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন